ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আমান চাষে ব্যস্ত কৃষকেরা, ভালো ফলনের প্রত্যাশা


আমান চাষে ব্যস্ত কৃষকেরা, ভালো ফলনের প্রত্যাশা

কয়েক দিন আগে আমন ধানের জমির মাটি ছিল শুকনো এবং ফেটে চৌচির। তবে, সাম্প্রতিক বৃষ্টির ফলে সেই শুকনো জমিতে পানি জমেছে। পানি পেয়ে আমন ধানের সবুজ পাতাগুলো সতেজ হয়ে উঠেছে। কোথাও কোথাও ধানের শীষ বাতাসে দুলছে, আবার কোথাও শীষ বের হওয়ার প্রস্তুতি চলছে।

দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাবে কৃষকদের মধ্যে আমন ধান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বৃষ্টিপাত সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে। অতিরিক্ত সেচের খরচের ওপরও চাপ কমেছে। এখন কৃষকরা জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, ভালো ফলনের আশায়।

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেত ঘুরে দেখা যায়, কয়েক দিনের বৃষ্টিতে জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ফিরে এসেছে। পানি পেয়ে শুকিয়ে যাওয়া ধানের চারাগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে। বিস্তীর্ণ মাঠ এখন সবুজে ভরে উঠছে।

আরও পড়ুন: সৌরশক্তিচালিত সেচে কৃষি খাতে ব্যয় কমছে, উৎপাদন বাড়ছে

কৃষকরা বলছেন, আমন ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই বৃষ্টি তাদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। সময়মতো বৃষ্টি হওয়ায় সেচের প্রয়োজনীয়তা কমেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের আমনের ভালো ফলন হবে বলে তারা আশা করছেন।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কৃষক আলিম উদ্দিন বলেন, ‘বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে যাচ্ছিল। ধানের চারাগুলোও কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। সেচ দিতে হলে বাড়তি খরচ হতো। এখন বৃষ্টি হওয়ায় জমিতে প্রয়োজনীয় পানি এসেছে। এতে ধানের চারাগুলোও সতেজ হয়েছে। আবহাওয়া এমন ভালো থাকলে ফলন ভালো হবে বলে আমি আশা করছি।’

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, আমন ধানের বৃদ্ধি, ফুল আসা ও দানা গঠনের জন্য জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক বৃষ্টিপাত জমিতে আর্দ্রতা ফিরিয়ে এনেছে, যা ধান চাষের জন্য ইতিবাচক। তবে জমিতে অতিরিক্ত পানি যাতে দীর্ঘ সময় জমে না থাকে, সেই বিষয়ে কৃষকদের সতর্ক থাকতে হবে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আল মামুন হাসান বলেন, ‘আমন ধানের স্বাভাবিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা থাকা জরুরি। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে জমিতে আর্দ্রতা ফিরে এসেছে, যা ধান চাষের জন্য উপকারী।’

আরও পড়ুন: সদরপুরের মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের প্রত্যাশা ও দুশ্চিন্তা

তিনি আরও বলেন, এই সময়ে কৃষকদের নিয়মিতভাবে তাদের ধানের ক্ষেত পর্যবেক্ষণ করা প্রয়োজন। কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে দ্রুত কৃষি বিভাগের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে যথাযথ পরিচর্যা করা হলে, কাক্সিক্ষত ফলন পাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁর রানীনগর উপজেলায় আটটি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন রোপা আমন ধানের সবুজ গাছের বর্ণিল সমারোহ দেখা যাচ্ছে।

চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা ভালো ফলনের আশা করছেন। শেষ মুহূর্তে বড় কোনো রোগবালাই দেখা না দেওয়ায় কৃষকরা এখন আমন ক্ষেতের পরিচর্যায় সময় কাটাচ্ছেন।

কৃষি বিভাগ মনে করছে, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় চলতি মৌসুমে রোপা আমনের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী

চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯,০৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত প্রায় ১৮,৫০০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো চারা রোপণ, নিবিড় পরিচর্যা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সময়মতো সেচ ও সারের কোনো ঘাটতি না থাকায় চলতি মৌসুমে ধানের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতন করতে এবং সঠিক সময়ে চারা রোপণ, নিবিড় তদারকি, সার ও কীটনাশক প্রয়োগ, সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ, সময়মতো সেচ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদান, আধুনিক পদ্ধতির ব্যবহার ও ফসলকে রোগবালাইমুক্ত রাখার বিষয়ে পরামর্শ দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে গ্রামে গ্রামে উঠান বৈঠক করা হচ্ছে।

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে রানীনগর উপজেলায় রোপা আমন ধানের বেশ ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। সূত্র: বাসস

আরও পড়ুন: পলাশবাড়ীতে ২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কৃষানির কান্না থামছে না

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া, আংশিক মেঘলা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া, আংশিক মেঘলা থাকবে

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য প্রদান করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে সূর্যাস্ত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল তার পোশাকও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল তার পোশাকও

মার্কিন গায়িকা টেইলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস সৃষ্টি করেছেন। এবারের অনুষ্ঠানে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে তিনি ভিএমএ ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানে ৩৬ বছর বয়সী সুইফট বিয়ন্সের সঙ্গে সমান ৩০টি পুরস্কার নিয়ে শুরু করেছিলেন। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের দৃশ্যায়নের জন্য সেরা ভিডিওর পুরস্কার জিতে তার মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা ৩১-এ পৌঁছেছে।

এই গানটি সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর অংশ। নতুন রেকর্ডের পাশাপাশি তিনি প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মাননাও অর্জন করেছেন। ‘ওপালাইট’ গানের ভিডিওতে ১৯৯০-এর দশকের বিজ্ঞাপনচিত্রের ব্যঙ্গাত্মক উপস্থাপনা তিনি লিখেছেন ও পরিচালনা করেছেন।

পুরস্কার গ্রহণের সময় সুইফট তার সম্মাননা প্রয়াত মার্কিন সংগীত তারকা ডলি পার্টনের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, "ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে থাকার সুযোগ পাওয়াটা সবার জন্যই সৌভাগ্যের।"

নজর কাড়ল টেইলরের পোশাক

এই ঐতিহাসিক রাতে টেইলর সুইফটের পোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানের জন্য তিনি গাঢ় নীল রঙের জমকালো পোশাক নির্বাচন করেন। পোশাকটির ওপরের অংশ মখমলের তৈরি ছিল। হাতাকাটা অংশে গলার কাছে জালের মতো স্বচ্ছ নকশা ছিল।

পোশাকের নিচের অংশে রুপালি ঝলমলে নকশার লম্বা স্কার্ট ছিল। উরু পর্যন্ত কাটা নকশার এই স্কার্টে ঝিকিমিকি অলংকরণ তার সাজে আলাদা আকর্ষণ যোগ করেছে। সঙ্গে ঝুলন্ত হীরার দুল ও ঝলমলে নকশার উঁচু হিল ছিল। গাঢ় নীল ও রুপালি রঙের সমন্বয়ে পুরো সাজে জমকালো ভাব ফুটে উঠেছে।

পুরস্কার গ্রহণের সময় সুইফট তার নতুন সম্মাননা প্রয়াত মার্কিন সংগীত তারকা ডলি পার্টনের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, "ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে থাকার সুযোগ পাওয়াটা সবার জন্যই সৌভাগ্যের।"

অনুষ্ঠানে নতুন গান পেশেন্ট জিরোর ভিডিওও প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন। ট্রাভিস কেলসিকে বিয়ের পর এটি সুইফটের প্রথম সংগীত ভিডিও। গানটি ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ অ্যালবামের চারটি নতুন গানের একটি।

পুরস্কারে এগিয়ে নারী শিল্পীরা

এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) নারী শিল্পীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। ৬৮ বছর বয়সী ম্যাডোনা ১৩টি মনোনয়ন নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি আর্টিস্ট অব দ্য ইয়ার, বেস্ট ড্যান্স ও বেস্ট কলাবোরেশন—এই তিনটি পুরস্কার জিতেছেন।

বেস্ট কলাবোরেশন পুরস্কার পেয়েছেন সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ব্রিং ইয়োর লাভ গানের জন্য। গানটি ম্যাডোনার ২০২৬ সালের অ্যালবাম কনফেশন্স টু-এর প্রধান গান।

ম্যাডোনার অ্যালবাম থেকে তৈরি চলচ্চিত্র কনফেশন্স টু আরও দুটি পুরস্কার লাভ করেছে—সেরা চিত্রগ্রহণ ও সেরা কোরিওগ্রাফি। পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা তার ভিএমএ যাত্রার শুরুর দিনের একটি দুর্ঘটনার কথা স্মরণ করেন। ৪৩ বছর আগে প্রথম ভিএমএ অনুষ্ঠানে পারফর্ম করার সময় মঞ্চে পড়ে গিয়ে তার পোশাকের পেছনের অংশ উন্মুক্ত হয়ে গিয়েছিল বলে জানান তিনি।

এবারের অনুষ্ঠানে ম্যাডোনার প্রথম পরিবেশনাও ছিল বিশেষ। ২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সকে চুমু দেওয়ার আলোচিত ঘটনার পর প্রথমবারের মতো ভিএমএর মঞ্চে পারফর্ম করেন তিনি। তার সঙ্গে পরিবেশনায় ছিলেন সাবরিনা কার্পেন্টার। ব্রিটিশ শিল্পী চার্লি এক্সসিএক্সও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল ব্ল্যাকপিংকের সদস্য লিসা ‘ড্রিম’ গানের জন্য সেরা পপ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। তিনি ভিএমএতে সেরা পপ বিভাগে পুরস্কার পাওয়া প্রথম এশীয় একক শিল্পী। গানের ভিডিওতে জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচিও অভিনয় করেছেন।

পুরস্কার গ্রহণের সময় ২৯ বছর বয়সী লিসাকে আবেগাপ্লুত দেখা যায়। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, "তাদের সমর্থন ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না।"

এবারের আয়োজনে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন সিয়েনা স্পিরো। ব্রিটিশ গায়িকা রায়েও অনুষ্ঠানে পারফর্ম করেন। প্রয়াত ডলি পার্টন ও জর্জ মাইকেলকে স্মরণ করে বিশেষ পরিবেশনাও ছিল অনুষ্ঠানে।

স্টেটসাইড গানের জন্য সুইডেনের জারা লারসনের সঙ্গে সেরা শিল্প নির্দেশনার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ গায়িকা পিংকপ্যানথারেস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দল বিটিএস সেরা দল ও ‘সুইম’ গানের জন্য বর্ষসেরা গানের পুরস্কার পেয়েছে। অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’ জিতেছে সেরা বিকল্প গানের পুরস্কার। আর ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মাননা পেয়েছে নির্ভানা।

সূত্র: বিবিসি , ভোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের উদ্বোধন করা হবে।

কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্ক ব্যবহার করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে প্রতারণা কঠোরভাবে দমনের জন্য পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ ও বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন এবং অবকাঠামো তৈরির কাজ চলছে।

সিআইডি জানিয়েছে, বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য চলতি বছর ২১ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়েছে। সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে।

এছাড়া সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত ল্যাব পরিদর্শনের জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগ ও দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ প্রসঙ্গে বলেন, "সাইবার জালিয়াতি, হ্যাকিং ও অনলাইন হয়রানি সংক্রান্ত যেসব মামলা সিআইডিতে আসে, তা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে কর্মরত অফিসারদের সাইবার ট্রেনিং সেন্টার, ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউট (এফটিআই) ও ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চলমান ট্রেনিংয়ে নতুন নতুন মডিউল সংযোজন করা হচ্ছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের উদ্যোগে দেশব্যাপী সাইবার ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স চালু করা হয়েছে, যেখানে সিআইডি’র অফিসাররা অংশগ্রহণ করছেন।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে সাইবার অপরাধ সংক্রান্ত জিআর ৩২টি এবং সিআর ১৫৯টি মিলিয়ে মোট ১৯১ মামলা হয়েছে। এছাড়া সাইবার অপরাধের ঘটনায় এক বছরে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির তথ্যমতে, সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের মাধ্যমে অনুমতি ছাড়া অন্যের ফেসবুক, ই-মেইল বা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে প্রতারণা করছে। ভুয়া লিংক বা ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি অন্যের পরিচয় বা জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে প্রতারণা করা হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেটে বিভিন্ন জনকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও মানহানি করে সাইবার অপরাধীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ যেকোনো অপরাধ দমনে তৎপর রয়েছে। সমাজ থেকে অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ বর্তমানে তাদের প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অত্যন্ত জোরদার ও তৎপর ভূমিকা পালন করছে। ইন্টারনেটের অপব্যবহার, অনলাইন প্রতারণা এবং আর্থিক জালিয়াতি বৃদ্ধির প্রেক্ষাপটে পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার জন্য বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধের মামলা তদন্তের ওপর ১০ দিনের একটি বিশেষ ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স শুরু হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত বিশেষায়িত এই কোর্সের উদ্বোধন করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, সাইবার অপরাধ দমনে পুলিশ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে। সাইবার অপরাধীদের দমনে সক্ষমতা বৃদ্ধি করতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবিতে) একটি সাইবার ল্যাব রয়েছে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) একটি ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন হয়েছে। ডিজিটাল মামলা তদন্তে ডিএমপি থেকে সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাইবার অপরাধে রাজধানীর রমনা বিভাগে ৮৮টি মামলা ও ১৬৩ জনকে গ্রেফতার, লালবাগ বিভাগে ২২টি মামলা ও ২৩ জনকে গ্রেপ্তার এবং ওয়ারী বিভাগে ১২টি মামলা ও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতিঝিল বিভাগে ৩৩টি মামলা ও ৪৯ জনকে গ্রেপ্তার, তেজগাঁও বিভাগে ৫৩টি মামলা ও ৪৯ জনকে গ্রেপ্তার, মিরপুর বিভাগে ৩৩টি মামলা ও ২৭ জনকে গ্রেপ্তার, গুলশান বিভাগে ৩৮টি মামলা ও ৩৭ জনকে গ্রেপ্তার এবং উত্তরা বিভাগে ২৬টি মামলা ও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া লিংক এবং আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতন করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তাদের তথ্যমতে, দেশে সাইবার অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে, বিশেষ করে হ্যাকিং, আর্থিক প্রতারণা এবং নারী ও শিশুদের টার্গেট করে করা অপরাধের হার বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-ভিত্তিক ভয়েস বা ভিডিও ক্লোনিং (ডিপফেক) ব্যবহার করে পরিচিত ব্যক্তির পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার নতুন অপরাধচক্র তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরির চেয়ে বর্তমানে সাইবার ক্রাইম বা ডিজিটাল জালিয়াতি অনেক বেশি আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তার দ্বারা পরিচালিত একটি ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এবং এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, রাখাইনের উত্তরাঞ্চলীয় কিয়াকতাউ শহরের একটি জনবহুল পাইকারি বাজারে জান্তার একটি যুদ্ধবিমান দুটি বোমা ফেলে।

আরাকান আর্মি (এএ) জানিয়েছে, বাজার এবং সংলগ্ন একটি সেতু লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ৫৮ জনের বেশি আহত হয়েছে। আহতের সংখ্যা বেশি হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অং জানিয়েছেন, হামলার শিকার বাজারটি ওই অঞ্চলের মূল অর্থনৈতিক কেন্দ্র ছিল। এটি সাম্প্রতিক সময়ে রাখাইনে সংঘটিত সবচেয়ে ভয়াবহ বিমান হামলাগুলোর মধ্যে একটি। প্রত্যক্ষদর্শীদের দ্বারা ছড়িয়ে দেওয়া ছবিতে দেখা যায়, বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলছে, যানবাহন ধ্বংস হচ্ছে এবং সেতুর অংশ ভেঙে পড়ছে।

জান্তা সরকার বরাবরের মতোই এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা পূর্বে বেসামরিক এলাকা টার্গেট করার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে তারা কেবল 'সন্ত্রাসবাদী' বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বৈধ সামরিক পদক্ষেপ গ্রহণ করছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। প্রায় পাঁচ বছর সামরিক শাসনের পর চলতি বছরের এপ্রিলে সামরিক সমর্থিত সংসদের মাধ্যমে নিজেকে পুনরায় প্রেসিডেন্ট ঘোষণা করে ক্ষমতা সুসংহত করেন সামরিক প্রধান মিন অং হ্লাইং।

এদিকে, রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৩ সালের নভেম্বর থেকে ব্যাপক আক্রমণ শুরু করে রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে। এর প্রতিশোধে জান্তা সেখানে অবরোধ আরোপ করায় চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের ফলে শুধুমাত্র রাখাইনেই প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, সংঘাতের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির মতে, অভ্যুত্থান-পরবর্তী সহিংসতায় মিয়ানমারে এ পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%