ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পদার্থবিজ্ঞানের দুইটি ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান করা হবে: শিক্ষামন্ত্রী


এইচএসসি পদার্থবিজ্ঞানের দুইটি ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান করা হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞানের পরীক্ষায় ৬ এবং ৭ নম্বর ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান করা হবে পরীক্ষার্থীদের, এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের সময়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী সংসদ অধিবেশনে স্পষ্টভাবে বলেন, পদার্থবিজ্ঞানের ভুল দুটি প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেয়া হবে। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্থ না হয়, সেই উদ্দেশ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরপর তিনি জানান, এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ৬ এবং ৭ নম্বর প্রশ্ন ভুল ছিল। আমাদের দায়িত্ব গ্রহণের সময় হলো মাত্র চার মাস। পূর্ববর্তী কোয়েশ্চেন মডারেটরই এই প্রশ্নগুলো প্রণয়ন করেছিলেন।

স্পিকারের সামনে শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনি জানেন যে প্রশ্ন মডারেট করার প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোন নতুন প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল, তারাই এই প্রশ্ন তৈরি করেছেন। তবে, আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের (পদার্থবিজ্ঞান) ৬ এবং ৭ নম্বর প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পূর্ণ নম্বর) প্রদান করব।

তিনি আরও জানান, পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছিল। পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সকল অংশীজনের (স্টেকহোল্ডার) সাথে সারাদিন যোগাযোগ রাখা হয়। তাদের সবার মূল্যায়ন অনুযায়ী, পরীক্ষা সামগ্রিকভাবে ভালো হয়েছে।

শিক্ষামন্ত্রী জানালেন, শুধুমাত্র কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রটিতে পরীক্ষা বিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি আরও বলেন, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ার কারণে তাকে বাড়ি থেকে পোশাক এনে পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়। পরে তার পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং সে অনুযায়ী পরীক্ষার সময়ও বাড়ানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছেন এইচএসসি পরীক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছেন এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার(১৪ জুলাই) বেলা তিনটার দিকে রাজধানীর উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি ঘোষণার সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো কেবল রাজধানীর নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে উত্থাপন করা হয়েছে। চলমান প্রাকৃতিক দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে। দুপুরের দিকে নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। দুপুরের দিকে সড়ক ছাড়লেও বিকেল পৌনে চারটার দিকে ফের সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’  নামের একটি ফেসবুক পেজে প্রথমে এই আন্দোলনের প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক গ্রুপ ও পেজেও একই কর্মসূচির প্রচার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন করেছিলেন মাদকাসক্ত স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন করেছিলেন মাদকাসক্ত স্বামী

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকাসক্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধূ। অভিযোগ উঠেছে যে, ওই স্বামী স্ত্রীকে ঘরে আটক রেখে হাত-পা বেঁধে, মাথার চুল কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাতভর নির্যাতন করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।

এ ঘটনা ঘটেছে সোমবার (১৩ জুলাই) রাতে, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে।

আটক নাজমুল শেখ (২৮) ওই গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। নির্যাতনের শিকার সোনিয়া (২৫) মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। সোমবার রাতে পারিবারিক কলহের কারণে তিনি ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রী সোনিয়ার হাত-পা বেঁধে ফেলেন। তারপরে তিনি মাথার চুল কেটে দেন, মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করেন। এ অবস্থায় তাদের দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছা (৪) ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

মঙ্গলবার সকালে সোনিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ঘরের তালা ভেঙে সোনিয়া ও তার দুই সন্তানকে উদ্ধার করেন। এরপর আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্ত নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

নির্যাতনের শিকার সোনিয়া বলেন, ‘আমার স্বামী প্রায়ই নেশা করে এসে আমাকে মারধর করত। সোমবার রাতে আমার দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে চুল কেটে ফেলে, মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযুক্ত নাজমুল শেখ বলেন, ‘স্ত্রী পালিয়ে যেতে পারে-এই আশঙ্কায় আমি তার হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছি।’

গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, ‘নাজমুল একজন মাদকসেবী। তিনি প্রায়ই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করতেন।’

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানান, ‘খবর পেয়ে নির্যাতিত গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতিত্বকালে তিনি এই আহ্বান জানান।

সভা শুরুর বক্তব্যে বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রত্যেক মন্ত্রণালয় এবং সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা এবং সহায়তা পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো ধরনের দুর্নীতি ছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করতে হবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা যায়। একই সঙ্গে তিনি সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার ওপরও গুরুত্ব দেন।

সভায় বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগ তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করা হবে।

এছাড়া কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন বীজ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা এবং রোগব্যাধি প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন ক্ষতিগ্রস্ত মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি সূত্র জানায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ পাচার মামলায় রিমান্ডে হরিদাস চন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


অর্থ পাচার মামলায় রিমান্ডে হরিদাস চন্দ্র

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত হরিদাস চন্দ্র তরনীদাসকে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে। রবিবার (১২ জুলাই) রাতে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় পলাশবাড়ীর রামমন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন এ বিষয়ে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, ঢাকায় সংঘটিত হওয়া মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাংক হিসাবে প্রায় ১০ কোটি টাকা অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা নগদ লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া হুন্ডির মাধ্যমেও লেনদেনের ঘটনা ঘটেছে।

এসপি জানিয়েছেন, সিআইডি ২ জুলাই থেকে এ টাকার উৎস ও অন্যান্য তথ্য অনুসন্ধান করেছে। অনুসন্ধানের পর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সোমবার তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হরিদাস চন্দ্র। তার বাবার নাম গোপীনাথ তরনীদাস। তিনি ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকার কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর তিনি দেশে ফিরে আসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৯ সালে হরিদাস ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত থাকা অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বৈধ কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক হিসাব ও মুঠোফোনে আর্থিক সেবার হিসাবের মাধ্যমে তার ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা হয়েছে। একই সঙ্গে প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলনও করা হয়েছে, যা সিআইডি সন্দেহজনক হিসাবে গণ্য করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, হরিদাসের ব্যাংক হিসাবগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি বিপুল অর্থ জমা করেছেন, যা তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুসন্ধানের সময় বনানী থানায় তার বিরুদ্ধে একটি মামলার তথ্যও পাওয়া গেছে। ওই মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারাসহ দণ্ডবিধির ১৬৭, ১৬৮, ৪০৬ ও ৪২০ ধারার অভিযোগ আনা হয়েছে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগের সত্যতা পাওয়ার কারণে মামলাটি করা হয়েছে এবং তার সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

২০২২ সালের ৮ নভেম্বর র‍্যাবের যৌথ অভিযানে সহযোগীসহ ঢাকার বনানী থেকে গ্রেপ্তার হন হরিদাস। সে সময় তার বিরুদ্ধে মামলা না হওয়ায় তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর হরিদাস চন্দ্র মধ্যরামচন্দ্রপুর গ্রামে দুই একর জমির ওপর শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দিরের পুরোনো অবকাঠামোর পরিবর্তে আধুনিকায়নের কাজ শুরু করেন। সেখানে ২৮ ফুট উচ্চতার শিবমূর্তি ও ৫৩ ফুট উচ্চতার কৃষ্ণমূর্তি নির্মাণ করা হয়। ২০২৫ সালের ২৬ অক্টোবর মন্দিরটির কৃষ্ণমূর্তি উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। ৮১ ফুট উচ্চতার রামের মূর্তি নির্মাণাধীন রয়েছে।

এছাড়া ২০১৯ সালে ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া এলাকায় প্রায় এক বিঘা জমি কিনে সেখানে রিসোর্ট করার তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি হরিদাস চন্দ্রের আয়ের উৎস খুঁজে বের করা ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গাইবান্ধায় সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%