বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় বাগবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় আসার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।
বুধবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।
গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে রুমিন ফারহানা ও ওসির মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, "খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।" দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’ একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত ছিল এবং এটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে।
মেক্সিকো উপসাগরের তলদেশে বুধবার (১১ নভেম্বর) জাহাজটি ডুবানো হয়। এটি এখন বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহৃত হবে।
ফ্লোরিডার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৯৯০ ফুট দীর্ঘ এই জাহাজটি ডুবানো হয়। টাইটানিকের চেয়ে এটি ১০৮ ফুট লম্বা। জাহাজটি ডুবতে কয়েক ঘণ্টা সময় নেয়। এর অবস্থান হবে সমুদ্রের প্রায় ৫৫ মিটার গভীরে, যেখানে ডুবুরিরা সহজে যেতে পারবেন।
১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রা শুরু করা এই জাহাজটি একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির রেকর্ড গড়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, জন এফ কেনেডি, অভিনেত্রী গ্রেস কেলি ও এলিজাবেথ টেলরের মতো বিখ্যাত ব্যক্তিরা এতে ভ্রমণ করেছেন।
১৯৬৯ সালে জাহাজটি অবসরে যায় এবং দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে পড়ে ছিল। অবশেষে, এটি বাতিল করে ভাঙার পরিবর্তে ১ কোটি ৩৫ লাখ ডলারের প্রকল্পের আওতায় কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।
কর্তৃপক্ষের আশা, জাহাজটিকে ঘিরে নতুন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরি হবে। এটি ডুবুরি ও মাছ ধরতে আগ্রহীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
সূত্র: এবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী সপ্তাহে বেইজিং ও মস্কোর সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বুধবার (১১ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকসহ শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো বিভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে শীর্ষ নেতাদের মধ্যে অর্থবহ আলোচনা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে তারা একমত হয়েছেন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ সপ্তাহে জানিয়েছে, বৈশ্বিক সুশাসনের বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে এই ত্রিপক্ষীয় বৈঠক থেকে পারমাণবিক অস্ত্রাগারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে একটি অঙ্গীকার আসতে পারে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেনজেন সফরের মাত্র কয়েক দিন আগে এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়। এটি চলতি বছরে দুই নেতার মধ্যে তৃতীয় সরাসরি বৈঠক হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসন্ন এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করবেন।
পারমাণবিক আলোচনায় আগ্রহী ট্রাম্প যেকোনো ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক ইস্যুগুলোকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার ওপর জোর দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, "পারমাণবিক অস্ত্র ও নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলার জন্যই আমরা এই বৈঠক করব। নিরস্ত্রীকরণের ভিত্তিতেই আমরা বৈঠকের সময়সূচি নির্ধারণ করব এবং এটি বিশ্বের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়।"
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তিন দেশকে নিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার জন্য চাপ দিয়ে আসছে, তবে চীন বরাবরই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দু এখন সম্ভাব্য ঐকমত্যের ক্ষেত্রগুলোর দিকে সরে যাচ্ছে, বিশেষ করে পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকার ওপর।
তবে ফোনালাপের বিষয়ে চীনের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ত্রিপক্ষীয় বৈঠকের কোনো উল্লেখ করা হয়নি; সেখানে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের কথাই বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ওয়াং ইর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন রূপকল্পের তাৎপর্য আরও সমৃদ্ধ করতে দুই রাষ্ট্রপ্রধান একমত হয়েছেন। এটি দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার সঠিক পথ অন্বেষণে আরও স্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা দেবে। ওয়াং আরও বলেন, "চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই স্থিতিশীল গতি সহজে আসেনি, বরং নিজ নিজ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এটি দুই বৃহৎ দেশের একটি যৌক্তিক সিদ্ধান্ত।"
বিবৃতিতে এই ফোনালাপকে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, চীন যোগাযোগ জোরদার করতে এবং মতপার্থক্য ও সংবেদনশীল বিষয়গুলো সঠিকভাবে সামাল দিতে আগ্রহী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ওয়াং ই বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ রয়েছে।
চীনা উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বেসেন্ট ও গ্রিয়ারের ভিডিও কলের কয়েক দিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অর্থনৈতিক ও এআই-সংক্রান্ত আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করতে চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
শুক্রবারের ওই ফোনালাপের এক দিন আগে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আরও কৃষিপণ্য কেনার বিষয়টি উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর একটি পৃথক চুক্তি বাস্তবায়নের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং লিং বলেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর বিষয়ে চীন সবসময় উদার মনোভাব পোষণ করে, তবে শর্ত হলো উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।
গত মাসে জেমিসন গ্রিয়ার জানিয়েছিলেন, এই সীমিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। শুল্ক হ্রাসকে ‘একটি নীতিগত ফলাফল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছিলেন, এর জন্য আইনি সিদ্ধান্তের প্রয়োজন। তিনি বলেন, "আমাদের আইনি প্রক্রিয়া মেনেই এগোতে হবে।"
আগামী ১৮-১৯ নভেম্বর শেনজেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের আগে বেসেন্ট এবং হে লিফেংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বেসেন্ট ও হে অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি এআই সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।
মঙ্গলবার নিউইয়র্কে ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনসের ৬০তম বার্ষিকীর নৈশভোজে দেওয়া বক্তৃতায় মার্কিন অর্থমন্ত্রী বলেন, অভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং দুই ব্যবস্থার মধ্যে ভুল-বোঝাবুঝি এড়াতে ওয়াশিংটন ও বেইজিং এআই নিয়ে একটি নতুন সংলাপ শুরুর গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছে। তিনি আরও বলেন, উন্নত এআই মডেলগুলো উন্মুক্ত করার আগে সেগুলোর মূল্যায়ন ও পরীক্ষার সেরা পদ্ধতিগুলো বিনিময় করার এবং এই প্রযুক্তির নিয়ন্ত্রণে মানুষের বিচারবুদ্ধিকে সুদৃঢ় রাখার বিষয়েও আমরা আশাবাদী।
বেসেন্ট যোগ করেন, এআই মডেল-সংক্রান্ত কোনো গুরুতর ঘটনা ঘটলে এক দেশ যেন অন্য দেশকে তাৎক্ষণিকভাবে সতর্ক করতে পারে, সেজন্য উভয় পক্ষ একটি সরাসরি যোগাযোগ মাধ্যম (ডাইরেক্ট চ্যানেল) স্থাপন করছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের বৈঠকে দুই দেশ এআইয়ের ‘ঝুঁকি ও সুবিধা’ নিয়ে একটি সংলাপ কাঠামো এবং এআই-সংক্রান্ত ঘটনার জন্য একটি ‘দ্বিপাক্ষিক যোগাযোগ মাধ্যম’ তৈরিতে একমত হয়েছিল। সাউথ চায়না মর্নিং পোস্ট গত মাসে জানিয়েছিল, সেপ্টেম্বরে ঘোষিত ওই কাঠামোর বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করতে দুই দেশের কারিগরি দল নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে আসন্ন বৈঠকগুলোতে এআই সহযোগিতাকে একটি অন্যতম অর্জন হিসেবে তুলে ধরা যায়।
এ ছাড়া আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে চলতি বছরে চতুর্থবারের মতো ট্রাম্প ও শির বৈঠক হওয়ার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার ক্রিকেটের ইতিহাসে নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে স্থান পাচ্ছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে প্রদর্শনীর জন্য এই ব্যাটগুলো তিনি উপহার দিচ্ছেন।
‘ব্যাটোগ্রাফি’ নামের এই বিশেষ প্রদর্শনী শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় অধ্যায়গুলোকে তুলে ধরবে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ হবে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত ব্যাটগুলো।
এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরের সংগ্রহে নতুন মাত্রা যুক্ত হবে। দর্শনার্থীরা ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে সম্পর্কিত সরঞ্জামগুলো কাছ থেকে দেখতে পারবেন এবং সেসবের পেছনের গল্পও জানতে পারবেন।
শচীনের স্মারকগুলো জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়াকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ক্রিকেটের নতুন প্রজন্ম কিংবদন্তি এই খেলোয়াড়ের অসাধারণ কীর্তি সম্পর্কে জানার সুযোগ পাবে।
শুধু ব্যাট নয়, প্রদর্শনীতে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটসহ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক স্থান পাবে।
প্রদর্শনীটির উদ্বোধন আগামী ১৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেন তিনি। ওই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্রিকেটের এই মহাতারকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ