ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাত পোহালেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা


রাত পোহালেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

রাত পোহালেই অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে।

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরইমধ্যে জারি করেছে শিক্ষা বোর্ড।

 

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

 

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

 

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

 

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদরা।

 

 

এবার সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই রাজধানী ঢাকায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

 

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা, ক্যালকুলেটর ব্যবহার, শৌচাগার তল্লাশি এবং ডিজিটাল নজরদারিসহ মোট ৩৫টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

 

নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম কক্ষপরিদর্শক রাখা যাবে না। বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড। পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে দুজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

 

 

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের পাহারায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে। পরে মোবাইলের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে কোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন: নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি সূত্রে জানা যায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেয়া হবে।

 

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এগুলো হলো—

 

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

৪. ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

৫. পরীক্ষা বিরতিহীনভাবে চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৬. সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট।

৭. বিকেল ২টার পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং বেলা ২টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে বেলা ২টা ২৫ মিনিট।

৮. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯. প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

১০. উত্তরপত্রের ওএমআর অংশে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ সব তথ্য সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রের মার্জিনে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

১১. তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক—প্রযোজ্য ক্ষেত্রে প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

১২. শুধু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেওয়া যাবে। অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

১৩. পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবেন।

১৪. শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। Education

১৫. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামমন্দির ইস্যুতে কংগ্রেসের নতুন আক্রমণ, মোদীকে ঘিরে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


রামমন্দির ইস্যুতে কংগ্রেসের নতুন আক্রমণ, মোদীকে ঘিরে উঠছে প্রশ্ন

অযোধ্যার রামমন্দিরে দানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস নতুনভাবে সরব হয়েছে। দলটির অভিযোগ হলো, ঘটনাটির প্রেক্ষিতে সরকার নীরব থেকেছে এবং নিরপেক্ষ তদন্তের পরিবর্তে বিষয়টি আড়াল করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩০ জুন) অযোধ্যায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছিল উত্তর প্রদেশ কংগ্রেস। তবে তাতে দলের দাবি, কর্মসূচি শুরুর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়সহ বেশ কয়েকজন নেতাকে পুলিশ আটকে দেয়।

কংগ্রেসের অভিযোগ, অযোধ্যায় যাওয়ার পথও তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য ছিল, অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত।

নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেন, রামমন্দিরে ভক্তদের দানের অর্থ নিয়ে ওঠা অভিযোগটি অত্যন্ত গুরুতর।

তিনি আরও দাবি করেন, বিষয়টির তদন্ত সুপ্রিম কোর্টের বর্তমান কোন বিচারপতির তত্ত্বাবধানে করা উচিত এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কংগ্রেসের অভিযোগের বিষয়ে বিজেপি বা রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামমন্দির একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়। তাই এই ঘটনাকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, অযোধ্যায় কংগ্রেসের কর্মসূচি বাধা দেওয়ার অভিযোগও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী দলটির দাবি হলো, তাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। রামমন্দিরে দানের অর্থ নিয়ে ওঠা অভিযোগ, তদন্তের দাবি এবং এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর বর্তমানে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরু জবাইয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ তামিলনাড়ু সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


গরু জবাইয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ তামিলনাড়ু সরকারের

ভারতের তামিলনাড়ুতে গরু এবং বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বক্তব্য হলো, হাইকোর্ট মামলার মূল বিষয়ের সীমা অতিক্রম করে এমন একটি নির্দেশ দিয়েছে, যা রাজ্যের বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

আইন বিষয়ক গণমাধ্যম লাইভ এল এবং বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মে হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন এবং বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণের বেঞ্চ বিতর্কিত আদেশটি প্রদান করেন।

মামলাটি দায়ের করেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মাক্কাল কাচ্চি-র সাধারণ সম্পাদক। আবেদনে দাবি করা হয়, ঈদুল আজহা (বকরিদ) উপলক্ষে কোয়েম্বাটুরে যেন প্রকাশ্যে পশু জবাই না হয় এবং কেবলমাত্র সরকার কর্তৃক অনুমোদিত নির্ধারিত কসাইখানার মধ্যে জবাইয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

তামিলনাড়ু সরকার হাইকোর্টকে জবাবে জানায়, প্রকাশ্য স্থানে পশু জবাই বন্ধে ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে, অনুমোদিত কসাইখানা চিহ্নিত করা হয়েছে, পরিদর্শনের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং কেবল অনুমোদিত স্থাপনায় জবাই নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।

শুনানির সময় হাইকোর্ট প্রথমে নির্দেশ দেয় যে, পশু জবাই শুধুমাত্র নির্ধারিত কসাইখানায় করতে হবে। তবে পরবর্তীতে আদালত নির্দেশ দেয় যে, ‘বকরিদের আগের দিন কিংবা বছরের অন্য কোনো দিনেই কোনো গরু বা বাছুর জবাই করা যাবে না।’ এই নির্দেশ বর্তমানে আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে তামিলনাড়ু সরকার জানাচ্ছে, হাইকোর্টের এই নির্দেশ কার্যত গোটা রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর এক সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা তামিলনাড়ু অ্যানিমাল প্রিজারভেশন অ্যাক্ট, ১৯৫৮-এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

সরকারের বক্তব্য অনুযায়ী, ওই আইনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজননের জন্য অনুপযুক্ত গরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষে জবাইয়ের অনুমতি রয়েছে। এছাড়াও, পশু জবাই-সংক্রান্ত অন্যান্য আইনে জবাইয়ের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করা হয়েছে, কিন্তু কোথাও সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়নি।

সরকার আরও দাবি করেছে, মামলার আবেদনে রাজ্যব্যাপী গরু জবাই নিষিদ্ধ করার কোনো আবেদনই ছিল না। ফলস্বরূপ, হাইকোর্ট এমন একটি প্রতিকার দিয়েছে, যা মামলায় চাওয়া হয়নি এবং এইভাবে আদালত কার্যত বিদ্যমান আইনের পরিবর্তে নতুন আইন তৈরির মতো ভূমিকা নিয়েছে।

তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের কাছে মাদ্রাজ হাইকোর্টের ২৭ মে-র আদেশ বাতিলের আবেদন জানিয়েছে। পাশাপাশি, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশের কার্যকারিতা স্থগিত রাখার জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও চেয়েছে।

এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তামিলনাড়ুতে গরু এবং বাছুর জবাই-সংক্রান্ত বিদ্যমান আইনি কাঠামো বহাল থাকবে, না হয় হাইকোর্টের নির্দেশ কার্যকর থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলভারেজের জন্য বার্সার আনুষ্ঠানিক প্রস্তাবের কথা জানালেন লাপোর্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ এম


আলভারেজের জন্য বার্সার আনুষ্ঠানিক প্রস্তাবের কথা জানালেন লাপোর্তা

হুলিয়ান আলভারেজের ওপর নাকি অনেকের নজর। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও পিএসজির মতো ক্লাবগুলো তাকে দলে নিতে চায়। বার্সেলোনার নামও এই কাতারে আছে। দলটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবার নিশ্চিত করেছেন, তারা আলভারেজের জন্য আসলেই প্রস্তাব পাঠিয়েছেন।

২৬ বছর বয়সি আর্জেন্টাইনের জন্য বার্সেলোনার প্রস্তাব ১০০ মিলিয়ন ইউরোর। রবার্ট লেভানডোভস্কির জায়গা পূরণ করতে এই খরচ করতে আগ্রহী তারা। লেভানডোভস্কি এই সপ্তাহে শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন।

 

বার্সার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার অনুষ্ঠানে লাপোর্তা বলেন, ‘আমাদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো আলভারেজের জন্য নির্দিষ্ট অঙ্কের একটি প্রস্তাব দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে থাকার সময় থেকেই সে বার্সেলোনায় আসতে চেয়েছিল।

 

 

তিনি বলেন, ‘আমি অ্যাতলেটিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা আলভারেজকে ছাড়তে চান না। তবে আমাদের প্রস্তাব বহাল আছে এবং আমরা সেটিতে অটল। চুক্তিটি এখনও সম্ভব, কিন্তু আমাদের প্রস্তাব অনির্দিষ্টকালের জন্য খোলা থাকবে না। অ্যাতলেটিকো না বলেছে, কারণ তাদের বিকল্প কোনো খেলোয়াড় নেই। তারা যদি একজন বিকল্প খুঁজে পায়, তাহলে দেখা যাবে কী হয়।’

 

গত সপ্তাহে আলভারেজ ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করার পর গিল মারিন অভিযোগ করেন, বার্সেলোনা ‘চরম অসম্মান’ দেখিয়েছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ একজন খেলোয়াড়কে প্রলুব্ধ করার অভিযোগে তারা ফিফার কাছে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ জানাবে বলেও হুঁশিয়ারি দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়া বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার এক নার্সের ম-রদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


ভাড়া বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার এক নার্সের ম-রদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লাকি আক্তার নামের একজন নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে, যখন উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

লাকি আক্তার (২৮) হচ্ছেন পঞ্চগড়ের আটোয়ारी উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের মো. সামসুল হুদার কন্যা। তিনি গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত। তিনি স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি বাড়িতে ভাড়ায় থাকতেন।

এ বিষয়ে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯ বছর আগে লাকির বিবাহ হয়েছিল। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি নিজের কর্মস্থল গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে দায়িত্ব পালন করেন। এরপর বিকেল সাড়ে ৪টার সময় ভাড়া বাসার দ্বিতীয় তলায় পাখার লোহার হুকের সঙ্গে গলায় লায়লনের রশি পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এই খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া জানিয়েছেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জন্য তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানিয়েছেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। পুলিশের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%