০৮:২৩ পি.এম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ হাজার ৭৯৫ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৩৬ জন। অনুপস্থিতির হার নির্ধারিত হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লায় সর্বাধিক ৭৪৬ জন পরীক্ষার্থী অব্যহতি পান। অন্যদিকে, নোয়াখালীতে ৫৮২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, লক্ষ্মীপুরে ২৬৪ জন, চাঁদপুরে ২১৪ জন এবং ফেনীতে ১৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এমতাবস্থায় আরও জানিয়েছেন, অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লার জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, নোয়াখালীতে ১ জন এবং ফেনীতে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসব বহিষ্কৃতদের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ এ বিষয়ে বলেন, ‘বোর্ডের অধীন ছয় জেলার সব কেন্দ্রেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে।’ তিনি আরও জানান, পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অধ্যাপক পারভেজ প্রত্যয় রেখে বলেন, ‘পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা বোর্ডের তদারকি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে পরীক্ষাগুলোও একইভাবে স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন