বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার রুপালি পর্দায় উপস্থাপন করা হবে। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বড় বাজেটের এই জীবনীভিত্তিক সিনেমাটি একাধিক ভারতীয় ভাষায় নির্মিত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন।
এ সময় এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।
দক্ষিণী সিনেমার নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, "এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার গানের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।"
এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।"
সিনেমাটির মহরৎ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রশংসা করেন কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা উল্লেখ করে তিনি রাশমিকার এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।
রসিকতা করে কমল হাসন বলেন, "আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।"
তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির নাম ও প্রথম ঝলক খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরে ট্রেনে উঠতে দৌড়ানোর সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে মৃত্যু ঘটেছে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মালেক সরিষাবাড়ি উপজেলার বয়রা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসায়ী হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নির্ধারিত সময় দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় আব্দুল মালেক ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পড়ে আব্দুল মালেকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেতা সাইদুর রহমান পাভেলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন আলোচনা ও মন্তব্যের মধ্যে, পাভেল এবার বিষয়টি সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন।
পাভেল জানিয়েছেন, ভিডিওতে উপস্থিত নারী তার বান্ধবী। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে যে আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন।
অভিনেতা বলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী এবং তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক বিদ্যমান। তিনি এও জানান, তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে পাভেল নিজেকে পরিষ্কার করে বলেন, ভিডিওতে থাকা নারীকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেগুলো সঠিক নয়।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পাভেল দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। তিনি বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করে তিনি আলোচনায় এসেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিওনেল মেসি তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক অর্জন করলেন। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করার ম্যাচে তিনি দলের জন্য আরেকটি শিরোপা জিতিয়ে দিলেন। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস কাপের শিরোপা নিজেদের করে নিল ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির জয়ের নায়ক ছিলেন মেসি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে আর্জেন্টাইন তারকা দলকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে তিনি মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসির গোলের পর নির্ধারিত সময়ের শেষ দিকে কাসেমিরো হেডে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের অধীনে এটি ছিল তার প্রথম ম্যাচ। অভিষেকেই কোচকে শিরোপা উপহার দিলেন মেসিরা।
ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোল করেছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছাতে এর চেয়ে কম ম্যাচ তার ক্যারিয়ারে আর লাগেনি। বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচ এবং আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচ খেলে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ইতিহাসে নতুন নতুন অধ্যায় রচনা করে চলেছেন মেসি। মায়ামির হয়ে তার ১০০ গোলের মধ্যে ৭৬টি এসেছে এমএলএসে, ১৪টি লিগস কাপে, ৮টি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপে।
নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৯।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের সার্বিক উন্নয়নে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ।
জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তার দপ্তরে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ এবং এ খাতের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বৈঠকে জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায়। আন্তর্জাতিক মানসম্পন্ন এসব নৌযান দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
চীনা প্রতিষ্ঠানটির এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।
একইসঙ্গে তিনি আশ্বাস দেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানির উদ্যোগ সফল করতে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের আশা, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে জাহাজ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ