ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্যান্ডপেপার সম্পর্কে এবার খাজার সাথে একই দাবি করলেন অস্ট্রেলীয় পেসার চ্যাড সেয়ার্স


স্যান্ডপেপার সম্পর্কে এবার খাজার সাথে একই দাবি করলেন অস্ট্রেলীয় পেসার চ্যাড সেয়ার্স

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট পেসার চ্যাড সেয়ার্স, ‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে উসমান খাজার অভিযোগের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। প্যাট কামিন্সের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতার দাবি নিয়ে তিনি দ্বিমত পোষণ করেন।

সেয়ার্স দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন, তবে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে তিনি খেলেননি। ঐ ম্যাচেই বল সুইং করার জন্য স্যান্ডপেপার ব্যবহৃত হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে উল্লেখ করা হয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট ছাড়া অন্য কেউ এই বিষয়টি জানতেন না। পরবর্তীতে তিনজনকে দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন: পেপ গার্দিওলার সম্ভাব্য নিয়োগে আপত্তি জানালেন দুই কিংবদন্তি

তবে গত সপ্তাহে প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন, পুরো দলই বিষয়টি জানত। ওয়ার্নারও তার এই দাবির সমর্থনে কথা বলেছেন। এবার সেয়ার্সও একই অবস্থান নিয়েছেন।

অবসরপ্রাপ্ত সেয়ার্স এসইএন রেডিওকে বলেন, “আমার বিশ্বাস, ওই দলের সবাই জানত কী ঘটছিল এবং কী ব্যবহার করা হচ্ছিল।” তিনি জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে খেলেছিলেন।

খাজা আরও দাবি করেন, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। সেয়ার্স জানান, মাঠ থেকে সেটি সরিয়ে নেওয়ার দায়িত্ব তার ছিল।

তিনি বলেন, “স্যান্ডপেপারটি সরিয়ে নেওয়ার জন্য আমাকে দেওয়া হয়েছিল। তাই এটি আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। ওই সময় মাঠে পানীয় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা খেলোয়াড় ছিলাম আমি।”

আরও পড়ুন: হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, লিটন ও তানজিদের ব্যাটে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

তিনি আরও জানান, “দুটি টেস্ট ম্যাচেই এটি ব্যবহার করা হয়েছিল। বল রিভার্স সুইং করানোর জন্য কী করা হবে এবং কী ব্যবহার করা হবে, তা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছিল।”

বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স শুক্রবার একটি দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ নাকচ করেন। তিনি দাবিগুলোকে ‘১০০ শতাংশ ভুল’ বলে অভিহিত করেন।

২০২১ সালে এক বিবৃতিতে পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ন্যাথান লায়ন ও কামিন্স প্রকাশ্যে বলেছিলেন, ওই পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

আরও পড়ুন: ফিফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ওয়েঙ্গার

শনিবার ওয়ার্নার নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ‘তথ্য গোপনের’ অভিযোগ তোলেন। তার দাবি, ‘যতদূর তিনি জানেন’, সে সময় হ্যাজেলউড, স্টার্ক কিংবা লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে পেসারদের সাক্ষাৎকার নেওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর রোববার ইনস্টাগ্রামে নতুন বিবৃতি দেন ওয়ার্নার।

তিনি লেখেন, “একটি বিষয় পরিষ্কার করতে চাই- ‘যতদূর আমি জানি’ কথাটিই ছিল মূল বিষয়।”

“পেসারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কিংবা তারা বিবৃতি দিয়েছিলে এমন কিছু আমাকে কখনো জানানো হয়নি। ২০১৮ সালে সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার সময় এই তথ্যগুলো জানা থাকলে তা বেশ কাজে আসত।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেটের বাছাইপর্ব ফেব্রুয়ারিতে বাংলাদেশে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিদের অর্ধশতকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের স্কোর ৯১/৩

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


তানজিদের অর্ধশতকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের স্কোর ৯১/৩

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান। ওপেনার তানজিদ হাসান তামিমের অর্ধশতকে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার আগ্রাসী বোলিংয়ের ধাক্কা সামলে বাংলাদেশ ফিরে এসেছে।

মধ্যাহ্ন বিরতিতে তানজিদ ৫১ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে ২৩ রানে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। তারা চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েছেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু রাবাদার বিধ্বংসী বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

রাবাদার নতুন বলের আক্রমণ সামলাতে ব্যর্থ হয়ে নবম ওভারে ২২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। এতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন অভিজ্ঞ এই পেসার। টেস্ট অভিষেকের ম্যাচে দুঃস্বপ্নের সূচনা হয় মাহফিজুল ইসলাম রবিনের। অফ স্টাম্পের বাইরে দারুণভাবে বল মুভ করিয়ে তাকে ড্রাইভ করতে প্রলুব্ধ করেন রাবাদা। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় চতুর্থ স্লিপে। সেখানে মার্কো জানসেন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন এবং শূন্য রানে বিদায় নেন মাহফিজুল।

নিজের দ্বিতীয় ওভারে মুমিনুল হককে শূন্য রানে ফেরান রাবাদা। অতিরিক্ত বাউন্সে পরাস্ত করে তাকে আউট করেন। এরপর সিমের দিক পরিবর্তন করা এক ডেলিভারিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্টাম্প উপড়ে ফেলেন এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আসা হৃদয় এবং তানজিদ রাবাদা ও তার সতীর্থ পেসারদের আক্রমণ সামলে দলকে খেলায় ফিরিয়ে আনেন। কঠিন কন্ডিশনে বাংলাদেশ মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হলেও তারা দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়েন।

রাবাদার হুমকি দক্ষতার সঙ্গে সামলে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি এই দুই ব্যাটার।

তানজিদ বেশ কয়েকটি সাহসী শট খেলে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতির আগে ইনিংসের শেষ ওভারে বাঁহাতি স্পিনার সিমন হারমারকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ-সুইপ করে চার মেরে ৭৯ বলে নিজের দ্বিতীয় টেস্ট অর্ধশতক পূর্ণ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সকল সূচক ও লেনদেনের পরিমাণ বেড়ে ৭৩৯ কোটি টাকা ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ডিএসইতে সকল সূচক ও লেনদেনের পরিমাণ বেড়ে ৭৩৯ কোটি টাকা ছাড়িয়েছে

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সকল মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, লেনদেনের পরিমাণ ৭৩৯ কোটি টাকার বেশি হয়েছে।

দিনের শেষে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছেছে। ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে, এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ৩৮০টি কোম্পানির ২৪ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ ৭৩৯ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ১৪৩ টাকা দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ২১০টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ওয়াটা কেমিক্যালস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসকে ট্রিমস, বিডি থাই ফুড, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এসবিএসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশনস, খুলনা পাওয়ার, ডেলটা স্পিনার্স, পিপলস লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার ও ফার্মা এইডস।

দিন শেষে, ডিএসইর মোট বাজার মূলধন ৬ লাখ ৭০ হাজার ৯৩৭ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ২৩০ টাকা দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে: সিভিল সার্জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে: সিভিল সার্জন

খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানিয়েছেন, খুলনায় হাম এবং ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা কমতে শুরু করেছে। তিনি উল্লেখ করেছেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার নিয়মিতভাবে চলমান রয়েছে। এই অভিযানের কার্যকর পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আজ রোববার জেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জেলা প্রশাসক বলেছেন, সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তিনি চলমান ওএমএস কার্যক্রমের মনিটরিং বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য মনোযোগী হতে হবে।

তিনি উল্লেখ করেছেন, প্রত্যেক জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করা এবং চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গত মাসে ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় মোট তিন লাখ ৪৭ হাজার ৩৩২টি কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে অ্যাপসের মাধ্যমে কৃষকের তথ্য সংগ্রহ চলমান রয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির কথা জানালেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ফিলিপাইনের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির কথা জানালেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ফিলিপাইনের সঙ্গে একটি বিস্তৃত মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ। তিনি শনিবার সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে, যা একসময় ছিল বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার।

বার্তা সংস্থা এএফপি ম্যানিলা থেকে এ খবরটি জানায়।

তথ্য-উপাত্তে দেখা যায়, সেপ্টেম্বরে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত কিছুটা বেড়েছে, যা তেল রপ্তানির বৃদ্ধির কারণে হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে কানাডার একাধিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ম্যানিলায় অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে কার্নি সাংবাদিকদের বলেন, ফিলিপাইনের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করতে প্রায় ছয় মাস সময় লাগবে। সম্মেলনে যোগ দিতে ট্রাম্প মঙ্গলবার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

কার্নি আরও জানান, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ১১টি সদস্যদেশের সঙ্গে বৃহত্তর একটি চুক্তির আলোচনা চলছে, যা ‘উল্লেখযোগ্যভাবে শেষ হয়েছে।’

তিনি বলেন, এসব চুক্তি নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কৌশলের অংশ। এর মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং কানাডার যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা তুলনামূলকভাবে কমবে।

ফিলিপাইনের সঙ্গে চুক্তিটিকে কার্নি ‘সবচেয়ে বিস্তৃত’ বাণিজ্য চুক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য তিন গুণ বৃদ্ধি পাবে।

২০২৫ সালে কানাডা ও ফিলিপাইনের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৪০ কোটি ডলার।

কার্নি জানান, চুক্তির আওতায় ৯০ শতাংশের বেশি পণ্যের শুল্ক তুলে নেওয়া হবে। কৃষি, মহাকাশ ও বিমানশিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাত এতে অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

আসিয়ানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সম্পর্কে কার্নি বলেন, এটি হবে এশিয়ার বাইরে জোটটির প্রথম বাণিজ্য চুক্তি। তিনি জানান, দুই পক্ষের মধ্যে বছরে ৫ হাজার কোটি ডলারের বেশি বাণিজ্য হয়, যা গত এক বছরে প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

এদিকে, ম্যানিলা একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হবে বলে তাদের আশা রয়েছে।

কার্নি বারবার উল্লেখ করেছেন, কানাডার অর্থনীতির অন্যতম ভিত্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ট্রাম্প-পূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তাই কানাডাকে জরুরিভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক বহুমুখীকরণ করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে কম্বোডিয়ার রাজধানী নমপেনে যাবেন, যেখানে দুই বছর পরপর অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোনি সম্মেলনে তিনি যোগ দেবেন। এরপর চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের বার্ষিক বৈঠকে অংশ নিতে যাবেন।

কার্নি জানান, সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বেইজিংয়ের সঙ্গে কানাডার বাণিজ্যিক অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%