প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবী জাপানে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, যা বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত একটি কর্মসূচির অংশ। আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এই উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলের মধ্যে বিচারক, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইনজীবী হিসেবে রয়েছেন।
জাপানগামী দলের সদস্যদের মধ্যে রয়েছেন— নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির এবং মুহাম্মদ আশেকুর রহমান।
এছাড়াও তালিকায় রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
আইনজীবীদের মধ্যে রয়েছেন— নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কালকে অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। সফরের সব ব্যয়ভার জাইকা বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো খরচ হবে না। প্রতিনিধি দলটি ১ নভেম্বর বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন