মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২২ পি.এম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : গ্যাং সহিংসতার কারণে বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতিতে সালভাদরের বিপুল সংখ্যক সেনা মোতায়েনের বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এছাড়া, সেনা অভিযানের সময় মানবাধিকার রক্ষার জন্যও সংস্থাটি আহ্বান জানিয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে সালভাদরের চার সেনাসদস্য নিখোঁজ হওয়ার পর, প্রেসিডেন্ট নায়িব বুকেলে হাইতিতে প্রায় দুই হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন।
সালভাদরের পাঠানো সেনাদের মধ্যে অধিকাংশই জাতিসংঘের সমর্থিত ‘গ্যাং দমন বাহিনী’ (জিএসএফ) এর অংশ হিসেবে কাজ করছে না। ফলে, তাদের অভিযানের নিয়মাবলী নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অ্যামনেস্টির আমেরিকাবিষয়ক পরিচালক আনা পিকের সোমবার বলেন, “সেনা মোতায়েনের বিষয়ে দুই সরকারের মধ্যে হওয়া চুক্তি প্রকাশ করতে হবে। মোতায়েন করা সেনাদের তদারকি কীভাবে হচ্ছে, বলপ্রয়োগের ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হচ্ছে, তারা কার কাছে জবাবদিহি করবে এবং প্রতিশোধের আশঙ্কা ছাড়াই মানুষ কীভাবে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবে, তা স্পষ্ট করতে হবে।”
বুকেলে প্রথমে বলেছিলেন, নিখোঁজ সেনাসদস্যদের দেশে ফিরিয়ে আনতেই এ সেনা মোতায়েন করা হয়েছে।
কিন্তু পরে তিনি হাইতির শক্তিশালী গ্যাংগুলো নির্মূলের বৃহত্তর লক্ষ্য অর্জনের ইঙ্গিত দেন। তিনি নিজ দেশে একই ধরনের অভিযান পরিচালনা করেছেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আনা পিকের বুকেলে এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক দিদিয়ে ফিলস-আইমেকে আহ্বান জানিয়ে বলেন, “হাইতিতে সালভাদরের সেনাদের পরিচালিত সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে, তা নিশ্চিত করতে হবে।”
মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতেও তিনি দুই দেশের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “গ্যাং সহিংসতা মোকাবিলার নামে হাইতিতে অতীতের বিভিন্ন অভিযানে যে মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির সংস্কৃতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি করা চলবে না।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রোগী রয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন রোগী। মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক Pai-Chi Li।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগও থাকবে।
এছাড়া, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (Joint Research Centre) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, যা যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি করবে।
বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল এফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা কার্যক্রম পরিচালনা করবেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে AIT Extension-এর নির্বাহী পরিচালক Mr. Voravate Chonlasin এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার Mr. SK. Shahin Hossain, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। মাভাবিপ্রবির সঙ্গে এ প্রতিষ্ঠানটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, "একটি নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।" অতএব, জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট (সিএনএ) অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে করা হয়।
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে।" সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।
সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ (সিএনএ) উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন।" তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এছাড়া বক্তব্য দেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যে নীলগঞ্জ ইউনিয়নের ২৫০টি উপকারভোগী পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, ধনিয়া, বরবটি, করলা ও মুলার বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের আওতায় এসব বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।
নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গমেজ, এগ্রি-অফিসার মো. শফিকুল ইসলাম, প্রচেষ্টা প্রকল্পের ভোলা অঞ্চলের কো-অর্ডিনেটর নোয়েল রানা সাহা এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, শীতকালীন সবজি চাষের জন্য সঠিক সময় নির্বাচন, জমির যথাযথ পরিচর্যা এবং পরিমিত সার ও কীটনাশক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা জানান, বাড়ির আঙিনাসহ পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় অর্জন সম্ভব। এ জন্য তারা উপকারভোগীদের নিয়মিত সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা তাদের সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকা, স্বাবলম্বিতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ