বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২৯ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই কথা জানান।
ডাকসু ভিপি পোস্টে উল্লেখ করেন, ২৪ পরবর্তী রাজনীতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে। তিনি বলেন, বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে জনগণের পক্ষে সোচ্চার হয়েছেন।
সাদিক কায়েম লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বারবার বৈঠক করে নিজেদের অতীত পররাষ্ট্রনীতির জন্য বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া, তার বক্তব্যের প্রতিটি লাইনে ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।
শেষে ডাকসু ভিপি আরও লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহির, জনকল্যাণের এবং আধিপত্যবাদের সামনে মাথানত না করার ইনশাআল্লাহ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং অংশীজনদের লক্ষ্যবস্তু করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। তিনি সতর্ক করেছেন যে, "আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।"
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বক্তব্যটি প্রকাশ করেন।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, "জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না।" তিনি বলেন, "আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।"
তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশীয় কোনো শক্তি হিসেবে স্বীকৃতি না দিয়ে বলেন, দিল্লির আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। তিনি অভিযোগ করেন যে, দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
পোস্টের শেষে নাহিদ লেখেন, "সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি উল্লেখ করেছেন, সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন মাদক ও সহিংসতামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। প্রয়োজনে টেন্ডার পাওয়া ব্যক্তির সঙ্গে সমন্বয় করে কাজ তদারক করতে হবে। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করা যাবে না।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে হবে, যাতে তারা রাস্তাঘাটে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বিস্তার ঘটে। তাই সরকার, ডিএসসিসি, বাড়ির মালিক ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেনে ময়লা ফেলার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম যেন আলোচনা ও কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ২৭ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জোনে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটি করপোরেশনের ২০টি অঞ্চলের আওতায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে রাজউক, স্কুল-কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, সরকার এ ধরনের উদ্যোগ নেওয়ায় ভালো হয়েছে। সরকার নীতিমালা তৈরি করলেও তা বাস্তবায়নে সবাইকে একত্র হতে হবে। এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এলাকার মাদক সমস্যা, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ নাগরিক সেবা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সরকারি সংস্থাগুলোতে বিগত সময়ে তৈরি হওয়া অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সরকার ও জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। ফুটপাতে ময়লার ঝুড়ি স্থাপনের পাশাপাশি নিয়ম অমান্যকারীদের জরিমানার ব্যবস্থাও করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট এবং ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল ও হাজারীবাগ থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন। এ ছাড়া ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ছাত্রদলের কর্মীসহ তিনজনকে মারধর করে আহত করেছে। এই ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে, কালীগঞ্জ থানার নিকটবর্তী মুরগি হাটে।
আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রদল কর্মী তৌফিক (২৪), আলমগীর হোসেন (৫০) এবং মাহবুর রহমান (৩০)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসাদুলসহ ২০ থেকে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ছাত্রদলের কর্মীসহ তিনজনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ‘ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার জন্য এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানে সামরিক হামলা পরিচালনার পরিকল্পনা সম্পর্কে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান না চালানোর জন্য আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যে আইজেনকোটের এই সতর্কবার্তা এসেছে।
বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষমতা হস্তান্তরের সময় বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।
চিঠিতে আইজেনকোট আরও লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।’
তিনি সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
এ বিষয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরসূরি সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও অব্যাহত রয়েছে।
ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ