রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৮ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি ক্যারিয়ার হাবের অফিস স্থাপন এবং পরিচালনার পরিকল্পনা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমঝোতা স্মারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাকের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যারিয়ার হাবের মাধ্যমে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হবে। সংশ্লিষ্টদের মতে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়া ইবির সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রশাসন গঠিত কমিটির আহ্বায়ক কাজী মোস্তফা আরিফসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো. আলিউল আজীম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে.এম সাইফুল ইসলাম, ক্যারিয়ার হাবের খুলনা শাখার ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান এবং খুলনা হাবের অ্যাক্টিভেশন অ্যান্ড এনরোলমেন্ট ইউনিটের সাজ্জাদুল ইসলাম।
ব্র্যাকের ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে.এম সাইফুল ইসলাম মন্তব্য করেন, দেশে বিপুলসংখ্যক তরুণের মধ্যে বেকারত্বের হার উল্লেখযোগ্য। বিশেষ করে উচ্চশিক্ষিত ও গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপযোগী করে তুলতে ব্র্যাক ২০২০ সাল থেকে ‘ক্যারিয়ার হাব’ কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, বর্তমানে সাতটি সেন্টারের আওতায় ৭১ হাজারের বেশি তরুণকে সংযুক্ত করা হয়েছে। প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে কাউন্সেলিং দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪০০ জনের বেশি তরুণকে সরাসরি বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে।
জে.এম সাইফুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ কার্যক্রমে ক্যারিয়ার সচেতনতা তৈরি, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট, নিয়মিত কাউন্সেলিং, সিভি পর্যালোচনা, মক ইন্টারভিউ ও করপোরেট এক্সপোজারের সুযোগ রয়েছে। ‘ক্যারিয়ার এক্সপো’র মাধ্যমে অন-স্পট ইন্টারভিউ ও চাকরির সুযোগ দেওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহী এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে অন-স্পট নিয়োগ, ফেলোশিপ, গবেষণা অনুদান ও গ্লোবাল সিটিজেনশিপ উদ্যোগের মাধ্যমে তরুণদের দায়িত্বশীল নাগরিক এবং আধুনিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক চুক্তি ও সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে। উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক সংযোগ জোরদারের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করছে।
তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ প্রদানের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দক্ষ, পেশাদার এবং কর্মসংস্থান উপযোগী মানবসম্পদে পরিণত করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য। উচ্চশিক্ষিত বেকারত্ব মোকাবিলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর কৌশল গ্রহণ করা প্রয়োজন। ভবিষ্যতে বেকারত্ব বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনাও প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে এক ঘণ্টা আটক থাকার পর আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ মুক্তি দিয়েছে বলে জানা গেছে।
তথ্য অনুযায়ী, যুবলীগ পরিচয়ে তাকে আটক করা হয়, কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতা এসে দাবি করেন যে তিনি দলের কর্মী। তাদের হস্তক্ষেপের ফলে আবু বক্করকে মুক্তি দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ধামরাই পৌর কমিটির অন্তত দুইজন নেতা জানান, আবু বক্কর সিদ্দিক ওরফে আবু ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট, তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের সময় পর্যন্ত তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
আটকের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি আবু বক্করকে নিজেদের কর্মী দাবি করেন। উল্লেখ্য, আবু বক্কর ও সাব্বির হোসেন দুজনই ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকর্মী ছিলেন।
আবু বক্করকে আটক করার সময় একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, যুবলীগের সম্পৃক্ততায় আবু বক্করকে আটক করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। পরে তাকে ধামরাই থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা সেখানে আটক রাখা হয়। খবর পেয়ে সাব্বির হোসেন জনি ধামরাই থানায় আসেন এবং আবু বক্করকে বিজেপির কর্মী দাবি করে একটি কমিটির তালিকা দেখান।
ওই কমিটির তালিকার একটি প্যাডের ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে। তালিকায় ২১ সদস্যের নাম রয়েছে, যেখানে ৬ নম্বর ক্রমিকে মো. আবু নাম যুগ্ম আহ্বায়ক পদে উল্লেখ রয়েছে। প্যাডের ওপরে তারিখ দেওয়া হয়েছে ৪ আগস্ট ২০২৩। নিচে স্বাক্ষর রয়েছে ঢাকা জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। তবে স্বাক্ষরের সঙ্গে কোনো তারিখ নেই।
যদিও আবু বক্কর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক পদে থাকার কথা বললেও, তিনি প্রথমে জানান যে তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর তিনি জানতে চান, কোন পদে রয়েছেন।
আটকের বিষয়ে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক বলেন, "ওসি ডাকছিল। পরে কিছুক্ষণ পরই চলে আসছি। আটক করে নাই।" পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কখনো ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না না, বিজেপি আমি। প্রায় ৫-৭ বছর ধরে বিজেপি করি।"
গেল নির্বাচনের সময় নৌকার প্রচারের সঙ্গে তাকে সম্পৃক্ত করে একটি ছবি দেখা গেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে তো কত জায়গায় কত ছবি উঠাইছি।" বর্তমানে বিজেপির স্থানীয় কমিটিতে তার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক জানান, তিনি সহসভাপতি পদে আছেন। ওই কমিটি ২০২৩ সালে অনুমোদিত হয়েছিল বলেও তিনি জানান।
তবে কমিটিতে কোনো সহসভাপতি পদ নেই জানালে, পরবর্তীতে তিনি এই প্রতিবেদকের কাছে জানতে চান, "সহ সেক্রেটারি, তাই না?" বিজেপির কমিটি কতদিন হলো, জানতে চাইলে তিনি বলেন, "২৩ সালে বোধহয় কমিটি হয়েছে।" বর্তমান কমিটিতে তার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আছে, একটা প্রক্রিয়া চলছে।"
আবু বক্কর সিদ্দিককে আটক করা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, "আবু নামে কাউকে আমি আটক করিনি। আবু বক্কর সিদ্দিক নামে একজনকে একটি তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি চলে গেছেন। তাকে এখানে আটক করা হয়নি।"
আবু বক্কর সিদ্দিককে যুবলীগের পরিচয়ে আটক করা হয়েছিল এবং পরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, এমন তথ্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, জানতে চাইলে এনামুল হক বলেন, "উনি যুবলীগ করেন কিনা, এ ধরনের বিষয় নিয়ে পরে কথা বলবো।" এরপর তিনি বিস্তারিত না বলে পরে কথা বলবেন বলে জানান। তিনি বলেন, "আপনি আমার স্যারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।"
আবু বক্কর সিদ্দিককে আটকের বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি বলেন, "উনি যে কমিটি আছে ২০২৩ সাল থেকে তিনি সেই কমিটির তালিকা দেখাতে পারেননি। আর নতুন কিছু কর্মকর্তা বিষয়টি জানতেন না। পরে যাচাই করে দেখা যায়, তার কমিটির বিষয়টি ঠিক আছে।"
আবু বক্কর সিদ্দিক আগে যুবলীগ করতেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুবলীগ করত, হয়ত। আমার সঙ্গে যোগ দিয়েছে ২০২৩ সালে।" যদিও আবু বক্কর সিদ্দিক ৫-৭ বছর ধরে বিজেপি করছেন বলে দাবি করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির হোসেন জনি বলেন, "২০২৩ সালে কমিটি হয়েছে। কমিটি পেয়েছি ২৩ সালের মাঝামাঝি।"
আবু বক্কর সিদ্দিক বিজেপিতে যুক্ত হওয়ার পরও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন কিনা, ২০২৪ সালের নির্বাচনি প্রচারে নৌকার পক্ষে প্রচার চালানোর একটি ছবি প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির হোসেন জনি বলেন, "বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন।" পরে তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বিস্তারিত বলতে চান না। তবে বিভিন্ন কর্মসূচিতে আবু বক্কর সিদ্দিকের উপস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আবু বক্কর সিদ্দিককে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে এবং তিনি বিভিন্ন জায়গায় সভা করেছেন। পার্থ ভাইর সঙ্গেও ছবি আছে। এখনও অ্যাকটিভ আছে। পার্থ ভাই ভালোমতো চিনে।"
সাব্বির হোসেন জনি আরও বলেন, "একজন কোথায় কী করল, সবই তো আমি জানি না। স্থানীয় নির্বাচনগুলো এককভাবে করতে পারে।"
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, "একটা ভুল তথ্য ছিল। পরে যাচাই-বাছাই করে দেখা গেছে, যে জন্য আনা হয়েছে, তথ্য মেলে না। পরে ছেড়ে দেওয়া হয়েছে। এসআই এনামুল বলছে, এমন একটা তথ্য ছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির নেতাদের ভাষ্যমতে, তিনি ৩-৪ বছর ধরে তাদের সঙ্গে জড়িত। কমিটি ২৩ সালে হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
লোকবল নিয়োগ: ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা হিসেবে ইনভেন্টরি বা মজুদ পণ্য গণনা, আপ-সেল ও ক্রস-সেলে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: আউটলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
কর্মস্থল হিসেবে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর নির্ধারিত করা হয়েছে।
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। অপর একজনের সম্পৃক্ততা নিয়ে আরও তদন্ত চলছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকার নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯), সালমানপুর এলাকার মমিন হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), সদর উপজেলার হাতিগাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫) এবং সদর দক্ষিণের এলাহিপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতীমকে নির্জন জঙ্গলের দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, তুহিন মূলত অপ্রতিমের মায়ের আইফোনের দিকে নজর ছিল। তদন্তে প্রমাণিত হয়েছে যে, ওই ফোন নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল মোজাম্মেল হোসেন ফাহাদ ও তার বন্ধু কামরুল হাসান। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে গ্রেপ্তার করা হয়। পরে ফাহাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কামরুল হাসানও হত্যাকাণ্ডে জড়িত বলে জানা যায় এবং তাকেও গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গ্রেপ্তারকৃত সিয়ামের সম্পৃক্ততার বিষয়টি এখনও যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায়, মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডে এই ঘটনা ঘটে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার সাবেক ড্রাইভার ফোন করে তাকে জানায় যে, পরিস্থান বাসটিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান যে, তার বাসটি পুড়ে গেছে।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে পার্কিং অবস্থায় পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত করা হচ্ছে।
একইদিন মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরিত হয়। আর হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে দুপুর সোয়া ১টার দিকে।
এর আগে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার পরে রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়, যাতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
ককটেল বিস্ফোরণের এসব ঘটনার পাশাপাশি শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা এবং দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়া, গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এদিকে, ঢাকায় দুইদিন ধরে চলমান এই ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে। ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে এসব নাশকতা চালানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ