বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩১ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ছাত্রদলের কর্মীসহ তিনজনকে মারধর করে আহত করেছে। এই ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে, কালীগঞ্জ থানার নিকটবর্তী মুরগি হাটে।
আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রদল কর্মী তৌফিক (২৪), আলমগীর হোসেন (৫০) এবং মাহবুর রহমান (৩০)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসাদুলসহ ২০ থেকে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ছাত্রদলের কর্মীসহ তিনজনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ‘ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার জন্য এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানে সামরিক হামলা পরিচালনার পরিকল্পনা সম্পর্কে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান না চালানোর জন্য আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যে আইজেনকোটের এই সতর্কবার্তা এসেছে।
বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষমতা হস্তান্তরের সময় বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।
চিঠিতে আইজেনকোট আরও লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।’
তিনি সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
এ বিষয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরসূরি সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও অব্যাহত রয়েছে।
ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে আজীবন বহিষ্কার করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। অনলাইন গণমাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই হুমকি দেন।
জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন যে, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা মোর্শেদুল হকের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক রাখবেন না।
মোর্শেদুল হক বুধবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, ‘টেলিগ্রাম নিউজ (কক্সবাজারের আঞ্চলিক অনলাইন গণমাধ্যম) অফিসটা কোথায়? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’
টেলিগ্রাম নিউজের সম্পাদক দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলার শিকার হন। এরফান অভিযোগ করেন, এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে তার ওপর হামলা করে। সাংবাদিক এরফানের ওপর হামলার পর টেলিগ্রাম নিউজ এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় মোর্শেদুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।
তিনি বলেন, ‘কোনো সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান জানান, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন এবং এটি দলের জন্য বিব্রতকর। তিনি আরও বলেন, মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। অতিরিক্ত উৎসাহের কারণে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মোর্শেদুল হকের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ রেলওয়ে পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ টিকিট বিক্রি শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট কেনার সুযোগ রয়েছে। বর্তমানে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার জন্য টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
পাবনা থেকে ঢাকা রুটের ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এই দামে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যুক্ত হবে। ফলে, মোট টিকিটের দাম দাঁড়াচ্ছে ৪৪৫ টাকা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত পাবনা ‘গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা ‘প্রভাতি এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এই দিন ধার্য করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। কিন্তু সেদিন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। একই ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। তবে এক আসামির অসুস্থতার কারণে শুনানি আবারও পিছিয়ে দেয়া হয়।
এই মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।
অন্যদিকে, মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং ইমরান এইচ সরকার।
এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী পলাতক আসামির তালিকায় রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে অভিযান চালানো হয়। অভিযানে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অংশগ্রহণ করে। অভিযানে শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় বলে তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।
প্রসিকিউশনের তথ্যমতে, হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ