প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কালের পরিবর্তনে পটুয়াখালী জেলার দুমকিতে গরুর মাধ্যমে হালচাষের ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ডিজিটালাইজেশনের প্রভাব দেখা যাচ্ছে এবং মানুষ সহজেই ডিজিটাল সুবিধাগুলো গ্রহণ করছে। কৃষি প্রযুক্তির ক্ষেত্রেও এই অগ্রগতি অব্যাহত রয়েছে। নতুন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে সারা দেশে বাঙালির পরিচিত গরু-লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছে।
পটুয়াখালী জেলার কৃষি প্রধান অন্যান্য অঞ্চলের মতো দুমকিতে গরুর লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য এক সময় সকলের দৃষ্টি আকর্ষণ করত। বাড়ি থেকে বের হলে মাঠের দিকে নজর দিলে দেখা যেত, শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি ধারালো লাঙল কাঠের হাতল এবং বাঁশ বা কাঠের জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে জমি চাষ করছেন। সেই সময় গরু ছাড়া জমি চাষের চিন্তাও করা যেত না। কিন্তু বর্তমানে গরু লাঙলের সাথে কৃষকের চিরচেনা দৃশ্য এখন বিরল হয়ে পড়েছে। সময়ের পরিবর্তন এবং বিজ্ঞানের উন্নতির কারণে গরুর লাঙলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। এখন কৃষকরা কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যান না। কৃষক এখন সুবিধামতো দিন বা রাতে যে কোন সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে জমি চাষ ও মই দিয়ে ফসল আবাদ করছেন। তবে, ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ফলে পরিশ্রম এবং সময় কমেছে সত্য, কিন্তু ফসলের গুণগত মান এবং স্বাদ কমে গেছে। তাছাড়া জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে।
শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ নুর ইসলাম হাওলাদার জানান, এক সময় দুমকি এলাকায় প্রতিটি বাড়িতে গরুর লালন পালন করা হতো। এই গরুগুলো যেন পরিবারের সদস্যের মতো ছিল। গরুর মাধ্যমে একরের পর একর জমি চাষাবাদ করা হতো। মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ ইউনুস আকন বলেন, যাদের গরু বা হাল ছিল না, তারা জমি চাষের জন্য অন্যদের কামলা দিতেন এবং পরে তাদের গরু নিয়ে জমি চাষ করতেন। এর ফলে চাষের মৌসুমে তাদের উপরি আয়ের ব্যবস্থা হতো।
উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান বলেন, জীবনের বড় অংশ সময় কাটিয়েছেন তিনি লাঙ্গল, জোয়াল এবং গরুর পালনের সঙ্গে। তিনি জানান, তার বয়স যখন ১৩ থেকে ১৫ বছর ছিল, তখন তার বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে চাচাদের সঙ্গে হাল চাষের কাজ করতেন। বাড়িতে তিন জোড়া বলদ গরু ছিল চাষের জন্য। একজোড়া বলদ লাঙ্গল-জোয়াল নিয়ে গরুর মুখের তুরি দিয়ে হালচাষ করতেন। এখন প্রায় কয়েক বছর ধরে বয়স এবং অসুস্থতার কারণে হালকা ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ করা এখন প্রায় অসম্ভব। তিনি বলেন, "এখন সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় কাটাচ্ছি।"
গরু দিয়ে হাল চাষের উপকারিতা বর্ণনা করে পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। হাল চাষের সময় গরুর গোবর জমিতে পড়তো, যা জমিতে জৈব সার হিসেবে কাজ করতো। ফলে ফসল ভালো হতো। তিনি ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতির শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম।" এছাড়া পরিবেশ দূষণ লাঙ্গল-জোয়াল, গরু এবং মই দিয়ে চাষ পদ্ধতি টিকিয়ে রেখেছে। গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের জন্য একমাত্র অবলম্বন ছিল। আধুনিকতার ছোঁয়ায় এখন তা বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন প্রায় দুরুহ। কারণ মানুষ সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে। তবে কিছু কিছু স্থানীয় কৃষক এই ঐতিহ্য লালন করে যাচ্ছেন এবং অনেকে তা ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু যান্ত্রিকতার প্রভাবে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরের কতদিন টিকে থাকবে, তা ভবিষ্যতেই বলে দেবে। গরু দিয়ে হাল চাষের অভাবের কারণে গ্রামের মানুষের মাঝে অলসতা বিরাজ করছে। গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি হতো, সেগুলো এখন আর হচ্ছে না। তাই আমাদের এই গ্রামীণ ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ ও গরু পালনের টিকিয়ে রাখা প্রয়োজন বলে অভিজ্ঞদের পরামর্শ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন "ইনকিলাবের এ প্রতিবেদক'কে" বলেন, গরু ও লাঙল ছিল পরিবেশবান্ধব এবং ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরো পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন