০৯:১৩ পি.এম
মাদারীপুর, ২১ অক্টোবর, ২০২৬ : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার মন্তব্য করেছেন, বিরোধী পক্ষ ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে সরকারের কার্যক্রম নিয়ে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। তিনি এসময় এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা নিয়ে কথা বলেন।
গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘বিরোধীরা সরকারের কার্যক্রম নিয়ে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পারায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। যারা শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি
তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে তাদের মাঠে দেখা যাচ্ছে না। তিনি মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলার কথা উল্লেখ করে বলেন, ‘কোথায় এখন জামায়াত? এখন তো আর জামায়াতকে দেখা যাচ্ছে না।’
এনসিপি ও জামায়াতের ভূমিকা সম্পর্কে বিএনপি’র এই নেতা বলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে এনসিপি ও জামায়াত বিশ্লেষণ শুরু করেছে। এই বিষয়কে কেন্দ্র করে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি’র সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন।
জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গে খোকন তালুকদার বলেন, ‘জামায়াতের আমির বলেছিলেন, ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন ফ্যামিলি কার্ড নেয়ার জন্য জামায়াতের প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নেবেন। যারা মানুষকে দেয়া কথা রাখতে পারে না, যাদের কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন