প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার ক্রিকেটের ইতিহাসে নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে স্থান পাচ্ছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে প্রদর্শনীর জন্য এই ব্যাটগুলো তিনি উপহার দিচ্ছেন।
‘ব্যাটোগ্রাফি’ নামের এই বিশেষ প্রদর্শনী শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় অধ্যায়গুলোকে তুলে ধরবে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ হবে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত ব্যাটগুলো।
এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরের সংগ্রহে নতুন মাত্রা যুক্ত হবে। দর্শনার্থীরা ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে সম্পর্কিত সরঞ্জামগুলো কাছ থেকে দেখতে পারবেন এবং সেসবের পেছনের গল্পও জানতে পারবেন।
শচীনের স্মারকগুলো জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়াকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ক্রিকেটের নতুন প্রজন্ম কিংবদন্তি এই খেলোয়াড়ের অসাধারণ কীর্তি সম্পর্কে জানার সুযোগ পাবে।
শুধু ব্যাট নয়, প্রদর্শনীতে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটসহ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক স্থান পাবে।
প্রদর্শনীটির উদ্বোধন আগামী ১৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেন তিনি। ওই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্রিকেটের এই মহাতারকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন