০৮:৩২ পি.এম
কক্সবাজার, ৩০ জুন, ২০২৬: জেলার রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এসময় একটি মিনিট্রাকও জব্দ করা হয় এবং দুইজন পাচারকারীকেও আটক করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রামু উপজেলা প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭), যিনি বর্তমানে রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন।
বিজিবি জানান, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে পরিবহন করার তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে রামুর দিক থেকে আসা মিনি ট্রাকটি বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছালে তাকে থামানো হয়।
পরে মিনি ট্রাকটির তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং চালকসহ দুইজন অভিযুক্তকে আটক করা হয়।
জব্দ করা ইউরিয়া সার ও মিনিট্রাকসহ আটকদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক চোরাচালানকারীদের বরাত দিয়ে জানা গেছে, জব্দকরা ইউরিয়া সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে উখিয়া উপজেলার কুতুপালং বাজারে মজুদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জব্দ করা সার, পরিবহনে ব্যবহৃত গাড়ি ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তের চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রস্তুতির কাজ হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন