০১:৪১ পি.এম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় শিক্ষার্থীদের ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদ থেকে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। এতে দেখা যায়, কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা নির্ধারিত পরীক্ষা শেষ করতে বাধ্য হন।
স্থানীয়রা জানিয়েছেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ থেকে পানি চুঁইয়ে পড়ার কারণে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এদিকে, মাদ্রাসা প্রাঙ্গণে একটি নতুন ভবনের নির্মাণকাজ চলমান থাকলেও ধীরগতির কারণে এটা এখনো সম্পন্ন ও হস্তান্তর করা হয়নি। ফলে নতুন ভবনটি ব্যবহার করা সম্ভব না হওয়ার কারণে পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস এবং পরীক্ষা নিতে হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করার দাবি জানিয়েছেন যাতে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন