০৫:৩০ পি.এম
চট্টগ্রামের বহদ্দারহাটের এভারকিউর ভেটেরিনারি হসপিটালে লোহার নেটে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সাড়ে ৪ ফুট লম্বা বিষধর শঙ্খিনী সাপের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
অস্ত্রোপচারটি গত ৪ অক্টোবর রাত ১০টার সময় শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলেছিল। এই অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন ডা. মোহাম্মদ রাসেল। তাঁর সঙ্গে ছিলেন ডা. বোরহান উদ্দীন মো. সাজ্জাদ, ডা. জহির উদ্দীন ফয়সাল এবং ডা. সাদ্দাম হোসাইন।
চিকিৎসকরা জানিয়েছেন, শঙ্খিনীর মাংসপেশিতে গুরুতর আঘাত ছিল এবং সেই আঘাতটি ক্ষত হাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে অস্ত্রোপচারের সময় অন্যান্য অঙ্গগুলো স্বাভাবিক অবস্থায় ছিল। বর্তমানে সাপটি চিকিৎসাধীন রয়েছে; ক্ষত শুকিয়ে আসছে এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান
গত ৩ অক্টোবর রাতে নগরের সরাইপাড়া এলাকা থেকে বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করা ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা সাপটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শঙ্খিনী সাধারণত শান্ত ও লাজুক স্বভাবের এবং সহজে মানুষকে কামড়ায় না। এর প্রধান খাদ্য হলো অন্য বিষধর ও নির্বিষ সাপ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আইইউসিএনের তথ্যমতে, বাংলাদেশে শঙ্খিনী বিপন্ন হলেও বিশ্বে এটি বিপদমুক্ত। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এটি সংরক্ষিত প্রজাতি হিসেবে চিহ্নিত।
শঙ্খিনীর বিস্তৃতি ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে। এর সর্বোচ্চ দৈর্ঘ্য ২ দশমিক ১ মিটার পর্যন্ত হতে পারে। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা দাগ এই সাপের অন্যতম বৈশিষ্ট্য।
আরও পড়ুন: চোখের সামনে দিয়ে চলে যায় ট্রেন, উঠতে পেরোতে হয় ৬০ কিলোমিটার
সুস্থ হয়ে উঠলে শঙ্খিনীটিকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে এবং পরে বনে অবমুক্ত করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন