প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানে সামরিক হামলা পরিচালনার পরিকল্পনা সম্পর্কে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান না চালানোর জন্য আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যে আইজেনকোটের এই সতর্কবার্তা এসেছে।
বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষমতা হস্তান্তরের সময় বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।
চিঠিতে আইজেনকোট আরও লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।’
তিনি সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
এ বিষয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরসূরি সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও অব্যাহত রয়েছে।
ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন