বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৫ পি.এম
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’ একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত ছিল এবং এটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে।
মেক্সিকো উপসাগরের তলদেশে বুধবার (১১ নভেম্বর) জাহাজটি ডুবানো হয়। এটি এখন বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহৃত হবে।
ফ্লোরিডার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৯৯০ ফুট দীর্ঘ এই জাহাজটি ডুবানো হয়। টাইটানিকের চেয়ে এটি ১০৮ ফুট লম্বা। জাহাজটি ডুবতে কয়েক ঘণ্টা সময় নেয়। এর অবস্থান হবে সমুদ্রের প্রায় ৫৫ মিটার গভীরে, যেখানে ডুবুরিরা সহজে যেতে পারবেন।
১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রা শুরু করা এই জাহাজটি একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির রেকর্ড গড়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, জন এফ কেনেডি, অভিনেত্রী গ্রেস কেলি ও এলিজাবেথ টেলরের মতো বিখ্যাত ব্যক্তিরা এতে ভ্রমণ করেছেন।
১৯৬৯ সালে জাহাজটি অবসরে যায় এবং দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে পড়ে ছিল। অবশেষে, এটি বাতিল করে ভাঙার পরিবর্তে ১ কোটি ৩৫ লাখ ডলারের প্রকল্পের আওতায় কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।
কর্তৃপক্ষের আশা, জাহাজটিকে ঘিরে নতুন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরি হবে। এটি ডুবুরি ও মাছ ধরতে আগ্রহীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
সূত্র: এবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী সপ্তাহে বেইজিং ও মস্কোর সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বুধবার (১১ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকসহ শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো বিভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে শীর্ষ নেতাদের মধ্যে অর্থবহ আলোচনা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে তারা একমত হয়েছেন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ সপ্তাহে জানিয়েছে, বৈশ্বিক সুশাসনের বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে এই ত্রিপক্ষীয় বৈঠক থেকে পারমাণবিক অস্ত্রাগারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে একটি অঙ্গীকার আসতে পারে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেনজেন সফরের মাত্র কয়েক দিন আগে এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়। এটি চলতি বছরে দুই নেতার মধ্যে তৃতীয় সরাসরি বৈঠক হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসন্ন এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করবেন।
পারমাণবিক আলোচনায় আগ্রহী ট্রাম্প যেকোনো ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক ইস্যুগুলোকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার ওপর জোর দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, "পারমাণবিক অস্ত্র ও নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলার জন্যই আমরা এই বৈঠক করব। নিরস্ত্রীকরণের ভিত্তিতেই আমরা বৈঠকের সময়সূচি নির্ধারণ করব এবং এটি বিশ্বের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়।"
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তিন দেশকে নিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার জন্য চাপ দিয়ে আসছে, তবে চীন বরাবরই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দু এখন সম্ভাব্য ঐকমত্যের ক্ষেত্রগুলোর দিকে সরে যাচ্ছে, বিশেষ করে পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকার ওপর।
তবে ফোনালাপের বিষয়ে চীনের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ত্রিপক্ষীয় বৈঠকের কোনো উল্লেখ করা হয়নি; সেখানে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের কথাই বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ওয়াং ইর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন রূপকল্পের তাৎপর্য আরও সমৃদ্ধ করতে দুই রাষ্ট্রপ্রধান একমত হয়েছেন। এটি দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার সঠিক পথ অন্বেষণে আরও স্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা দেবে। ওয়াং আরও বলেন, "চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই স্থিতিশীল গতি সহজে আসেনি, বরং নিজ নিজ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এটি দুই বৃহৎ দেশের একটি যৌক্তিক সিদ্ধান্ত।"
বিবৃতিতে এই ফোনালাপকে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, চীন যোগাযোগ জোরদার করতে এবং মতপার্থক্য ও সংবেদনশীল বিষয়গুলো সঠিকভাবে সামাল দিতে আগ্রহী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ওয়াং ই বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ রয়েছে।
চীনা উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বেসেন্ট ও গ্রিয়ারের ভিডিও কলের কয়েক দিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অর্থনৈতিক ও এআই-সংক্রান্ত আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করতে চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
শুক্রবারের ওই ফোনালাপের এক দিন আগে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আরও কৃষিপণ্য কেনার বিষয়টি উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর একটি পৃথক চুক্তি বাস্তবায়নের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং লিং বলেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর বিষয়ে চীন সবসময় উদার মনোভাব পোষণ করে, তবে শর্ত হলো উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।
গত মাসে জেমিসন গ্রিয়ার জানিয়েছিলেন, এই সীমিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। শুল্ক হ্রাসকে ‘একটি নীতিগত ফলাফল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছিলেন, এর জন্য আইনি সিদ্ধান্তের প্রয়োজন। তিনি বলেন, "আমাদের আইনি প্রক্রিয়া মেনেই এগোতে হবে।"
আগামী ১৮-১৯ নভেম্বর শেনজেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের আগে বেসেন্ট এবং হে লিফেংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বেসেন্ট ও হে অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি এআই সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।
মঙ্গলবার নিউইয়র্কে ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনসের ৬০তম বার্ষিকীর নৈশভোজে দেওয়া বক্তৃতায় মার্কিন অর্থমন্ত্রী বলেন, অভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং দুই ব্যবস্থার মধ্যে ভুল-বোঝাবুঝি এড়াতে ওয়াশিংটন ও বেইজিং এআই নিয়ে একটি নতুন সংলাপ শুরুর গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছে। তিনি আরও বলেন, উন্নত এআই মডেলগুলো উন্মুক্ত করার আগে সেগুলোর মূল্যায়ন ও পরীক্ষার সেরা পদ্ধতিগুলো বিনিময় করার এবং এই প্রযুক্তির নিয়ন্ত্রণে মানুষের বিচারবুদ্ধিকে সুদৃঢ় রাখার বিষয়েও আমরা আশাবাদী।
বেসেন্ট যোগ করেন, এআই মডেল-সংক্রান্ত কোনো গুরুতর ঘটনা ঘটলে এক দেশ যেন অন্য দেশকে তাৎক্ষণিকভাবে সতর্ক করতে পারে, সেজন্য উভয় পক্ষ একটি সরাসরি যোগাযোগ মাধ্যম (ডাইরেক্ট চ্যানেল) স্থাপন করছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের বৈঠকে দুই দেশ এআইয়ের ‘ঝুঁকি ও সুবিধা’ নিয়ে একটি সংলাপ কাঠামো এবং এআই-সংক্রান্ত ঘটনার জন্য একটি ‘দ্বিপাক্ষিক যোগাযোগ মাধ্যম’ তৈরিতে একমত হয়েছিল। সাউথ চায়না মর্নিং পোস্ট গত মাসে জানিয়েছিল, সেপ্টেম্বরে ঘোষিত ওই কাঠামোর বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করতে দুই দেশের কারিগরি দল নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে আসন্ন বৈঠকগুলোতে এআই সহযোগিতাকে একটি অন্যতম অর্জন হিসেবে তুলে ধরা যায়।
এ ছাড়া আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে চলতি বছরে চতুর্থবারের মতো ট্রাম্প ও শির বৈঠক হওয়ার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার ক্রিকেটের ইতিহাসে নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে স্থান পাচ্ছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে প্রদর্শনীর জন্য এই ব্যাটগুলো তিনি উপহার দিচ্ছেন।
‘ব্যাটোগ্রাফি’ নামের এই বিশেষ প্রদর্শনী শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় অধ্যায়গুলোকে তুলে ধরবে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ হবে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত ব্যাটগুলো।
এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরের সংগ্রহে নতুন মাত্রা যুক্ত হবে। দর্শনার্থীরা ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে সম্পর্কিত সরঞ্জামগুলো কাছ থেকে দেখতে পারবেন এবং সেসবের পেছনের গল্পও জানতে পারবেন।
শচীনের স্মারকগুলো জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়াকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ক্রিকেটের নতুন প্রজন্ম কিংবদন্তি এই খেলোয়াড়ের অসাধারণ কীর্তি সম্পর্কে জানার সুযোগ পাবে।
শুধু ব্যাট নয়, প্রদর্শনীতে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটসহ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক স্থান পাবে।
প্রদর্শনীটির উদ্বোধন আগামী ১৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেন তিনি। ওই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্রিকেটের এই মহাতারকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বর্তমান সরকারের উদ্যোগের ফলে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে গত আট মাসে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর, সরকারি হাসপাতালগুলোতে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই তথ্য পাওয়া গেছে। একই সময়ে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনও দিয়েছে। একটি মেডিকেল কলেজ ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে স্থাপিত হবে।
৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ এ উন্নীত করা হয়েছে। ২১ মে রাজধীনর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা দ্বিগুণ করে ৫০০ থেকে ১ হাজার করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০০ হয়েছে। ১৩ জুলাই এক আদেশে রাজবাড়ীর সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় এবং জয়পুরহাটের জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ থেকে ৪০০ শয্যায় বৃদ্ধি করা হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে ৫০ শয্যায় বৃদ্ধি করা হয়েছে। জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ করা হয়েছে।
১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বৃদ্ধি করা হয়েছে।
দেশজুড়ে চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে জুনে সরকার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল। ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে নতুন পরিকল্পনা অনুযায়ী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে ৫০ করা হয়েছে। ফেনীর আরেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ৭০০ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১১৫টি শয্যা বৃদ্ধি পেয়ে মোট ২৫০ শয্যায় উন্নীত হয়েছে।
এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, "সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "হাম-ডেঙ্গুতে হাসপাতালে এসে যাতে রোগীদের শয্যা পেতে সমস্যা না হয়, সেজন্য মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে সারা দেশের বেশকিছু হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বৃদ্ধি করেছে সরকার। আগামী এক বছরের মধ্যে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যা প্রস্তুত করা হবে, তখন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।" সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একদিন দেশটির প্রধানমন্ত্রী হবেন— এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন এক জ্যোতিষী। তবে এই ভবিষ্যদ্বাণীটি তিনি সোনিয়া গান্ধীর কাছে করেননি, বরং সোনিয়ার তাড়া খেয়ে বাড়ি থেকে পালানোর সময়। সেই মজার ঘটনাটি পরে ইতিহাসের সঙ্গে যেন মিলে যায়।
নিজের স্মৃতিকথা বিলংগিং-এ সোনিয়া গান্ধী এমন একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটিতে তিনি উল্লেখ করেছেন, ঘটনাটি সত্তরের দশকের শেষ দিকে দিল্লিতে গান্ধী পরিবারের বাসভবন ১২ উইলিংডন ক্রিসেন্টে ঘটেছিল।
সেই সময় ইন্দিরা গান্ধী ক্ষমতা হারানোর পর পরিবারের সদস্যদের নিয়ে ওই চার কক্ষের বাড়িতে উঠেছিলেন। বাড়িটি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাওয়া। পরিবারের কাছে জায়গাটি পরিচিত ছিল ‘বারা নম্বর’ নামে।
সোনিয়ার বর্ণনা অনুযায়ী, একদিন সাদা পোশাক পরা এক স্থূলকায় ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়েন। তার হাতে ছিল কাগজে আঁকা একটি হাতের ছাপ। সেটি দেখিয়ে তিনি ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করেন।
কিন্তু সোনিয়া জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন না। ওই ব্যক্তিকে চলে যেতে বললেও তিনি নাছোড়বান্দা ছিলেন। একপর্যায়ে বিরক্ত হয়ে তাকে তাড়া করেন সোনিয়া। পালানোর সময় লোকটি চিৎকার করে বলেন, ‘না, না, সঞ্জয় নয়— আপনার স্বামী রাজীব একদিন প্রধানমন্ত্রী হবেন।’
ঘটনার সময় রাজীব গান্ধী ছিলেন একজন বাণিজ্যিক বিমানের পাইলট। রাজনীতিতে তার কোনো আগ্রহ ছিল না। অন্যদিকে, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তখন তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীকেই মনে করা হতো।
সোনিয়া জানান, পরে রাজীবকে হাসতে হাসতে বাড়ির ভেতরে আসতে দেখেন তিনি। জ্যোতিষী তার হাতের ছাপও নিয়েছিলেন। রাজীব বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু ঘটনাটি সোনিয়াকে বিচলিত করে তোলে। নিজের ঘরে গিয়ে শান্ত হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন তিনি।
এর কয়েক বছর পর ১৯৮০ সালের জুনে বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী। ১৯৮৪ সালের অক্টোবরে আততায়ীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সোনিয়া লিখেছেন, তার কান্নাভেজা অনুরোধ সত্ত্বেও রাজীব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। তখন রাজীব তাকে বলেছিলেন, ‘ওরা এমনিতেও আমাকে মেরে ফেলবে।’
স্মৃতিকথায় আরেকটি ঘটনাকেও অশুভ সংকেত হিসেবে মনে হওয়ার কথা লিখেছেন সোনিয়া। ১৯৮৫ সালের আগস্টে রাজীবের ৪১তম জন্মদিনে রাতের খাবারের সময় খবর আসে, পাঞ্জাবের শিখ নেতা হরচাঁদ সিং লঙ্গোয়াল গুলিতে নিহত হয়েছেন। সোনিয়ার মনে হয়েছিল, জন্মদিনের দিন এমন মৃত্যু কোনো অশুভ বার্তা কি না।
১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়া ১০ জনপথের বাসভবনে ওঠেন। বর্তমানে সোনিয়া সেখানেই থাকেন। বাড়িটি অশুভ— এমন ধারণা থেকে রাজীবের কয়েকজন সহকর্মী তাকে সেখানে না ওঠার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজীব ও সোনিয়া এসব কুসংস্কার বলে উড়িয়ে দেন। এর ১৫ মাস পর ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ