মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৬:০৩ পি.এম
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যদের অমতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ফলে নবদম্পতির মৃত্যু ঘটেছে। নববধূ তানিশা বেগম সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মারা যান। পরবর্তী দিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী মো. আলামিনের মৃত্যু হয়।
মৃত আলামিন সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজমোড় এলাকার আজাদুল ইসলামের পুত্র। তার স্ত্রী তানিশা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্রে আলামিন ও তানিশার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর, তারা ১২ অক্টোবর পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন।
তবে, আলামিন অবিবাহিত থাকলেও তানিশার পূর্বে বিয়ে হয়েছিল এবং তার একটি দুই বছর বয়সী সন্তান রয়েছে। এই কারণে দুই পরিবারের কেউই তাদের বিয়েতে সম্মতি দেয়নি। পারিবারিক অসম্মতি এবং স্বজনদের অসন্তোষের কারণে, একপর্যায়ে সোমবার বিকেলে তারা দুজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরুল হুদা জানান, প্রেমঘটিত কারণে দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে।
সোমবার (১২ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা এটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্র জানায়, অজগরটি সন্ধ্যা জুয়েলার্স নামক দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ওই বাজারের পাশে একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায়ই অজগরটি সেখান থেকে বাজারে চলে আসে। দোকানিরা কৌশলে অজগরটিকে নিচে নামিয়ে আনেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
কাপ্তাই বন বিভাগের রেঞ্জের মামুনুর রশিদ জানান, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। সেটিকে আজ স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাজারের পাশে সংরক্ষিত বন থাকায় অজগরটি সেখানে থেকে চলে এসেছে। এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও আগের অজগরগুলো ছোট ছিল। এ বারই প্রথম ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। পবিত্র কোরআনে নামাজ আদায়ের বিষয়ে ৮২ বার উল্লেখ করা হয়েছে। তাই প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা ফরজ। তবে পাঁচ ওয়াক্ত নামাজের আগমন কিভাবে হলো, তা জানা প্রয়োজন।
নামাজের ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য ফরজ বা অবশ্য কর্তব্য। (সুরা নিসা, আয়াত: ১০৩)
মহান আল্লাহ আরও বলেন, "আর যারা তাদের নামাজে যত্নবান, তারাই জান্নাতের ওয়ারিশ, যারা ফেরদাউসের ওয়ারিশ হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে।" (সুরা মুমিনুন, আয়াত ৯-১১)।
নামাজের আগমনের ইতিহাস বুখারি শরিফে বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবি হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, তিনি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনেন যে, ‘তিনি বলেছেন, আমি মক্কায় অবস্থানকালে আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো।
এরপর জিবরাইল (আ.) এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। তিনি এটি জমজমের পানি দিয়ে ধুলেন। তারপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে এসে আমার বুকের মধ্যে ঢেলে দিলেন এবং বন্ধ করে দিলেন। এরপর তিনি হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে গেলেন।
প্রখ্যাত সাহাবি আনাস (রা.) বলেন, আবু জর (রা.) উল্লেখ করেন যে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলোতে আদম (আ.), ইদ্রিস (আ.), মুসা (আ.), ঈসা (আ.) ও ইব্রাহিম (আ.)-এর সাক্ষাৎ পান। তবে আবু জর (রা.) সেসব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তিনি শুধু এটুকু বলেছেন যে, তিনি আদম (আ.)-কে দুনিয়ার আকাশে ও ইব্রাহিম (আ.)-কে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন।
পরে যখন দুনিয়ার আকাশে এলাম, জিবরাইল (আ.) আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক প্রশ্ন করলেন, আপনি কে? জিবরাইল (আ.) বললেন, আমি জিবরাইল (আ.)। (আকাশের রক্ষক) বললেন, আপনার সঙ্গে কি কেউ রয়েছেন? জিবরাইল (আ.) বললেন, হ্যাঁ, মুহাম্মদ (সা.) রয়েছেন। রক্ষক তখন বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল (আ.) বললেন, হ্যাঁ।
এরপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমান খুলে দেওয়া হলো এবং আমরা সেখানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে একজন বসে আছেন, যার ডানে এবং বায়ে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে। তিনি ডানদিকে তাকালে হাসছেন, আর বাঁয়ে তাকালে কাঁদছেন। তিনি বললেন, "স্বাগত, হে সৎ নবী ও সৎ সন্তান।" আমি জিবরাইল (আ.) কে প্রশ্ন করলাম, এই ব্যক্তিটি কে? তিনি জবাব দিলেন, ইনি আদম (আ.)। তার ডানে-বাঁয়ে রয়েছে তার সন্তানদের রুহ। ডান দিকের লোকেরা জান্নাতি, বাঁ দিকের লোকেরা জাহান্নামি। তাই ডানে তাকালে তিনি হাসছেন, বাঁয়ে তাকালে কাঁদছেন।
এরপর জিবরাইল (আ.) আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। এরপর রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো।
আনাস (রা.) বলেন, জিবরাইল (আ.) যখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস (আ.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস (আ.) বলেন, "বাহ্, ও ভাই, ও পুণ্যবান নবী।" আমি (রসুলুল্লাহ) বললাম, তিনি কে? জিবরাইল (আ.) বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস (আ.)।
এরপর আমি মুসা (আ.)-এর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলেন, "বাহ্, হে সৎ নবী ও পুণ্যবান ভাই।" আমি বললাম, ইনি কে? জিবরাইল (আ.) বললেন, ইনি মুসা (আ.)।
অতঃপর আমি ঈসা (আ.)-কে অতিক্রম করার সময় তিনি বললেন, "বাহ্, হে সৎ নবী ও পুণ্যবান ভাই।" আমি প্রশ্ন করলাম, তিনি কে? জিবরাইল (আ.) বললেন, তিনি ঈসা (আ.)। তারপর আমি ইব্রাহিম (আ.)-কে পেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, "বাহ্, হে পুণ্যবান নবী ও পুণ্যবান সন্তান।" আমি বললাম, ইনি কে? জিবরাইল (আ.) বললেন, ইনি ইব্রাহিম (আ)।
ইবনে শিহাব বলেন, ইবনে হাজম (রহ.) আমাকে বলেছেন যে, ইবনে আব্বাস ও আবু হাব্বা আল-আনসারী উভয়েই বলতেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমাকে আরও ওপরে নিয়ে যাওয়া হলো। এমন একটি সমতল স্থানে নেয়া হলো যেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম।
ইবনে হাজম ও আনাস ইবনে মালিক (রা.) বলেছেন যে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ আমার উম্মতের ওপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমি সেটি নিয়ে ফিরে আসি। মুসা (আ.)-কে পার হওয়ার সময় তিনি বললেন, আল্লাহ আপনার উম্মতের ওপর কী ফরজ করেছেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান, আপনার উম্মত তো এতটা পালন করতে পারবে না। আমি তখন ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছুটা কমিয়ে দিলেন। আমি মুসা (আ.)-কে পার হওয়ার সময় বললাম, কিছুটা অংশ (আল্লাহ) কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান। কারণ আপনার উম্মত এটুকুও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো।
আবারও মুসা (আ.)-এর কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার আপনার প্রতিপালকের কাছে যান। কারণ আপনার উম্মত এও আদায় করতে পারবে না। তখন আমি আবার গেলাম। তখন আল্লাহ বললেন, ‘এই পাঁচটিই (পুণ্যের হিসেবে) ৫০ (বলে গণ্য হবে)। আমার কথার কোনো রদবদল হয় না।’ আমি আবার মুসা (আ.)-এর কাছে গেলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান। আমি বললাম, আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তখন জিবরাইল (আ.) আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সে সময় সেটি নানা রঙে রঞ্জিত ছিল। আমি এর তাৎপর্য সম্পর্কে অবগত ছিলাম না।
মহান আল্লাহ এইভাবে মিরাজের রাতে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ৫০ ওয়াক্ত থেকে কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত করে উম্মতের জন্য উপহারস্বরূপ দান করেছেন। মানুষের জন্য প্রতি দিন এ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অত্যাবশ্যক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহনের পেছনে দেখা যায় নানা স্লোগান, উপদেশ এবং মজার কথা। কিছু যানবাহনে লেখা থাকে ‘মায়ের দোয়া’, আবার কোথাও দেখা যায় ‘ধাক্কা দিবেন না, আমি ছোট আমাকে মারবেন না’। কিছু গাড়িতে লেখা থাকে ‘হর্ন দিন, সাইড নিন’ অথবা ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’। তবে ট্রাকের পেছনে সবচেয়ে বেশি দেখা যায় ‘Horn Ok Please’ কথাটি।
প্রায় সকল ধরনের ট্রাকের পেছনে এই লেখাটি দেখা গেলেও, এর পেছনের কারণ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। বিশেষ করে ‘Horn Please’ না লিখে মাঝখানে ‘OK’ শব্দটি কেন ব্যবহৃত হয়, সে বিষয়ে রয়েছে কৌতূহল।
সাধারণভাবে ‘Horn Please’ কথাটির অর্থ হলো, ট্রাককে ওভারটেক করার আগে পেছনের চালক যেন হর্ন দিয়ে নিজের উপস্থিতি জানান দেন। কিন্তু এর সঙ্গে ‘OK’ শব্দটি যুক্ত হওয়ার কারণ কী?
এ বিষয়ে একটি প্রচলিত ব্যাখ্যায় বলা হয়, ‘OK’ শব্দটি এসেছে ‘On Kerosene’ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানির সংকট দেখা দিলে কিছু যানবাহনে ডিজেলের বিকল্প হিসেবে কেরোসিন ব্যবহারের প্রচলন ছিল বলে দাবি করা হয়। কেরোসিনের দাহ্য বৈশিষ্ট্যের কারণে পেছনের যানবাহনকে সতর্ক করতেই ট্রাকের গায়ে ‘OK’ লেখা হতো—এমন ধারণা প্রচলিত রয়েছে।
তবে ‘Horn Ok Please’ লেখাটির উৎপত্তি নিয়ে এই ব্যাখ্যার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ স্পষ্ট নয়। তাই ‘OK’ শব্দটি যে নিশ্চিতভাবেই ‘On Kerosene’-এর সংক্ষিপ্ত রূপ, তা নিশ্চিত করে বলা যায় না।
বর্তমানে ট্রাকের পেছনে ‘Horn Ok Please’ লেখাটি মূলত একটি পরিচিত সড়ক-সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এর মাধ্যমে পেছনের চালককে হর্ন দিয়ে নিজের উপস্থিতি জানানোর বার্তা দেওয়া হয়।
শুধু এই লেখাই নয়, ট্রাকের পেছনে চালক ও মালিকদের পছন্দ অনুযায়ী নানা ধরনের বার্তা দেখা যায়। কোথাও লেখা থাকে জীবনমুখী কবিতা বা গানের লাইন, কোথাও থাকে প্রেমিক-প্রেমিকার উদ্দেশে ভালোবাসার কথা। আবার কোনো ট্রাকে দেখা যায় ধর্মীয় বাণী কিংবা সতর্কতামূলক উপদেশ।
এসব লেখা একদিকে যেমন চালক ও মালিকদের ব্যক্তিগত পছন্দের প্রকাশ, অন্যদিকে তেমনি সড়কের চেনা দৃশ্যেরও একটি অংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ, যেখানে সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ অংশগ্রহণ করবেন। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহাসমাবেশ সফলভাবে আয়োজনের উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের ৬৪ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকরা (ডিডিএলজি) উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে উল্লেখ করেন, "ইতিহাসে এই প্রথম সরকারি উদ্যোগে সারা দেশের প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশের সম্মান জানাতে এবং তাদের কথা সরাসরি শুনতে এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।" তিনি জানান, গ্রাম পুলিশরা পূর্বে নিজস্ব অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করলেও এবার প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলের আইনশৃঙ্খলা রক্ষাকর্মীদের মতামত ও দাবিদাওয়া শুনতে চান।
তিনি আরও যোগ করেন, গ্রাম পুলিশ একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা যা আইনি কাঠামোর অধীনে রয়েছে। তাদের বেতন-ভাতা বৃদ্ধি, সুযোগ-সুবিধা বাড়ানো এবং আইনি ক্ষমতা জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ের উপপরিচালকদের (ডিডিএলজি) আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রস্তাবনা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে সমাবেশে তা ঘোষণা করা হতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র হস্তক্ষেপ করা হবে না।" তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ও স্থানীয় সরকার বিভাগ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, মাঠপর্যায়ে নিয়োজিত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এর আগে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। তিনি বলেন, "দীর্ঘদিন পর দেশের মানুষ যেন গ্রামে গ্রামে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে সরকার।" প্রতিমন্ত্রী জানান, এই নির্বাচন ঘিরে কোনো ধরনের অনিয়ম বা কলঙ্কের দায় সরকার নেবে না।
অন্যদিকে, দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিরোধ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি। এই লক্ষ্যে আগামীকাল থেকে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ম্যাসিভ পরিসরে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং মশার প্রজননস্থল ধ্বংসের সমন্বিত অভিযান শুরু হচ্ছে।
তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মসূচিতে গতি আনতে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার উপজেলা ও পৌরসভা পর্যায়ে বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ