ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস


দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: আগামী চার দিন আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী পাঁচ দিনেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: উপকূলীয় খুলনা, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আশঙ্কা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দাবিতে রুয়েটের হলে লিফট চালু করতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


শিক্ষার্থীদের দাবিতে রুয়েটের হলে লিফট চালু করতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত ছাত্র হল-১ এর বহুতল ভবনে লিফট চালু করার জন্য শিক্ষার্থীদের দাবির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি উপস্থিত থেকে লিফটের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

কাজ পরিদর্শন কালে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নির্ধারিত তারিখে লিফট চালু না হওয়ার কারণ জানতে প্রশ্নের সম্মুখীন হন। ঠিকাদার ও লিফট সংযোগকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের কাজ সম্পন্ন করতে বিলম্ব হওয়া এবং বারবার নির্ধারিত সময় অতিক্রম হওয়ার কারণ দর্শাতে বলা হয়। প্রকৌশলীরা তাদের গাফিলতি ও প্রশাসনকে যথাযথ অবহিত না করার বিষয়টি স্বীকার করেন।

এদিকে, লিফট চালুর প্রসঙ্গে প্রশাসন একাধিকবার সময় নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সর্বশেষ ১০ অক্টোবর লিফট হস্তান্তরের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। পরে আগামী ১৬ অক্টোবর সকালে এটি চালু করা হবে বলে জানান তারা।

সরেজমিনে পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানান, “লিফট সংযোগকারী প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা যথাসময়ে কাজ সম্পন্ন করেনি। বিভিন্ন সময়ে কালক্ষেপণ করেছে, যার ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, যেন দ্রুত লিফট চালু করে। এর মাঝে ১০ অক্টোবরের চালুর কথা থাকলেও তারা ব্যর্থ হয়েছে। এ কারণে আজ সরাসরি কাজের অগ্রগতি দেখে তাদের আবারও নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ অক্টোবর সকালে লিফট চালু করে দিবে বলে তারা জানিয়েছে। আমরা আশা করছি, এবার নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত হবে।”

উল্লেখ্য, ঠিকাদার প্রতিষ্ঠানের বারবার গাফিলতিতে লিফট স্থাপনের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলেছে। এমনকি কাজ এর মাঝে বন্ধও ছিল বলে জানা যায়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লিফট চালু করা সম্ভব হয়নি। এ অবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে প্রশাসনের সরাসরি উপস্থিতি ও অগ্রগতি তদারকি শিক্ষার্থীদের কাছে একটি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গত ৩ অক্টোবর দ্রুত লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করেন ছাত্র হল-১ এর আবাসিক শিক্ষার্থীরা। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর আবাসিক এ হলটিতে দীর্ঘদিন ধরে লিফট চালুর দাবি জানানো হলেও কার্যকর সমাধান না আসায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত লিফট চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নবনির্মিত ১০ তলা ভবনটিতে বসবাস শুরু করার পর থেকে ক্লাস, ল্যাব, পরীক্ষা ও ডাইনিংয়ে যাতায়াতের জন্য প্রতিদিন একাধিকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে। এতে বিশেষ করে ওপরের তলাগুলোর শিক্ষার্থীদের শারীরিক ভোগান্তি বেড়েছে। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত নিচে নামানো কিংবা জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে।

হল-১ এর লিফট চালু না থাকলেও একই সময়ে নির্মিত পাশের ছাত্র হল-২ এর দুটি লিফট গত ২০ আগস্ট চালু করা হয়। এ বৈষম্যের কারণে হল-১ এর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্ব নিয়ে লিফট চালুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে আজ ৯ অক্টোবর রাতে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা সরাসরি উপস্থিতি ও কাজের অগ্রগতির জবাবদিহি প্রশাসনের তৎপরতা সুস্পষ্ট করে। সর্বশেষ সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকালে লিফট চালু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এবার যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে লিফট চালু করা হয় এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্স চ্যাম্পিয়ন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


বুটেক্স চ্যাম্পিয়ন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত হয়েছে এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা, যা ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে পরিচালিত হয়। শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল—‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর।’

এই বিতর্কে সরকারি দলের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অংশগ্রহণ করে, অপরদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান এবং সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। সরকারি দলের পক্ষ থেকে বুটেক্সের বিতার্কিকদের যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা এবং তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্যতা অর্জন করে। প্রতিযোগিতার শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত করেছে ২০২৬ সালের আটলান্টিক মৌসুমের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডেস্টিনের কাছে উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়টি। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ মাইল বেগে বাতাস নিয়ে আঘাত হানার সময় দ্বিতীয় শ্রেণির শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে, এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।

ঘূর্ণিঝড়টি মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় মিসিসিপি নদীর মোহনা থেকে ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত প্রাণঘাতী জলোচ্ছ্বাসের সম্ভাবনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় ধ্বংসাত্মক বাতাস এবং তীব্র ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরুতে ইসাইয়াস তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। তবে এটি উপকূলে আঘাত হানার আগে দুর্বল হয়ে দ্বিতীয় শ্রেণিতে নেমে আসে। তবুও, জলোচ্ছ্বাস, বিপজ্জনক আবহাওয়া এবং আকস্মিক বন্যার আশঙ্কা অব্যাহত ছিল।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকেই উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব দেখা দিতে শুরু করে। জনপ্রিয় সমুদ্রসৈকতকেন্দ্রিক শহরগুলোতে অস্বাভাবিক নীরবতা নেমে আসে। পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্লোরিডা, আলাবামা এবং জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রাতের মধ্যে ইসাইয়াস আরও দুর্বল হয়ে ক্রান্তীয় বৈশিষ্ট্য হারানো ঝড়ে পরিণত হতে পারে। তবে এর প্রভাবে ফ্লোরিডার উত্তর-পশ্চিম উপকূলে ৯ ফুট পর্যন্ত এবং আলাবামা উপকূলে ৬ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসাইয়াস চলতি বছরের নবম ঝড় হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড় এবং বড় ধরনের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া প্রথম ঝড়। তৃতীয় বা তার চেয়ে উচ্চ শ্রেণির ঘূর্ণিঝড়কে বড় ধরনের ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়।

শক্তিশালী এল নিনোর প্রভাবে চলতি আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমকে ঐতিহাসিকভাবে শান্ত বলা হচ্ছিল। এর মধ্যেই ইসাইয়াসের শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: নোলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ অক্টোবর শনিবার রাজধানীর বিভিন্ন মার্কেট, দোকান ও জাদুঘর বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


১০ অক্টোবর শনিবার রাজধানীর বিভিন্ন মার্কেট, দোকান ও জাদুঘর বন্ধ থাকবে

প্রতিদিন কেনাকাটার জন্য আমরা বিভিন্ন স্থানে যাই। কিন্তু অনেক সময় ভোগান্তির পর গিয়ে দেখি, সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে কাজ তো হয়ই না, বরং সময়ও নষ্ট হয়।

তাহলে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা আগে দেখে নেওয়া প্রয়োজন।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

যেসব মার্কেট বন্ধ থাকবে

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%