প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সংসদীয় কমিটি প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহকে সহজতর করার উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি গঠন অথবা ডিলার নিয়োগের সুপারিশ করেছে।
এ সুপারিশটি আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উত্থাপন করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।
বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালিত কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, যা হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে প্রবর্তিত হবে। এছাড়া দিনাজপুরের রাণীরবন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলোর লিজ বা অন্য কোনো পদ্ধতিতে বরাদ্দ দেওয়া হয়েছে কিনা—তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
বৈঠকের শুরুতে, কমিটির সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনাও জানান।
কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। একই সঙ্গে কাজের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানের উপর বারবার নির্ভর না করে অন্যান্য সক্ষম প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরামর্শও দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, সদস্য এস এম ফয়সল, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, মো. আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার এবং মাহবুবা হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন