ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন মেসি


বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন মেসি

বুধবারে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে, বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে।

মেসি, যিনি গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, আজ ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, “আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি আজ বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অনোরিস কসা’ উপাধি পেয়েছেন। অভিনন্দন, কিংবদন্তি!”

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে হারের এক মাসেরও বেশি সময় পর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর কয়েক দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা।

মেসি দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোলদাতা। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসেও তিনিই সর্বোচ্চ গোলদাতা।

বহু বছর ধরে একের পর এক হতাশার পর, বিশেষ করে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর, ২০২২ সালে বিশ্বকাপের শিরোপার স্বাদ পান মেসি। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি ছিল ৩৬ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় এবং ইতিহাসে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি-খরা শেষ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালের আসরেও কোপা আমেরিকার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মেসি প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এবং ছয় বছর পর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন।

কিংবদন্তি এই ফুটবলার ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সের এমবাপ্পে ২২ গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

এ বছরের বিশ্বকাপে মেসি করেছেন আট গোল এবং চারটি গোলে সহায়তা করেছেন। ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। এর মধ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফা বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন তিনি। একসময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। পরে এমবাপ্পে তাকে টপকে শীর্ষস্থান দখল করেন।

তবে ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে তিনি খেলছেন।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ জনের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ জনের নিয়োগ

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির আওতায় কার্যালয় এবং এর অধীন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের অফিসে মোট ৩৭ জনকে ৮টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদের বিবরণ

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. লাইব্রেরি সহকারী

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩. হিসাব সহকারী

পদসংখ্যা: ৭টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৪. কপিস্ট

পদসংখ্যা: ৭টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৫. সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬. বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ২টি

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৮. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২টি

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

প্রার্থী ও বয়স

নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, তবে প্রার্থীদের খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২০২৬ সালের ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করা আবশ্যক।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য খুলনা জেলা প্রশাসকের নিয়োগ পোর্টাল দেখুন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন উদযাপন

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ সাধারণত কোনো অভিযোগ, সমস্যা বা জরুরি পরিস্থিতিকে কেন্দ্র করে হয়ে থাকে। তবে যদি অভিযোগ ছাড়াই এক টেবিলে বসে এক কাপ কফির সঙ্গে গল্প করা সম্ভব হয়, তাহলে সম্পর্কের ধরন পরিবর্তিত হতে পারে।

মানুষ ও পুলিশের মধ্যে দূরত্ব হ্রাস এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন একটি উদ্যোগ। প্রতি বছর অক্টোবরের প্রথম বুধবার যুক্তরাষ্ট্রে এই দিনটি উদযাপন করা হয়। ২০২৬ সালে দিনটি পড়েছে ৭ অক্টোবর।

কফির আড্ডায় পুলিশের সঙ্গে সরাসরি কথা

এই দিনে বিভিন্ন এলাকার পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে অনানুষ্ঠানিক আড্ডায় মিলিত হন। সেখানে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, যান চলাচল এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সাধারণ মানুষ পুলিশের কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করতে পারেন। এর ফলে দায়িত্ব পালনের সময়ের বাইরেও পুলিশ সদস্যদের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়।

কীভাবে শুরু হলো এই আয়োজন

এই উদ্যোগের সূচনা ক্যালিফোর্নিয়ার হথর্ন শহরে হয়েছে। ২০১১ সালে সেখানকার পুলিশ সদস্যরা উপলব্ধি করেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগের একটি বড় অংশ ঘটে সমস্যা বা সংকটের পর।

তাহলে সমস্যা হওয়ার আগেই মানুষের সঙ্গে স্বাভাবিক পরিবেশে কথা বলার সুযোগ তৈরি করার জন্য পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কফি খাওয়ার আয়োজন করেন। এখান থেকেই ‘পুলিশের সঙ্গে এক কাপ কফি’ উদ্যোগের উৎপত্তি ঘটে। পরে এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

জাতীয় দিবস হলো ২০১৬ সালে

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কমিউনিটি পুলিশিং কার্যালয়ের সহযোগিতায় অক্টোবরের প্রথম বুধবারকে জাতীয়ভাবে পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন হিসেবে উদযাপন শুরু হয়। প্রথম জাতীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছিল ৭ অক্টোবর ২০১৬।

এরপর প্রতিবছর অক্টোবরের প্রথম বুধবার বিভিন্ন পুলিশ বিভাগ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এই আয়োজন হয়ে আসছে।

ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশেও

শুরুতে যুক্তরাষ্ট্রে কেন্দ্রিক হলেও উদ্যোগটি পরে দেশের সীমানা ছাড়িয়ে যায়। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে কফির আড্ডার আয়োজন হয়েছে।

তবে এটি মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস। অন্যান্য দেশে একই ধরনের আয়োজন হলেও সেগুলোকে একই জাতীয় দিবস হিসেবে গণ্য করা ঠিক নয়।

বাংলাদেশেও হতে পারে এমন আয়োজন

বাংলাদেশে এই দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয় কি না, সেটি একটি ভিন্ন বিষয়। তবে এর মূল ধারণাটি বাংলাদেশেও প্রাসঙ্গিক হতে পারে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিয়মিত অনানুষ্ঠানিক আলোচনা হলে এলাকার নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হতে পারে।

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ যত বৃদ্ধি পাবে, ততই একে অপরের কাজ ও প্রয়োজন সম্পর্কে বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ থাকবে। আর কখনো কখনো সেই যোগাযোগের সূচনা হতে পারে খুব সাধারণ একটি বিষয় দিয়ে—এক কাপ কফির আড্ডা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


আবরার ফাহাদের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হচ্ছে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হয়ে পরদিন ভোরে আবরার মারা যান। নৃশংস ওই হত্যাকাণ্ডে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেও, ৭ বছর পরও তা কার্যকর হয়নি। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় আবরারের পরিবারের সদস্যরা ক্ষোভ ও হতাশা অনুভব করছেন।

বুধবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়িতে পুরোনো শোক ফিরে এসেছে। সাত বছর আগে যে ঘর থেকে আবরার মাকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশে বেরিয়েছিলেন, সেই ঘরেই আজও সাজানো রয়েছে তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন, বই-খাতা, পড়ার টেবিলসহ ব্যবহৃত নানা জিনিসপত্র। তবে পরিবারের মেধাবী সন্তানটি সেখানে নেই।

২০১৯ সালের ৬ অক্টোবর কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠার আগে মা রোকেয়া খাতুন নিজ হাতে ছেলেকে খাইয়ে দিয়েছিলেন। সেটিই ছিল মায়ের সঙ্গে আবরারের শেষ দেখা। পরদিন ভোরে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের মধ্যে যে শোকের ছায়া নেমে আসে, তা ৭ বছরেও কাটেনি।

আবরারের ১০৫ বছর বয়সী দাদা আব্দুল গফুর নাতির হত্যার বিচার দেখে যেতে চান। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি বলেন, "বাঁচতে বাঁচতেই যেন আবরার ফাহাদের ঘাতকদের শাস্তি কার্যকর দেখে যেতে পারি।"

পারিবারিক সূত্রে জানা গেছে, আবরারের মা রোকেয়া খাতুন বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজের সঙ্গে ঢাকায় বসবাস করছেন। বড় ভাই হত্যার পর ফাইয়াজও বুয়েটে ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভাইয়ের স্মৃতি ও অসমাপ্ত স্বপ্নকে বয়ে নিয়ে চলছেন তিনি।

কুষ্টিয়ার বাড়িতে এখনও সংরক্ষিত রয়েছে আবরারের ব্যবহৃত জিনিসপত্র। শো কেসে রাখা ল্যাপটপ ও মোবাইল ফোন, পড়ার টেবিল, বই-খাতা সহ প্রতিটি জিনিস পরিবারের কাছে হয়ে আছে স্মৃতির শেষ আশ্রয়। এসবের মধ্যেই সন্তানকে খুঁজে ফেরেন মা-বাবা।

আবরারের স্মৃতি ধরে রাখতে স্থানীয়ভাবে গড়ে ওঠা শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা সুলতান মারুফ তালহাসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

২০১৯ সালের ওই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের সন্তানকে কেড়ে নেয়নি, বরং দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি করেছিল। আদালতের রায় হওয়ার পরও পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় ৭ বছর পরও আবরারের পরিবারের কাছে বিচার প্রক্রিয়া অসম্পূর্ণই রয়ে গেছে।

প্রতিবছর মৃত্যুবার্ষিকী ফিরে আসে, ফিরে আসে সেই শেষ বিদায়ের স্মৃতি। মা রোকেয়া খাতুনের হাতে খাওয়া শেষ খাবার, বাবার সঙ্গে শেষ কথা এবং বাসে উঠে ঢাকার পথে ছুটে যাওয়া সেই তরুণের মুখ। পরিবারের একটাই প্রত্যাশা, আদালতের দেয়া সাজা দ্রুত কার্যকর হবে এবং আবরার হত্যার বিচার পূর্ণতা পাবে।

আবরারের বাবা বরকত উল্লাহ জানান, দীর্ঘ ৭ বছর ধরে তারা সন্তানের হত্যার বিচার পুরোপুরি কার্যকর হওয়ার অপেক্ষায় আছেন।

তিনি বলেন, "৭ বছর কেটে গেল, অথচ এখনও পলাতক আসামিদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়নি। যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য আবরারের মৃত্যু হয়েছে, সেই স্বপ্নের রাষ্ট্র গঠনের পাশাপাশি আমরা আসামিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।"

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে ইনভেস্ট বাংলাদেশ চলতি বছরের ১৬ মার্চ ২০টি উদ্যোগের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ৭টি উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এবং বর্তমানে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনে রয়েছে।

এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালদিয়া কনটেইনার টার্মিনাল, চীনা অর্থনৈতিক অঞ্চল, বন্দরে ২৪ ঘণ্টা কার্যক্রম, সমন্বিত বিনিয়োগসেবা এবং বিদেশি বিনিয়োগে নতুন প্রণোদনা। পাশাপাশি বিভিন্ন দেশ ও খাত থেকে সম্ভাব্য ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগের একটি পাইপলাইনও তৈরি হয়েছে, যার মধ্যে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ বর্তমানে সিদ্ধান্ত বা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী পূর্বে বলেছিলেন, "বিনিয়োগনির্ভর অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের যে লক্ষ্য, এই পরিকল্পনা তারই অংশ। আমরা বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অবকাঠামো, সেবার মান এবং সম্ভাবনাময় বিনিয়োগের পাইপলাইন তৈরিতে গুরুত্ব দিয়েছি। কিছু পরিবর্তন ইতিমধ্যে এসেছে। তবে বড় প্রকল্প বাস্তবায়নে আরও সময় লাগবে।"

ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রোচি বাসসকে জানান, ২০টি উদ্যোগকে তিনটি বড় স্তম্ভের অধীনে নেওয়া হয়েছে। সেগুলো হলো- শক্তিশালী অবকাঠামো, বিনিয়োগে সহায়তা এবং বিনিয়োগ উন্নয়ন।

অবকাঠামোর ক্ষেত্রে বড় প্রকল্প

বাস্তবায়িত উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল। এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। এপিএম টার্মিনালস ২০৩০ সালের মধ্যে টার্মিনালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এটি চালু হলে ৭০০’র বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পাবে।

চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এগিয়ে চলেছে। চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৮ সালের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই শিল্পাঞ্চলে এক লাখের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। প্রকল্পটির বিনিয়োগ পাইপলাইনের পরিমাণ প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে প্রায় ৫০ কোটি ডলারের বিনিয়োগ ইতিমধ্যে সক্রিয় রয়েছে।

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর উদ্যোগও বাস্তবায়িত হয়েছে। বর্তমানে কাস্টমস ছাড়পত্র ও ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। এর ফলে পণ্য খালাসের সময় কমবে এবং ব্যবসায়ীদের বিলম্বজনিত সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

এক ছাতার নিচে বিনিয়োগসেবা

বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের (পিপিপিএ) বিনিয়োগ-সংশ্লিষ্ট কার্যক্রম একীভূত করে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ সহায়তা, জমি, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুযোগ সম্পর্কে সমন্বিত সেবা পাওয়ার কথা।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পন্ন হওয়াও বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। চুক্তির আওতায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পাবে। এর মধ্যে ৮ হাজার ৪২৮টি পণ্যের জন্য শুল্কমুক্ত বাজারসুবিধা থাকবে।

এর ফলে উৎপাদন, অবকাঠামো, ইলেকট্রনিকস এবং উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী-ব্যবসায়ী সংলাপে ৭৫ শতাংশ অগ্রগতি

বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত সংলাপের ব্যবস্থা চালু হয়েছে।

প্রথম দুই দফা সংলাপে ব্যবসায়ী ও উদ্যোক্তারা ২৮টি সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ২১টি বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ উত্থাপিত সমস্যার প্রায় ৭৫ শতাংশের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

বিদেশি বিনিয়োগ আনতে সপ্তম উদ্যোগ হিসেবে এফডিআই প্রণোদনা কর্মসূচিও অনুমোদিত হয়েছে। এর আওতায় বিদেশি বিনিয়োগ দেশে আনতে সক্ষম যোগ্য ব্যক্তিকে দেশে আনা বিদেশি বিনিয়োগের ইক্যুইটির ১ দশমিক ২৫ শতাংশ সমপরিমাণ প্রণোদনা দেওয়া হবে।

এ কর্মসূচির নির্দেশিকা অনুমোদিত হয়েছে। এখন একটি পৃথক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। আগামী ১৫ অক্টোবর থেকে কর্মসূচিটি চালুর লক্ষ্য রয়েছে।

বাকি ১৩ উদ্যোগও এগোচ্ছে

ইনভেস্ট বাংলাদেশের ২০ উদ্যোগের বাকি ১৩টিও বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল, মোংলা অর্থনৈতিক অঞ্চল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, প্রথম সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) সৌরবিদ্যুৎ প্রকল্প, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ), বাংলাবিজ বিনিয়োগ প্ল্যাটফর্মের সম্প্রসারণ, চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয় স্থাপন এবং দেশব্যাপী শিল্প খাতের ম্যাপিং।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় পরিচালনার জন্য আগামীকাল বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর ও লজিস্টিকস অপারেটর ডিপি ওয়ার্ল্ড এই কনসেশন ব্যবস্থায় যুক্ত থাকবে। চুক্তিটি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পরিচালন সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্যসুবিধা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পিপিপি কাঠামোর আওতায় এনসিটির পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দেশের বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও আন্তর্জাতিক মানের পরিচালন পদ্ধতি যুক্ত করার সুযোগ তৈরি করবে।

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হওয়ায় এর সক্ষমতা ও দক্ষতা বাড়ানো আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনসিটি পরিচালনায় নতুন এ ব্যবস্থার ফলে ভবিষ্যতে দেশের বন্দর ও লজিস্টিকস খাতে আরও বিনিয়োগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি হতে পারে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৬ সালের শেষ নাগাদ চালু করার লক্ষ্য রয়েছে। এটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক কার্গো হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ২ লাখ টন থেকে বেড়ে ৫ লাখ টনে দাঁড়াবে। অর্থাৎ সক্ষমতা বাড়বে ১৫০ শতাংশ। এ টার্মিনাল থেকে ৬ হাজারের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থানও হবে।

১৩০ কোটি ডলারের বিনিয়োগের পাইপলাইন

নতুন বিনিয়োগের ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। ইনভেস্ট বাংলাদেশ ১৩০ কোটি মার্কিন ডলারের একটি বৈচিত্র্যময় বিনিয়োগ পাইপলাইন তৈরি করেছে। এর মধ্যে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ ইতিমধ্যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

দেশভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের মধ্যে চীন থেকে ৬০ কোটি ডলার, মধ্যপ্রাচ্য থেকে ৩০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২০ কোটি ডলার এবং দক্ষিণ কোরিয়া থেকে ১০ কোটি ডলার আসতে পারে।

খাতভিত্তিক হিসাবে নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তিতে প্রায় ৩০ কোটি ডলার করে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা ও বস্ত্র খাতে রয়েছে ২০ কোটি ডলার করে বিনিয়োগের সম্ভাবনা।

নতুন বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে ইনভেস্ট বাংলাদেশ এফডিআই হিটম্যাপও তৈরি করেছে। এতে অগ্রাধিকার খাত হিসেবে উন্নতমানের বস্ত্র, ওষুধশিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও নবায়নযোগ্য জ্বালানিকে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে অটোমোটিভ যন্ত্রাংশ, হালকা প্রকৌশল, জুতা এবং চামড়াজাত পণ্যকে দ্রুত বিনিয়োগ প্রবেশের উপযোগী খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দ্রুত সেবা পেতে নতুন প্যাকেজ

বিনিয়োগকারীদের জন্য সেবা আরও দ্রুত করতে বাংলাবিজের আওতায় তিন দিনের ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’ চালুর কাজ চলছে। পাশাপাশি ১৪ দিনের ‘বিজনেস রেডিনেস প্যাকেজ’ তৈরি করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের শুরু থেকে প্রয়োজনীয় অনুমোদন ও সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্য রয়েছে।

নাহিয়ান রহমান রোচি জানান, পাঁচটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে ১০ হাজার একরের বেশি শিল্প জমিতে ৪৪টি বিনিয়োগের সুযোগ নিয়ে একটি পোর্টফোলিও তৈরির কাজও চলছে। একই সঙ্গে চীনে বিনিয়োগ প্রচার ও যোগাযোগ বাড়াতে গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের একটি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের কয়েকটি বড় সমস্যা হচ্ছে অবকাঠামোর ঘাটতি, বিচ্ছিন্ন সেবা, অনুমোদনে দীর্ঘসূত্রতা এবং বিনিয়োগের জন্য প্রস্তুত প্রকল্পের সীমিত সুযোগ- এসব মোকাবিলায় উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও পূর্বানুমানযোগ্য ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার পথ আরও সুগম হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%