ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি


ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন ফেনী সীমান্ত এলাকায় অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


প্রেমের বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল এই দুই তারকার। বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। তবে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে অভিনেত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পূর্বে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাঁদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ঘটে। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা জানতে আগ্রহী, কে এই তারকা জুটি। নানা সূত্র মিলিয়ে সম্ভাব্য কয়েকটি নাম উঠতে শুরু করে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একইসঙ্গে তিনি নিজোর কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্ট নিয়েও নতুন গুঞ্জন শুরু হয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুপমা অথবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি; এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যে সীমাবদ্ধ।

এদিকে, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু উন্নয়নে সহযোগিতাকে জোরদার করতে সমাজকল্যাণমন্ত্রী জাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


নারী ও শিশু উন্নয়নে সহযোগিতাকে জোরদার করতে সমাজকল্যাণমন্ত্রী জাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শারলে আজ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎকালে নারী ক্ষমতায়ন, শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করতে আলোচনা হয়েছে। নারীর অধিকার, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, ফ্যামিলি কার্ড কর্মসূচি, এমসিবিপি, মিড-ডে মিল কর্মসূচি এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকারের বৃহত্তর লিঙ্গসমতা নীতির অংশ হিসেবে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকার নারীদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছে। এর ফলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি কর্মক্ষেত্রেও তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। কর্মজীবী মায়েদের সহায়তায় দেশব্যাপী ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং শিশু সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্যোগগুলোর ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি নারীর দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে ফ্রান্সের কারিগরি ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী ফ্রান্সে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি নারী কেয়ারগিভারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশি নারীদের তৈরি হস্তশিল্প পণ্যের রপ্তানি সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে ফরাসি রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দেন।

ফরাসি রাষ্ট্রদূত আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় নারীবাদভিত্তিক পররাষ্ট্রনীতি সম্মেলনে অংশ নেওয়ার জন্য মন্ত্রী জাহিদ হোসেনকে আমন্ত্রণ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলাপোকা আন্দোলনে গুরুতর আহত তরুণী, শঙ্কাজনক শারীরিক অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


তেলাপোকা আন্দোলনে গুরুতর আহত তরুণী, শঙ্কাজনক শারীরিক অবস্থা

ভারতের নয়াদিল্লীতে জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকা ‘সংসদ অভিযান’ কর্মসূচি কেন্দ্র করে রাজধানী দিল্লিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সোমবার পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পদদলিত হওয়ার ঘটনায় গুরুতর আহত এক ২২ বছর বয়সী তরুণীর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটায়, তাকে রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণীকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে এবং তার ঘাড়ে ও মাথায় একাধিক অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

সামাজিক মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, যন্তর মন্তরের অবস্থান মঞ্চের অদূরে শ্রমশক্তি ভবনের কাছে যারা বিক্ষোভকারীদের জমায়েতে যোগ দেন, সেখানেই পুলিশ কাদানে গ্যাসের সেল ছুড়লে বিশৃঙ্খলা ও দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় ওই তরুণী ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান এবং পদদলিত হয়ে মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পান।

দিল্লি পুলিশ জানিয়েছে, কর্মসূচির অনুমতি না থাকলেও সোমবার ককরোচ জনতা পার্টির প্রায় ২০ হাজার ছাত্র-যুব সদস্য হাতে জাতীয় পতাকা ও সংবিধান নিয়ে যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেন। বাদল অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বাসস্থান ও সংসদ চত্বর সুরক্ষিত রাখতে পুলিশ একাধিক ব্যারিকেড দিয়ে পথ রোধ করে। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধা ঠেলে সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে গেট বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।

পুলিশের হিসাব অনুযায়ী, এই সংঘাতের ঘটনায় ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়। চিকিৎসাসেবা নিশ্চিতের পর মঙ্গলবার সকালের দিকে হাসপাতালে ভর্তি থাকা আহত অন্তত ৭৯ জন ছাত্র-যুবকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইসিইউতে থাকা তরুণীসহ আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে, পুলিশের দাবি অনুযায়ী, সংঘর্ষের মুখে পড়ে অন্তত ১১৮ জন পুলিশ ও নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ ও নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার চেয়ে গড়ে ওঠা এই আন্দোলনের সমর্থনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। তবে সিজেপির পক্ষ থেকে এটিকে স্রেফ লোক দেখানো মন্তব্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধের কারণে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


জমি নিয়ে বিরোধের কারণে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া

চাঁদপুরের মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের ফলস্বরূপ একটি মসজিদের প্রধান প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলার ভূঁইয়াকান্দি দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১৯৮২ সালে তিন ভাই শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেন সম্মতিক্রমে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করেন। পরবর্তীতে রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য বড় ভাই শফিকুল ইসলাম ও ছোট ভাই মনির হোসেন আরও এক শতাংশ জমি মসজিদের নামে দান করেন। দীর্ঘ সময় ধরে ওই জমির ওপরেই মসজিদ পরিচালনা হয়ে আসছিল।

তাদের অভিযোগ, গত সাত থেকে আট বছর ধরে রফিকুল ইসলাম কি ধরনের মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা প্রদান করে আসছেন। এমনকি, মসজিদের গাছগুলো কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সর্বশেষ, তিনি মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে মুসল্লিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

নামাজ আদায় করতে আসা কয়েকজন মুসল্লি জানিয়েছেন, তারা প্রতিদিনের মতো মসজিদে এসে হঠাৎ করে প্রবেশপথে বাঁশের বেড়া দেখতে পান। এতে মসজিদে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা এ ঘটনার শান্তিপূর্ণ ও দ্রুত সমাধান চান।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম বলেন, প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে মুসল্লিদের নিয়মিত মসজিদে আসায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান বলেছেন, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর বিষয়টি সামনে এসেছে। তিন ভাইয়ের দান করা জমির ওপরেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং এলাকার মানুষদের সহযোগিতায় পাকা মসজিদ নির্মিত হয়েছে। সম্প্রতি রফিকুল ইসলাম দাবি করেছেন, মসজিদের কিছু অংশ তার জমির মধ্যে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিন ভাইকে একসঙ্গে বসার আহ্বান জানানো হলেও তা করা হয়নি। কোনও আলোচনা ছাড়াই হঠাৎ করে মসজিদের প্রবেশপথে বেড়া দেওয়ায় এলাকাবাসী বিস্মিত এবং ক্ষুব্ধ হয়েছেন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ‘আমি কোনো কিছু কর্ম গোপন করিনি। যে জায়গায় বেড়া দিয়েছি, সেটি আমার নিজস্ব জায়গা। আমাকে বাধ্য করা হয়েছে বলেই এই কাজটি করতে হয়েছে। বিষয়টি যদি আইনগত বা সামাজিকভাবে নিষ্পত্তি হয়, আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রস্তুত।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখে জানতে পেরেছেন। তবে, সেটি মতলব উত্তরের ঘটনা হিসেবে নিশ্চিত ছিলেন না। যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ বা কোনো ব্যক্তির চলাচলের পথ বন্ধ হয়ে থাকে, তাহলে প্রশাসন অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

তিনি আরও বলেছেন, যেকোনও পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেব। ব্যক্তিগত বিরোধ থাকলেও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ এইভাবে বন্ধ করে রাখা গ্রহণযোগ্য নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%