ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যুব উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২ জন


যুব উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২ জন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

ঐ দিন পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতিতে অধিদপ্তর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এ ঘটনায় গত ১৬ অক্টোবর প্রশ্নফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিরাও ছিলেন।

এসআরবি জানায়, চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করত। বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়া হতো। চার থেকে পাঁচ বছর ধরে এই চক্রটি প্রশ্নফাঁসের কার্যক্রমে জড়িত ছিল।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগের তদন্তের জন্য শনিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর দুমকিতে গরু-লাঙলে হালচাষের ঐতিহ্য বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


পটুয়াখালীর দুমকিতে গরু-লাঙলে হালচাষের ঐতিহ্য বিলুপ্তির পথে

কালের পরিবর্তনে পটুয়াখালী জেলার দুমকিতে গরুর মাধ্যমে হালচাষের ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ডিজিটালাইজেশনের প্রভাব দেখা যাচ্ছে এবং মানুষ সহজেই ডিজিটাল সুবিধাগুলো গ্রহণ করছে। কৃষি প্রযুক্তির ক্ষেত্রেও এই অগ্রগতি অব্যাহত রয়েছে। নতুন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে সারা দেশে বাঙালির পরিচিত গরু-লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছে।

পটুয়াখালী জেলার কৃষি প্রধান অন্যান্য অঞ্চলের মতো দুমকিতে গরুর লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য এক সময় সকলের দৃষ্টি আকর্ষণ করত। বাড়ি থেকে বের হলে মাঠের দিকে নজর দিলে দেখা যেত, শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি ধারালো লাঙল কাঠের হাতল এবং বাঁশ বা কাঠের জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে জমি চাষ করছেন। সেই সময় গরু ছাড়া জমি চাষের চিন্তাও করা যেত না। কিন্তু বর্তমানে গরু লাঙলের সাথে কৃষকের চিরচেনা দৃশ্য এখন বিরল হয়ে পড়েছে। সময়ের পরিবর্তন এবং বিজ্ঞানের উন্নতির কারণে গরুর লাঙলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। এখন কৃষকরা কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যান না। কৃষক এখন সুবিধামতো দিন বা রাতে যে কোন সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে জমি চাষ ও মই দিয়ে ফসল আবাদ করছেন। তবে, ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ফলে পরিশ্রম এবং সময় কমেছে সত্য, কিন্তু ফসলের গুণগত মান এবং স্বাদ কমে গেছে। তাছাড়া জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে।

শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ নুর ইসলাম হাওলাদার জানান, এক সময় দুমকি এলাকায় প্রতিটি বাড়িতে গরুর লালন পালন করা হতো। এই গরুগুলো যেন পরিবারের সদস্যের মতো ছিল। গরুর মাধ্যমে একরের পর একর জমি চাষাবাদ করা হতো। মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ ইউনুস আকন বলেন, যাদের গরু বা হাল ছিল না, তারা জমি চাষের জন্য অন্যদের কামলা দিতেন এবং পরে তাদের গরু নিয়ে জমি চাষ করতেন। এর ফলে চাষের মৌসুমে তাদের উপরি আয়ের ব্যবস্থা হতো।

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান বলেন, জীবনের বড় অংশ সময় কাটিয়েছেন তিনি লাঙ্গল, জোয়াল এবং গরুর পালনের সঙ্গে। তিনি জানান, তার বয়স যখন ১৩ থেকে ১৫ বছর ছিল, তখন তার বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে চাচাদের সঙ্গে হাল চাষের কাজ করতেন। বাড়িতে তিন জোড়া বলদ গরু ছিল চাষের জন্য। একজোড়া বলদ লাঙ্গল-জোয়াল নিয়ে গরুর মুখের তুরি দিয়ে হালচাষ করতেন। এখন প্রায় কয়েক বছর ধরে বয়স এবং অসুস্থতার কারণে হালকা ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ করা এখন প্রায় অসম্ভব। তিনি বলেন, "এখন সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় কাটাচ্ছি।"

গরু দিয়ে হাল চাষের উপকারিতা বর্ণনা করে পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। হাল চাষের সময় গরুর গোবর জমিতে পড়তো, যা জমিতে জৈব সার হিসেবে কাজ করতো। ফলে ফসল ভালো হতো। তিনি ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতির শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম।" এছাড়া পরিবেশ দূষণ লাঙ্গল-জোয়াল, গরু এবং মই দিয়ে চাষ পদ্ধতি টিকিয়ে রেখেছে। গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের জন্য একমাত্র অবলম্বন ছিল। আধুনিকতার ছোঁয়ায় এখন তা বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন প্রায় দুরুহ। কারণ মানুষ সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে। তবে কিছু কিছু স্থানীয় কৃষক এই ঐতিহ্য লালন করে যাচ্ছেন এবং অনেকে তা ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু যান্ত্রিকতার প্রভাবে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরের কতদিন টিকে থাকবে, তা ভবিষ্যতেই বলে দেবে। গরু দিয়ে হাল চাষের অভাবের কারণে গ্রামের মানুষের মাঝে অলসতা বিরাজ করছে। গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি হতো, সেগুলো এখন আর হচ্ছে না। তাই আমাদের এই গ্রামীণ ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ ও গরু পালনের টিকিয়ে রাখা প্রয়োজন বলে অভিজ্ঞদের পরামর্শ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন "ইনকিলাবের এ প্রতিবেদক'কে" বলেন, গরু ও লাঙল ছিল পরিবেশবান্ধব এবং ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরো পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিসের জন্য দুর্ভাগ্য যেন থামছে না। পিঠের অস্ত্রোপচারের কারণে ১৮ মাস মাঠের বাইরে থাকার পর তিনি গত শনিবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এসেছিলেন। তবে এই প্রত্যাবর্তনের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। নিজের বাগদান অনুষ্ঠানে দুর্ঘটনার ফলে বাম হাতে চোট পেয়ে ২৮ বছর বয়সি এই পেসার আবারও মাঠের বাইরে চলে গেছেন। চোটের কারণে তাকে প্রায় এক মাস খেলার বাইরে থাকতে হবে।

শনিবার রাতে, বাবা-মায়ের বাড়িতে আয়োজিত বাগদান অনুষ্ঠান চলাকালীন কাচের ওপর পিছলে পড়ে যান মরিস। এই দুর্ঘটনায় তার বোলিং না করা বাম হাত কেটে যায় এবং পরে অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান মেরামত করতে হয়েছে। অথচ এর কয়েক ঘণ্টা আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমে তিনি দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার কেড হার্ভে জানিয়েছেন, মরিসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘ল্যান্স গতকাল সফলভাবে অস্ত্রোপচার করিয়েছে। তার বোলিং না করা বাম হাতের কাটা অংশ মেরামত করা হয়েছে। আগামী সপ্তাহে সে আবার বোলিং শুরু করতে পারবে বলে আমরা আশা করছি। প্রায় চার সপ্তাহের মধ্যে মাঠে ফেরাই আমাদের লক্ষ্য।’

মরিসের আগামী সপ্তাহে ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলার কথা ছিল। ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পর তাকে আরও একটি ম্যাচে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন চোটের কারণে আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) শুরু থেকেই মাঠে ফেরার লক্ষ্য এই অস্ট্রেলিয়ান পেসারের।

এর আগে, প্রাক-মৌসুমের শেষ দিকে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তার প্রত্যাবর্তন পিছিয়ে যায়। অবশেষে মাঠে ফিরে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি।

সোমবার মরিসের প্রত্যাবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করে বেইলি বলেন, ‘ল্যান্সকে আবার খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে। মৌসুম শুরুর ঠিক আগে তার সর্বশেষ ধাক্কাটা আসার পর মনে হচ্ছিল, লোকটার একটু ভাগ্য সহায় হওয়া দরকার। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তাকে ফিরে আসতে দেখে ভালো লেগেছে। কত দ্রুত সে নিজের ছন্দে ফিরেছে, ভালো গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করেছে এবং ভালো ফল পেয়েছে, তাতে আমি মুগ্ধ। সব মিলিয়ে তাকে আবার মাঠে দেখে খুব খুশি হয়েছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মারা গেছে ১ হাজার ২৯৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মারা গেছে ১ হাজার ২৯৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ শিশু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল বেলায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।

দেশে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের।

একই সময়ে আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৭ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।

চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৪ হাজার ৮৮০ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন।

এছাড়া, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আতঙ্ক কাটেনি ৫৬ বছরেও, সুরক্ষার দাবি ভোলাবাসীর। ১২ নভেম্বর উপকূলের মানুষের কাছে একটি তারিখ নয়, বরং স্বজন হারানোর বেদনাবিধুর ইতিহাস। ১৯৭০ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ। প্রাণ হারান ভোলার ৫ লাখ মানুষ। দ্বীপজেলা ভোলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশুর সঙ্গে ভেসে যায় অসংখ্য মানুষের জীবন। হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েন স্বজন হারিয়ে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ১২ থেকে ১৩ নভেম্বর আঘাত হানা এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা আনুমানিক তিন লাখ থেকে পাঁচ লাখ। সরকারি ও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও ভোলা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম। দিবসটি স্মরণে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্মরণ সভায় বক্তারা স্মৃতি চারণ করে বলেন, সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে ফেরে বেঁচে থাকা মানুষদের। দৌলতখান উপজেলার তৎকালীন মেদুয়া এলাকার বাসিন্দা আমীরুল ইসলাম হারিয়েছেন মা, দুই ভাই, এক বোনসহ পরিবারের ১৮ সদস্যকে। তিনি অনেক স্বজনের মরদেহও খুঁজে পাননি। ঘটনার সময় ঢাকায় থাকায় প্রায় ১৪ দিন পর বাড়ি ফিরে দেখেন, শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির কোনো চিহ্ন নেই।

আমীরুল ইসলাম বলেন, "বাড়িতে ফিরে নিজের বসতভিটা চিনতে পারিনি। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। আশপাশের বাড়িঘরও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পাশের একটি বাড়ির শতাধিক মানুষের মধ্যে মাত্র তিনজন বেঁচে ছিলেন।"

১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত। সরকারি হিসেবে এ ঝড়ের তান্ডবে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারানোর কথা বলা হলেও বেসরকারি হিসেবে ১০ লাখের বেশি মানুষ প্রাণ হারান। সেই দিনের স্মৃতি বয়ে আজও যারা বেঁচে রয়েছেন, কিংবা স্বজনদের হারিয়েছেন, কেবল তারাই অনুভব করেন, সেদিনের ভয়াবহতার কথা।

তার স্মৃতিতে, দৌলতখানের চৌকিঘাটায় মানুষ ও সাপের মরদেহ একসঙ্গে পড়ে থাকতে দেখেছেন। কাফনের কাপড়ের অভাবে কোথাও কলাপাতা কিংবা ছালার চটে মুড়িয়ে মরদেহ দাফন করতে হয়েছে। একটি কবরে সমাহিত করা হয়েছে একাধিক মানুষকে। ভোলার বাতাসে ছিলো মরদেহের গন্ধ। মহকুমা ভোলার মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও দৌলতখানসহ সমগ্র এলাকার মৃত গবাদিপশু আর মানুষের মরদেহ বঙ্গোপসাগরের উত্তাল পানিতে ভেসে গেছে। দ্বীপাঞ্চল ভোলা প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। যারা বেঁচেছিলেন, তাদের অধিকাংশ ১৫ থেকে ৪৯ বছরের পুরুষ ছিল। অপরদিকে, মৃত্যুর মধ্যে ৫০% শিশু (১০ বছরের কম) ছিল বেশী।

মনপুরার রাজনীতিবিদ কামাল চৌধুরীর স্মৃতিতেও সেই রাতের ভয়াবহতা স্পষ্ট। তার ভাষ্য অনুযায়ী, তখন মনপুরায় প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস ছিল। ঘূর্ণিঝড়ের পর বেঁচে ছিলেন মাত্র সাড়ে ১১ থেকে ১২ হাজার মানুষ। বহু পরিবার থেকে একাধিক সদস্য প্রাণ হারান। দুর্যোগের পর বেঁচে যাওয়া মানুষের খাবারের ব্যবস্থা করতে খুলতে হয়েছিল লঙ্গরখানা।

১৯৭০ সালের সেই ভয়াল রাত শুধু মানুষের জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল উপকূলের ভূগোলও। তবে ৫৬ বছরে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। গড়ে উঠেছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, চালু হয়েছে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, তৈরি হয়েছে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। বেড়েছে উদ্ধার ও ত্রাণ তৎপরতার সক্ষমতা। ফলে আগের তুলনায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঝুঁকি অনেক কমেছে। কিন্তু উপকূলের সব এলাকার নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি।

এরই এক উদাহরণ ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। একসময় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এ দ্বীপ ছিল সম্ভাবনাময় জনপদ। প্রায় ৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে ছিল হাজারো মানুষের বসতি। ছিল হাটবাজার, দোতলা স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন ও রেস্ট হাউস। কিন্তু নদীভাঙনে একে একে বিলীন হয়েছে এসব স্থাপনা। হারিয়ে গেছে মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার ঠিকানা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে নদীভাঙনে দ্বীপটির প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। বর্তমানে টিকে আছে আনুমানিক ১১ বর্গকিলোমিটার। অর্থাৎ অর্ধেকের বেশি ভূখণ্ড হারিয়েছে ঢালচর। প্রতিনিয়ত বদলে যাচ্ছে দ্বীপটির মানচিত্র।

ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের কাছে প্রতিটি জোয়ারই নতুন শঙ্কা। স্থানীয়দের হিসাবে, বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস এ জনপদে। অথচ ঝুঁকিপূর্ণ এই দ্বীপে নেই স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রেরও সংকট রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিংবা অস্বাভাবিক জোয়ারের খবর পেলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ে যাওয়া, যাতায়াত এবং গবাদিপশু রক্ষার চিন্তায় দুর্যোগের সময় বাড়ে মানুষের দুর্ভোগ।

শুধু ঢালচর নয়, ভোলার সামগ্রিক উপকূলীয় নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় মোট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধের দৈর্ঘ্য মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। বর্তমানে ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসন কাজ চলমান রয়েছে। এখনো অরক্ষিত রয়েছে ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ।

পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলার মূল ভূখণ্ড রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের সব বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে। ঝুঁকি ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে সিসি ব্লক দিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসন বলছে, বিশাল উপকূলীয় জনগোষ্ঠীর জানমাল রক্ষায় প্রয়োজন বিপুল অর্থ ও সমন্বিত উদ্যোগ। সীমিত সম্পদের মধ্যেও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ চলছে। ঢালচর, কুকরি-মুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকার মানুষকে দুর্যোগের সময় দ্রুত উদ্ধারে চারটি স্পিডবোট বরাদ্দ চাওয়া হয়েছে। যেসব চরে আশ্রয়কেন্দ্র নেই, সেসব এলাকায় নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আগের তুলনায় দুর্যোগ মোকাবিলায় উপকূলের সক্ষমতা বেড়েছে। আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা চলছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে টেকসই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গম চরাঞ্চলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও বাড়ানোর উদ্যোগ রয়েছে।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ৫৬ বছর পেরিয়ে গেলেও ভোলার উপকূলীয় মানুষ পুরোপুরি নিরাপদ নয়। জেলার প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার বাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনের তুলনায় নিচু। ঢালচর, কলাতলীর চর ও চর নিজামের মতো বিচ্ছিন্ন জনপদে বসবাসরত মানুষের নিরাপত্তায় কার্যকর ও টেকসই সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। এসব এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার এবং পর্যাপ্ত মাটির কেল্লা নির্মাণ জরুরি।

ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীরও মনে করেন, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও উঁচু করার পাশাপাশি নতুন বাঁধ নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

এদিকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, দিনটি আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হলে অতীতের ভয়াবহতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি উপকূলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা আরও জোরালো হবে।

১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ হৃদয়বিদারক কালোরাত হিসেবে চিহ্নিত। সেই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট “ভোলা সাইক্লোন” এ উপকূলে আঘাত হানে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, “ভোলা সাইক্লোন” পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়।

১৯৭০ সালের সেই রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভয়াল “ভোলা” সাইক্লোন বা গোর্কি।

১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বরের পর কেটে গেছে ৫৬ বছর। বদলেছে সময়, বেড়েছে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। কিন্তু ভোলার ঢালচরের মানুষের কাছে নিরাপত্তা এখনো অধরা। সেদিন জলোচ্ছ্বাসে কেড়ে নিয়েছিল মানুষের জীবন, আর আজ নদীভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে তাদের বসবাসের ভূখণ্ড। স্বজন হারানোর শোক পেরিয়ে এবার নিজেদের অস্তিত্ব হারানোর শঙ্কায় দিন কাটছে উপকূলের মানুষের।

৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি ভুলতে পারেননি বেঁচে থাকা মানুষগুলো। প্রতিবছর ১২ নভেম্বর ফিরে আসে স্বজন হারানোর বেদনা। একই সঙ্গে নতুন করে জাগে আরেকটি আশঙ্কা—আবারও যদি এমন দুর্যোগ আঘাত হানে, তাহলে কতটা নিরাপদ উপকূলের মানুষ?

১৯৭০ সালের সেই ভয়াল রাতের পুনরাবৃত্তি কেউ চায় না। তবে স্মৃতির ক্ষত শুধু শোকসভা কিংবা স্মরণে সীমাবদ্ধ না রেখে উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত জোরদার, ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, শক্তিশালী বেড়িবাঁধ, কার্যকর আগাম সতর্কবার্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করাই ভুক্তভোগী স্থানীয়দের দাবী।

দিবসটি স্মরণে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম খান, ভোলা জেলার সিনিয়র সাংবাদিক ও আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সোপান, এনামুল হক বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত হওয়া ইতিহাসের অন্যতম ভয়ংকর ও প্রাণঘাতী ভোলা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে ‘ভয়াল ১২ নভেম্বর’ উপকূল দিবস হিসেবে পালন করা হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজন করে থাকেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%