বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা এবং শিক্ষার্থীদের বাচনভঙ্গি উন্নয়নের উদ্দেশ্যে রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ‘প্রমিত উচ্চারণ’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে বাংলা বিভাগের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন, উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মিজানুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকউল্লাহ। এছাড়া বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও কর্মশালায় অংশ নেন।
দেশের স্বনামধন্য বাচিক শিল্পী *শিমুল মুস্তাফা* কর্মশালাটি পরিচালনা করেন। তিনি বাংলা ভাষার শুদ্ধ ও প্রমিত উচ্চারণের বিভিন্ন কলাকৌশল, বাচনভঙ্গি, শব্দের সঠিক প্রয়োগ এবং সাবলীলভাবে বক্তব্য উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা প্রমিত উচ্চারণের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের বাচনভঙ্গি, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
আয়োজকরা জানান, শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা কেবল ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বাচনচর্চাকে শিক্ষার্থীদের মধ্যে আরও বিস্তৃত করার প্রত্যাশা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মহাখালী বাস টার্মিনালের পাশে প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
কন্ট্রোল রুমের অপর ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোনে জানানো হয় যে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লেগেছে। এই খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, এই ঘটনায় হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শহীদ আবরার ফাহাদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করে।
এ সময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি রাকিব মুরাদ, সাবেক সভাপতি গোলাম জাকারিয়া এবং শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ উল্লেখ করেন, "ভয় দেখিয়ে, নির্যাতন করে এমনকি শহীদ করেও মেধাবীদের মুখ বন্ধ করে রাখা যায় না। সময়মত ছাত্রসমাজ দেশের প্রয়োজনের জন্য সর্বোচ্চ ত্যাগ- কুরবানী করতেও দ্বিধা করে না।"
তিনি আরও বলেন, "আবরার ফাহাদ ভাই যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যে কন্ঠস্বর উঁচু রেখেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। শহিদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাঈদ ভাই ও জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ জন গবেষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বয়ে প্রকাশিত হয়।
গবেষকদের গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন ঘটায়।
তালিকায় স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম হোসাইন মন্ডল, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী আকবর, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, গণিত বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া, এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক জাকের হোসাইন।
সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, মো. আতিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক আতোয়ার রহমানও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম মন্তব্য করেন, "এটা খুবই পজেটিভ দিক আমাদের জন্য। শুধু পজেটিভই না এটা একটা সৌভাগ্যের ব্যাপার, যে এত গুণীজন ব্যক্তি, এত স্কলার ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ে আছে।" তিনি আরও জানান, "আমরা চেষ্টা করব সামনে রিসার্চের ক্ষেত্রে এইসব ব্যক্তিগুলোকে আরও বেশি বেশি উদ্ভাবনী কাজে সহায়তা করা আর্থিকভাবে।"
তিনি যোগ করেন, "পাশাপাশি তাদেরকে দেখে যেন আমাদের তরুণ বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয় সেই ব্যবস্থাও আমরা করব। এই বিজ্ঞানীগুলো আসলে প্রচারবিমুখ। একটা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন এই র্যাংকের বিজ্ঞানী থাকা সত্যি সৌভাগ্যের আমাদের জন্য। তাদের জন্য শুভকামনা রইল।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবী জাপানে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, যা বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত একটি কর্মসূচির অংশ। আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এই উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলের মধ্যে বিচারক, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইনজীবী হিসেবে রয়েছেন।
জাপানগামী দলের সদস্যদের মধ্যে রয়েছেন— নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির এবং মুহাম্মদ আশেকুর রহমান।
এছাড়াও তালিকায় রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
আইনজীবীদের মধ্যে রয়েছেন— নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কালকে অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। সফরের সব ব্যয়ভার জাইকা বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো খরচ হবে না। প্রতিনিধি দলটি ১ নভেম্বর বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ