ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ পুলিশের নতুন সাইবার বিশেষ ইউনিট গঠন


বাংলাদেশ পুলিশের নতুন সাইবার বিশেষ ইউনিট গঠন

বাংলাদেশ পুলিশের জন্য একটি স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হতে যাচ্ছে, যা সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকরী ভূমিকা পালন করবে। এই ইউনিটটি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে কার্যক্রম শুরু করবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।

পুলিশ-৩ শাখা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত। এতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় একটি বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বর্তমানে সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রম পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে-ছিটিয়ে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অন্যান্য সংশ্লিষ্ট শাখা আলাদাভাবে এসব কার্যক্রম পরিচালনা করছে। নতুন ইউনিটের মাধ্যমে এসব সক্ষমতাকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, দেশে সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অপরাধের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধীদের ধরা ও নিয়ন্ত্রণে প্রশিক্ষিত পুলিশ সদস্যের প্রয়োজন রয়েছে। এজন্য বিভিন্ন ইউনিটে থাকা সাইবার বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা সাইবার পুলিশ ইউনিটে যুক্ত হবেন।

বর্তমানে সিআইডির অধীনে সাইবার পুলিশ সেন্টার ও ফরেনসিক বিভাগ রয়েছে। পুলিশের নিজস্ব তথ্য অনুযায়ী, সিআইডির ফরেনসিক বিভাগের আওতায় ডিজিটাল তদন্ত ও ফরেনসিক-সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সিআইডির বর্তমান সাংগঠনিক তথ্য অনুযায়ী, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার) পদও রয়েছে। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের বর্তমান কাঠামো একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে না, বরং আগে থেকে থাকা সক্ষমতাকে নতুনভাবে কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কাঠামোর মধ্যেও সাইবার অপরাধ সংক্রান্ত কর্মকর্তা রয়েছেন। ফলে নতুন ইউনিট গঠনের পর এসব ইউনিটের দায়িত্ব, এখতিয়ার ও জনবলের পুনর্বিন্যাস হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

২১ সেপ্টেম্বরের মন্ত্রণালয়ের চিঠিতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা নেই। ফলে নতুন ইউনিট চালু হওয়ার পর সিআইডি, ডিএমপি ও অন্যান্য ইউনিটের সঙ্গে এর সম্পর্ক কী হবে, কোন ধরনের মামলা নতুন ইউনিট তদন্ত করবে এবং কোন পর্যায়ে স্থানীয় থানা বা জেলা পুলিশের ভূমিকা থাকবে- এসব বিষয় পরবর্তী সাংগঠনিক প্রস্তাবে স্পষ্ট হওয়ার কথা রয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ গণমাধ্যমকে জানান, পুলিশের সাইবার ইউনিট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। বর্তমান জনবল ও অবকাঠামোর মধ্যেই প্রাথমিকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পুলিশের প্রস্তাবিত কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন শেষে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআর কঙ্গোতে টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবিতে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ডিআর কঙ্গোতে টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবিতে নিহত ৪১

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) আবারও একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের নিকটে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার শিকার হয়ে বেঁচে যাওয়া যাত্রী আনি ময়োনি জানিয়েছেন, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা লক্ষ্য করেন, নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়।

নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডিআরসিতে নৌযানগুলো প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করে। অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামোর দুর্বলতা কারণে ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের সরবরাহ বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


গ্যাসের সরবরাহ বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে

প্রায় দুই মাস পর গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে এসেছিল। তবে গতকাল বৃহস্পতিবার সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হ্রাস পায়। এর ফলে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়। আজ সকালে আবার গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটলে সকাল সাড়ে ৭টার দিকে এলএনজি খালাস কার্যক্রম পুনরায় শুরু হয়। এরপর ধীরে ধীরে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেতে থাকে।

এতে সকাল ১০টার দিকে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় ৭৩ কোটি ঘনফুটে পৌঁছায়। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় গ্যাসের সমন্বয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

গত বৃহস্পতিবার স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কার্গোটির এলএনজি খালাস করা সম্ভব হয়নি। ফলে সাময়িকভাবে এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার নতুন ফুটসাল র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা চতুর্থ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ফিফার নতুন ফুটসাল র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা চতুর্থ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) পুরুষ ফুটসালের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষস্থানটি ব্রাজিলের দখলে রয়েছে, আর চতুর্থ স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা পুরুষ ফুটসাল দলের হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৬৮৪.৯৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় অন্যান্য দলের অবস্থানেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

পর্তুগাল ১৫৭৫.৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং স্পেন ১৫৭৪.৩৯ পয়েন্ট নিয়ে খুব অল্প ব্যবধানে তাদের পরেই তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া, ১৫১৩.৩৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মরক্কো পঞ্চম স্থানে রয়েছে।

তবে র‌্যাঙ্কিংয়ে জাম্বিয়া সবচেয়ে বড় চমক দেখিয়েছে। তারা ৪ ধাপ এগিয়ে সেরা উন্নতির দল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া, সর্বাধিক ১৯.৪৯ পয়েন্ট অর্জন করে ভিয়েতনামও নজর কেড়েছে।

অন্যদিকে, মন্টেনিগ্রো সবচেয়ে বাজে সময় পার করছে। তারা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩ ধাপ নিচে নেমে গেছে এবং তাদের পয়েন্ট কমেছে সর্বাধিক ২৬.৬৯।

ফিফা জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ আগামী ১১ ডিসেম্বর প্রকাশিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেডিকেল ফ্যাকাল্টি প্রতিষ্ঠার দাবি জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেডিকেল ফ্যাকাল্টি প্রতিষ্ঠার দাবি জানালেন

দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসেবে পরিচিত। প্রায় ছয় দশকের পথচলায় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়টি। তবে, শিক্ষার্থী, শিক্ষক ও বিভাগের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অবকাঠামো সম্প্রসারণের অভাব দেখা দিয়েছে, যার ফলে আবাসন, শ্রেণিকক্ষসহ বিভিন্ন সংকট সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গবেষণা, আন্তর্জাতিক পরিসরে অবস্থান এবং সময়োপযোগী নতুন বিষয় চালুর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে ২০২৬ সালের মার্চে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা ও সংকট, দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি, সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণা এবং সরকারের কাছে প্রত্যাশাসহ নানা বিষয়ে আল আরাফের সঙ্গে কথা বলেছেন তিনি।

আরটিভি: উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়কে কী অবস্থায় পেয়েছিলেন? দায়িত্ব নেওয়ার পর আপনার সামনে প্রথম চ্যালেঞ্জ কী ছিল?

উপাচার্য: দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিষয়টি লক্ষ্য করেছি, তা হলো বিশ্ববিদ্যালয়ের কাজের গতি। আমার গতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করার মতো লোকের অভাব রয়েছে। এর ফলে, আমি যে কোনো সিদ্ধান্ত প্রদান করলে সেটি বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে। বিশ্লেষণ করে দেখলাম, কাজ না করার যে সংস্কৃতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, তা আমাদের অনেক সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের কাজের স্ট্রিমে ফিরিয়ে আনা ছিল আমার প্রথম চ্যালেঞ্জ।

আরটিভি: বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা বা সংকটগুলো কী? বিশেষ করে আবাসন ও অবকাঠামোর পরিস্থিতি কীভাবে দেখছেন?

উপাচার্য: দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো, গত ৯ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটিও ডিপিপি আসেনি। বিশ্ববিদ্যালয়ে জনবল, শিক্ষক, ছাত্র ও বিভাগের সংখ্যা বেড়েছে, কিন্তু উন্নয়নের কাজগুলো হয়নি।

বর্তমানে আমাদের সবচেয়ে বড় সংকট হলো আবাসন সংকট। ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই সংকট রয়েছে। নতুন বিষয় বা বিভাগ খোলার জন্য অন্তত পাঁচটি ক্লাসরুম প্রয়োজন। একজন চেয়ারম্যানের জন্য একটি কক্ষ এবং ১০ জন শিক্ষকের জন্য ১০টি কক্ষের ব্যবস্থা করতে হবে। এই ধরনের অবকাঠামো নির্মাণ না করেই বিভাগগুলো খোলা হয়েছে।

আমি দায়িত্ব গ্রহণের পর বুঝতে পেরেছি, অনেক সহকর্মী ও শিক্ষার্থীর আমার প্রতি প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, স্যারের কাছে গেলেই সবকিছু হয়ে যাবে। আসলে এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

আরটিভি: তাহলে আবাসন ও অবকাঠামো সংকট নিরসনে কী পরিকল্পনা নিয়েছেন?

উপাচার্য: আমি গত ছয় মাসের মধ্যে দুটি প্রজেক্টকে একত্রিত করতে পেরেছি। প্রথমটি হলো বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণ, যা ৬০ বছরে কেউ কখনো চিন্তাও করেনি। আমরা আগামী দুই মাসের মধ্যে টিএসসির কাজ শুরু করতে পারব।

আরেকটি মূল প্রজেক্ট হলো আমাদের ডিপিপি, যেখানে মেয়েদের জন্য একটি হল থাকবে। সেখানে এক হাজার মেয়ে একসঙ্গে থাকতে পারবে। যদি এ বছরের মধ্যে এই দুটি ডিপিপি কার্যকর করতে পারি, তবে পাইপলাইনের মধ্যে আরও অনেক প্রজেক্ট ঢুকিয়ে দেব। শিক্ষার্থী ও বিভাগ বাড়লে আমাদের প্রস্তুতি রাখতে হবে।

আরটিভি: সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে নতুন বিভাগ বা বিষয় চালুর বিষয়ে কী ভাবছেন?

উপাচার্য: আমাদের নিজস্ব কিছু বিভাগ এখন সময়ের দাবি। আইটি, এআই-বেজড সাবজেক্ট, ডেটা সায়েন্স এই বিষয়গুলো বর্তমানে বুমিং। এগুলো থেকে আমাদের ছাত্রছাত্রীদের দূরে সরিয়ে রাখতে পারি না। ফলে এগুলো সময়ের দাবি।

আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল ফ্যাকাল্টি দরকার, যেখানে আমরা এমবিবিএস ডিগ্রি দেব এবং একটি মেডিকেল ফ্যাসিলিটি থাকবে। এটি এখন সময়ের দাবি, প্রয়োজনের দাবি। এই কাজগুলো করার জন্য আমাদের ডিপিপি প্রয়োজন হবে।

আরটিভি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার জায়গাগুলো কোথায় দেখছেন? সেই সম্ভাবনা কাজে লাগাতে কী উদ্যোগ নিয়েছেন?

উপাচার্য: বিশ্ববিদ্যালয় সব সময় একটি সম্ভাবনার জায়গা এবং বিশ্ববিদ্যালয় আসলে সম্ভাবনা তৈরি করে। আমরা সেই সম্ভাবনাগুলো চিহ্নিত করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্র যখন বাইরে যায়, তাদের সঙ্গে যৌথ প্রোগ্রাম করা যায়।

আমি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করেছি এবং দক্ষ পরিচালক ও উপপরিচালক নিয়োগ দিয়েছি।

আরেকটি বিষয় হলো, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বড় দুঃখ, দেশের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও যখন ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং হয়, আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কোনো জায়গায় নেই। এজন্য আমি ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং সেল গঠন করেছি। ইতোমধ্যে এর পরিচালক এবং সহকারী পরিচালক নিয়োগ করেছি। তারা আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন।

শুধু তা নয়, আমি যে কাজটা করেছি, বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার উর্বর ক্ষেত্র। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের জীবন থাকে না। গবেষণার স্পেকট্রাম বাড়াতে, গবেষণার পথ প্রসারিত করতে, আমরা থিসিসের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিচ্ছি।

আরটিভি: দায়িত্ব নেওয়ার সময় আপনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার চেয়ে সাড়ে তিনটার বাসের প্রতি বেশি নজর থাকে এবং গবেষণা বাজেটের বড় অংশ ফেরত যায়। এই পরিস্থিতি পরিবর্তনে কী ব্যবস্থা নিয়েছেন?

উপাচার্য: এমফিল গবেষক দুই বছরের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা পাবেন। পিএইচডি গবেষক তিন বছরের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা পাবেন। গবেষণা করানোর জন্য সম্মানী রেখেছি।

গত বছর গবেষণার জন্য যে বাজেট পেয়েছিলাম, এ বছর তার চেয়ে প্রায় এক কোটি টাকা বেশি পেয়েছি। অন্যান্য সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার ফান্ড ফেরত গিয়েছে। তবে এখন বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফান্ড ফেরত যাওয়ার তো কথাই নয়। যা পেয়েছি, তার চেয়েও বেশি চাইতে পারি, সেই ব্যবস্থা করছি।

আমরা এমন গবেষণা নিশ্চিত করতে চাই, যা দেশের কল্যাণে সহায়ক হবে। গবেষণা আমাদের ইকোনমিতে, জিডিপিতে যোগ করবে, জীবনযাত্রার মান উন্নয়ন করবে। এর জন্য আমরা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা ৩০ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।

আরটিভি: বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে শিল্প খাতের সংযোগ তৈরিতে কী ধরনের পরিকল্পনা রয়েছে?

উপাচার্য: আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি চমৎকার আইডিয়া রয়েছে। এটি বর্তমান সরকারের প্রধান চিন্তার ফল। আমরা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন নিশ্চিত করতে চাই। যে দেশে যত বেশি ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক থাকে, সে দেশে গবেষণার ক্ষেত্র তত উন্নত।

সেজন্য আমরা ইতোমধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেল গঠন করেছি। পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। আগামী মাসের প্রথম দিকে চট্টগ্রামের চেম্বার অব কমার্সের সঙ্গে একটি সমাবেশ করছি। সেখানে আমরা তাদের কীভাবে সাহায্য করতে পারি, তারাও আমাদের সহযোগিতা করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করছি।

আরটিভি: এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে আপনার চাওয়া বা প্রত্যাশা কী?

উপাচার্য: আমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জিজ্ঞেস করেছেন, ‘ছয় মাস, আপনাদের প্রকল্প কই?’ আমাদের অর্থমন্ত্রী আমাদের জিজ্ঞেস করছেন, ‘আপনাদের প্রকল্প কেন আসছে না?’

সব জায়গা থেকেই আমরা একটি পজিটিভ রেসপন্স পাচ্ছি। অর্থাৎ, যখনই আমাদের প্রকল্পগুলোকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারব, তখন সহযোগিতা পাব।

আমাদের অন্যান্য সংসদ সদস্য মহোদয়রাও আমাদের সহযোগিতা করার জন্য মুখিয়ে আছেন। সিনেটে তারা সরাসরি বলেছেন, ‘আপনাদের কী ধরনের সহযোগিতা লাগবে, আমাদের বলুন। প্রয়োজনে আমরা সবাই আপনার সঙ্গে যাব।’

সুতরাং, এটি আমার জন্য বড় ধরনের একটি অনুপ্রেরণা। আমরা আশা করছি, সবার সহযোগিতা নিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে স্বপ্নটা দেখছি, সেই জায়গায় নিয়ে যেতে পারব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%