ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি জানালেন বিশেষজ্ঞরা


গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি জানালেন বিশেষজ্ঞরা

গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের দাবি করেছেন বিভিন্ন সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা। তাঁরা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ মূল্যায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘দৃশ্যমান সমস্যা অবারিত সম্ভাবনার গাজীপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। প্রবন্ধে অভিযোগ করা হয় যে, শিল্পবর্জ্য ও অপরিকল্পিত কলকারখানার কারণে গাজীপুরের পরিবেশ নষ্ট হচ্ছে। কারখানার শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে গাজীপুরের পরিবেশ রক্ষা করার কথাও বলা হয়। যানজট, মাদক, কিশোর গ্যাং, সড়কে বর্জ্য ফেলা, ছিনতাই, জলাবদ্ধতা, অপরিকল্পিত শিল্পায়ন, রেলস্টেশনের অকার্যকারিতা, বনভূমি দখল এবং কৃষিজমি ভরাটসহ গাজীপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

আরও পড়ুন: সাজেকবাসীর দাবিতে বাঘাইছড়িতে মশাল মিছিল, হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সমর্থন

মূল প্রবন্ধে আরও উল্লেখ করা হয় যে, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনায় অপরাধমূলক কর্মকাণ্ড, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা এবং শ্রীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের আবাসন ও নিরাপদ যাতায়াতের সংকটের বিষয়গুলো তুলে ধরা হয়। শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন কার্যকর করার এবং প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার সুপারিশও করা হয়।

প্রবন্ধে কালিয়াকৈরে বনভূমি দখল এবং কালীগঞ্জে আবাসন প্রকল্পের নামে কৃষিজমি, খাল-বিল ও অন্যান্য জলাভূমি ভরাটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

বিআরটি নিয়ে স্বচ্ছ মূল্যায়নের সুপারিশ

মূল প্রবন্ধে বিআরটি প্রকল্প বাতিল ও নির্মিত অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। গাজীপুরবাসীর দীর্ঘ ১৪ বছরের দুর্ভোগ এবং ১৮ জেলার মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর পরিবহণব্যবস্থা নিশ্চিত করতে বিআরটি চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কারণ ও এর পেছনের যুক্তি জনসমক্ষে স্পষ্ট করার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি বা পরিকল্পনাগত ত্রুটি থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা এবং তদন্তের ফল প্রকাশের সুপারিশ করা হয়। বিআরটি বাস্তবায়িত না হওয়ায় গাজীপুর থেকে সহজ যাতায়াতব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। এজন্য ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, "বাংলাদেশের এমন কোনো অঞ্চলের মানুষ নেই, যাঁরা গাজীপুরে বসবাস করেন না।" জনবহুল এই জেলার উন্নয়নে জনসংখ্যা বিবেচনায় নিয়ে মহাপরিকল্পনা করা প্রয়োজন। বিআরটি প্রকল্প কীভাবে বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। বিশ্বের বিভিন্ন দেশে বিআরটি থাকলেও গাজীপুরের মতো জনবহুল এলাকায় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, "পুলিশ শুরু থেকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের আগ্রাসন কমানো সম্ভব।"

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বলেন, "গাজীপুরের বর্তমান অবস্থা খুবই বিপন্ন।" পরিবেশ রক্ষা করে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই জেলায় বসবাস করেন। তাই আগামী ১০০ বছরের কথা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। অন্যথায় একসময় এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: নরসিংদীতে কনসার্ট থেকে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, "যানজট নিরসনের জন্য বিআরটি প্রকল্প নেওয়া হয়েছিল।" কিন্তু এতে সমস্যার সমাধান হয়েছে কি না, তা বিবেচনা করা দরকার। তাঁর মতে, উত্তরা থেকে একটি ফ্লাইওভারের মাধ্যমে কালীগঞ্জ, ময়মনসিংহ ও জয়দেবপুরমুখী সংযোগ করা হলে যান চলাচলে সুবিধা হতে পারত। সড়কের মাঝখানে ডিভাইডার দিয়ে চলাচলের জায়গা সংকুচিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের দাবি জানান তিনি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, "বিআরটি প্রকল্পের পরিবর্তে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।" গাজীপুরের জয়দেবপুরে একটি পার্ক নির্মাণেরও প্রস্তাব দেন তিনি। মাদক নির্মূলে পুলিশের সংস্কার জরুরি উল্লেখ করে তিনি গাজীপুরে বাসভাড়া কমানো এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। আগামী পাঁচ বছরের মধ্যে কাপাসিয়া পৌরসভা গঠনের কথাও বলেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, জ্যেষ্ঠ সদস্য মঞ্জুর বারী ও কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম শুভ।

আরও পড়ুন: নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় গাছের ডাল কাটতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


কুমিল্লায় গাছের ডাল কাটতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি শনিবার (২৪ অক্টোবর) ভোরে বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে সংঘটিত হয়।

নিহত রফিকুল ইসলাম, যিনি মৃত সিরাজুল ইসলামের পুত্র, বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পর তিনি বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থিত একটি জামগাছের ডাল কাটতে যান। ডালটি কাটার পর বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত ওসি) মঞ্জরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সংসদীয় কমিটি প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহকে সহজতর করার উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি গঠন অথবা ডিলার নিয়োগের সুপারিশ করেছে।

এ সুপারিশটি আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উত্থাপন করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।

বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালিত কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, যা হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে প্রবর্তিত হবে। এছাড়া দিনাজপুরের রাণীরবন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলোর লিজ বা অন্য কোনো পদ্ধতিতে বরাদ্দ দেওয়া হয়েছে কিনা—তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

বৈঠকের শুরুতে, কমিটির সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনাও জানান।

কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। একই সঙ্গে কাজের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানের উপর বারবার নির্ভর না করে অন্যান্য সক্ষম প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, সদস্য এস এম ফয়সল, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, মো. আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার এবং মাহবুবা হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানের স্বচ্ছতা ও সাজা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানের স্বচ্ছতা ও সাজা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

মধ্যরাতে পুলিশের অভিযান পরিচালনা করা হয় অতিরিক্ত ডিআইজির বাসায়। ৮৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়, যার মধ্যে কারও ১৫ দিন এবং কারও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সামান্য মাদকদ্রব্য উদ্ধার হলেও, উচ্চ স্বরে গান বাজানোর কারণে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ আদালত এই সাজা প্রদান করে। আইনজীবী ও অপরাধ বিশেষজ্ঞরা অভিযানের স্বচ্ছতা, মামলা না হওয়া এবং সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, অপরাধী প্রমাণ হওয়ার আগেই ভিডিও ধারণ ও প্রচার করায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গত সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায় ডিবি উত্তরা বিভাগের একটি দল। প্রায় ৩ ঘণ্টার অভিযান শেষে ভাড়া দেওয়া বাসাটি থেকে দুই বোতল মদ, এক পিস ইয়াবা ও এক চিলতে কুশ উদ্ধার করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও সদ্য পাস করা ৮৫ তরুণ-তরুণীকে আটক করা হয় এবং তরুণীদের ১৫ দিন এবং তরুণদের ৩০ দিন করে সাজা ও আর্থিক জরিমানা করে ডিএমপির বিশেষ আদালত। পুলিশের দাবি, উচ্চ স্বরে গান বাজানো এবং জনসাধারণের অসুবিধা করার দায়ে এই শাস্তি প্রদান করা হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবীর বলেন, ‘ডিএমপি কোর্ট বা সামারি ট্রায়াল অনুযায়ী ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড। এ ছাড়া মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের সাজা দেওয়া হয়েছে।’

অতিরিক্ত ডিআইজি জহিরের বাড়ির ১০০ মিটারের মধ্যে কোনো আবাসিক ভবন নেই। তাহলে প্রশ্ন উঠছে, প্রতিবেশীদের অতিষ্ঠ হওয়ার অভিযোগ পুলিশ কিভাবে পেয়েছে? এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির উত্তরা বিভাগের ডিসি কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আপনাদের সঙ্গে যত বেশি কথা বলব, তত বেশি ভুল হবে। প্লিজ ভাই, আমাকে মাফ করেন।’

যদিও এর আগে তিনি জানিয়েছিলেন, ঊর্ধ্বতনদের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়েছিল। সেসময় ইলিয়াস কবীর বলেন, ‘আমার কাছে কোনো তথ্য ছিল না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। তারাই আমাকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন, তাও আমাকে বলেননি যে অভিযান চালাতে হবে। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা আমাকে অভিযানের নির্দেশ দেন।’

এদিকে আইনজীবীরা পুরো অভিযান ও শাস্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে এটি অস্বচ্ছ। অপরাধী প্রমাণ হওয়ার আগেই ভিডিও ধারণ ও প্রচার করায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত জাহান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত চাইলেই কাউকে সাজা দিতে পারেন না। ম্যাজিস্ট্রেটের সামনে ঘটনা ঘটতে হবে। কিন্তু তারপরও তিনি সাজা দিতে পারবেন না, যদি অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি না দেন। ফলে ৮৫ জনই যে স্বীকার করবেন তারা অপরাধ করেছেন, এটা একেবারেই অবিশ্বাস্য।’

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘হাইকোর্টের রায় আছে, গুরুতর (সিভিয়ার) অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা যাবে না। গোটা বিষয়টিতেই আমি মনে করি, পুলিশ সাংঘাতিকভাবে অস্বচ্ছতার পরিচয় দিয়েছে।’

একসঙ্গে ৮৫ জনকে সাজা দেওয়ার ঘটনায় বিস্মিত অপরাধ বিশেষজ্ঞও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, ‘যাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদের পেয়েছে এক অবস্থায়। কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে আরেক ধরনের অভিযোগে। এই অভিযোগের তো নৈতিক কোনো ভিত্তি নেই। মনে হচ্ছে, এখানে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ম্যানেজের প্রসঙ্গ ধরে দূরত্ব তৈরি হওয়ার প্রেক্ষাপটে অভিযান চালানো হলো কি না, সেটি খতিয়ে দেখা দরকার।’

এ ঘটনায় কোনো মামলা না হওয়ার বিষয়টিও আইনজীবী ও বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানায় ১১ জন নিহত

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা পরিচালনা করেছে। হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী এবং একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট আজ শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বিভিন্ন শহরের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। কিছু সময় পরেই সানায় সৌদি বিমান হামলার খবর প্রকাশ করে হুতিদের গণমাধ্যম।

হুতিদের সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, সানায় একাধিক বিমান হামলা হয়েছে। এর মধ্যে একটি হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া, সানা গভর্নরেটের একটি সিমেন্ট কারখানার শ্রমিকদের আবাসিক ভবনে পৃথক হামলায় ছয় নারী ও এক শিশু নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবরও এসেছে আল-মাসিরাহ থেকে।

তবে, এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরবের পক্ষ থেকে হামলা ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে প্রায় ১ হাজার ৪০০টি হামলা চালানো হয়েছে। এই হামলায় হুতিদের ৬২০ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে তারা।

ইয়েমেনি বাহিনীর বক্তব্য অনুযায়ী, হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। যদিও, এতে হতাহত হওয়া যোদ্ধাদের সংখ্যা উল্লেখ করা হলেও, ‘নিষ্ক্রিয়’ বলতে নিহত, আহত বা অন্যভাবে যুদ্ধের সক্ষমতা হারানো বোঝানো হয়েছে কিনা তা পরিষ্কার নয়।

তবে, হামলার সংখ্যা এবং হতাহতের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: এএফপি ও আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%