বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৯ পি.এম
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ শিশু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল বেলায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
দেশে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের।
একই সময়ে আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৭ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।
চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৪ হাজার ৮৮০ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন।
এছাড়া, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আতঙ্ক কাটেনি ৫৬ বছরেও, সুরক্ষার দাবি ভোলাবাসীর। ১২ নভেম্বর উপকূলের মানুষের কাছে একটি তারিখ নয়, বরং স্বজন হারানোর বেদনাবিধুর ইতিহাস। ১৯৭০ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ। প্রাণ হারান ভোলার ৫ লাখ মানুষ। দ্বীপজেলা ভোলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশুর সঙ্গে ভেসে যায় অসংখ্য মানুষের জীবন। হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েন স্বজন হারিয়ে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ১২ থেকে ১৩ নভেম্বর আঘাত হানা এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা আনুমানিক তিন লাখ থেকে পাঁচ লাখ। সরকারি ও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও ভোলা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম। দিবসটি স্মরণে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্মরণ সভায় বক্তারা স্মৃতি চারণ করে বলেন, সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে ফেরে বেঁচে থাকা মানুষদের। দৌলতখান উপজেলার তৎকালীন মেদুয়া এলাকার বাসিন্দা আমীরুল ইসলাম হারিয়েছেন মা, দুই ভাই, এক বোনসহ পরিবারের ১৮ সদস্যকে। তিনি অনেক স্বজনের মরদেহও খুঁজে পাননি। ঘটনার সময় ঢাকায় থাকায় প্রায় ১৪ দিন পর বাড়ি ফিরে দেখেন, শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির কোনো চিহ্ন নেই।
আমীরুল ইসলাম বলেন, "বাড়িতে ফিরে নিজের বসতভিটা চিনতে পারিনি। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। আশপাশের বাড়িঘরও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পাশের একটি বাড়ির শতাধিক মানুষের মধ্যে মাত্র তিনজন বেঁচে ছিলেন।"
১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত। সরকারি হিসেবে এ ঝড়ের তান্ডবে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারানোর কথা বলা হলেও বেসরকারি হিসেবে ১০ লাখের বেশি মানুষ প্রাণ হারান। সেই দিনের স্মৃতি বয়ে আজও যারা বেঁচে রয়েছেন, কিংবা স্বজনদের হারিয়েছেন, কেবল তারাই অনুভব করেন, সেদিনের ভয়াবহতার কথা।
তার স্মৃতিতে, দৌলতখানের চৌকিঘাটায় মানুষ ও সাপের মরদেহ একসঙ্গে পড়ে থাকতে দেখেছেন। কাফনের কাপড়ের অভাবে কোথাও কলাপাতা কিংবা ছালার চটে মুড়িয়ে মরদেহ দাফন করতে হয়েছে। একটি কবরে সমাহিত করা হয়েছে একাধিক মানুষকে। ভোলার বাতাসে ছিলো মরদেহের গন্ধ। মহকুমা ভোলার মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও দৌলতখানসহ সমগ্র এলাকার মৃত গবাদিপশু আর মানুষের মরদেহ বঙ্গোপসাগরের উত্তাল পানিতে ভেসে গেছে। দ্বীপাঞ্চল ভোলা প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। যারা বেঁচেছিলেন, তাদের অধিকাংশ ১৫ থেকে ৪৯ বছরের পুরুষ ছিল। অপরদিকে, মৃত্যুর মধ্যে ৫০% শিশু (১০ বছরের কম) ছিল বেশী।
মনপুরার রাজনীতিবিদ কামাল চৌধুরীর স্মৃতিতেও সেই রাতের ভয়াবহতা স্পষ্ট। তার ভাষ্য অনুযায়ী, তখন মনপুরায় প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস ছিল। ঘূর্ণিঝড়ের পর বেঁচে ছিলেন মাত্র সাড়ে ১১ থেকে ১২ হাজার মানুষ। বহু পরিবার থেকে একাধিক সদস্য প্রাণ হারান। দুর্যোগের পর বেঁচে যাওয়া মানুষের খাবারের ব্যবস্থা করতে খুলতে হয়েছিল লঙ্গরখানা।
১৯৭০ সালের সেই ভয়াল রাত শুধু মানুষের জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল উপকূলের ভূগোলও। তবে ৫৬ বছরে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। গড়ে উঠেছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, চালু হয়েছে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, তৈরি হয়েছে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। বেড়েছে উদ্ধার ও ত্রাণ তৎপরতার সক্ষমতা। ফলে আগের তুলনায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঝুঁকি অনেক কমেছে। কিন্তু উপকূলের সব এলাকার নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি।
এরই এক উদাহরণ ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। একসময় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এ দ্বীপ ছিল সম্ভাবনাময় জনপদ। প্রায় ৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে ছিল হাজারো মানুষের বসতি। ছিল হাটবাজার, দোতলা স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন ও রেস্ট হাউস। কিন্তু নদীভাঙনে একে একে বিলীন হয়েছে এসব স্থাপনা। হারিয়ে গেছে মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার ঠিকানা।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে নদীভাঙনে দ্বীপটির প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। বর্তমানে টিকে আছে আনুমানিক ১১ বর্গকিলোমিটার। অর্থাৎ অর্ধেকের বেশি ভূখণ্ড হারিয়েছে ঢালচর। প্রতিনিয়ত বদলে যাচ্ছে দ্বীপটির মানচিত্র।
ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের কাছে প্রতিটি জোয়ারই নতুন শঙ্কা। স্থানীয়দের হিসাবে, বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস এ জনপদে। অথচ ঝুঁকিপূর্ণ এই দ্বীপে নেই স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রেরও সংকট রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিংবা অস্বাভাবিক জোয়ারের খবর পেলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ে যাওয়া, যাতায়াত এবং গবাদিপশু রক্ষার চিন্তায় দুর্যোগের সময় বাড়ে মানুষের দুর্ভোগ।
শুধু ঢালচর নয়, ভোলার সামগ্রিক উপকূলীয় নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় মোট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধের দৈর্ঘ্য মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। বর্তমানে ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসন কাজ চলমান রয়েছে। এখনো অরক্ষিত রয়েছে ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ।
পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলার মূল ভূখণ্ড রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের সব বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে। ঝুঁকি ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে সিসি ব্লক দিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসন বলছে, বিশাল উপকূলীয় জনগোষ্ঠীর জানমাল রক্ষায় প্রয়োজন বিপুল অর্থ ও সমন্বিত উদ্যোগ। সীমিত সম্পদের মধ্যেও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ চলছে। ঢালচর, কুকরি-মুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকার মানুষকে দুর্যোগের সময় দ্রুত উদ্ধারে চারটি স্পিডবোট বরাদ্দ চাওয়া হয়েছে। যেসব চরে আশ্রয়কেন্দ্র নেই, সেসব এলাকায় নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আগের তুলনায় দুর্যোগ মোকাবিলায় উপকূলের সক্ষমতা বেড়েছে। আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা চলছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে টেকসই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গম চরাঞ্চলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও বাড়ানোর উদ্যোগ রয়েছে।
ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ৫৬ বছর পেরিয়ে গেলেও ভোলার উপকূলীয় মানুষ পুরোপুরি নিরাপদ নয়। জেলার প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার বাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনের তুলনায় নিচু। ঢালচর, কলাতলীর চর ও চর নিজামের মতো বিচ্ছিন্ন জনপদে বসবাসরত মানুষের নিরাপত্তায় কার্যকর ও টেকসই সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। এসব এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার এবং পর্যাপ্ত মাটির কেল্লা নির্মাণ জরুরি।
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীরও মনে করেন, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও উঁচু করার পাশাপাশি নতুন বাঁধ নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
এদিকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, দিনটি আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হলে অতীতের ভয়াবহতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি উপকূলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা আরও জোরালো হবে।
১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ হৃদয়বিদারক কালোরাত হিসেবে চিহ্নিত। সেই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট “ভোলা সাইক্লোন” এ উপকূলে আঘাত হানে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, “ভোলা সাইক্লোন” পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়।
১৯৭০ সালের সেই রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভয়াল “ভোলা” সাইক্লোন বা গোর্কি।
১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বরের পর কেটে গেছে ৫৬ বছর। বদলেছে সময়, বেড়েছে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। কিন্তু ভোলার ঢালচরের মানুষের কাছে নিরাপত্তা এখনো অধরা। সেদিন জলোচ্ছ্বাসে কেড়ে নিয়েছিল মানুষের জীবন, আর আজ নদীভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে তাদের বসবাসের ভূখণ্ড। স্বজন হারানোর শোক পেরিয়ে এবার নিজেদের অস্তিত্ব হারানোর শঙ্কায় দিন কাটছে উপকূলের মানুষের।
৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি ভুলতে পারেননি বেঁচে থাকা মানুষগুলো। প্রতিবছর ১২ নভেম্বর ফিরে আসে স্বজন হারানোর বেদনা। একই সঙ্গে নতুন করে জাগে আরেকটি আশঙ্কা—আবারও যদি এমন দুর্যোগ আঘাত হানে, তাহলে কতটা নিরাপদ উপকূলের মানুষ?
১৯৭০ সালের সেই ভয়াল রাতের পুনরাবৃত্তি কেউ চায় না। তবে স্মৃতির ক্ষত শুধু শোকসভা কিংবা স্মরণে সীমাবদ্ধ না রেখে উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত জোরদার, ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, শক্তিশালী বেড়িবাঁধ, কার্যকর আগাম সতর্কবার্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করাই ভুক্তভোগী স্থানীয়দের দাবী।
দিবসটি স্মরণে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম খান, ভোলা জেলার সিনিয়র সাংবাদিক ও আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সোপান, এনামুল হক বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত হওয়া ইতিহাসের অন্যতম ভয়ংকর ও প্রাণঘাতী ভোলা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে ‘ভয়াল ১২ নভেম্বর’ উপকূল দিবস হিসেবে পালন করা হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজন করে থাকেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে, পুবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে সদর উপজেলার বুরো ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক শিউলি সাহা উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক পিএলসি টাঙ্গাইল সদরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক উল্লেখ করেন, স্কাউট ও কাব একটি আন্তর্জাতিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়মকানুন এবং জীবনের বিভিন্ন বাধা-বিপত্তি মোকাবিলার শিক্ষা অর্জন করে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কাব আন্দোলনকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। এ কার্যক্রমে অধিক সংখ্যক শিক্ষার্থীকে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে।’ তিনি জানান, কিছুদিনের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন একটি কার্যক্রম শুরু হবে। তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এশিয়া কাপের। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে বাংলাদেশ পাত্তাই পায়নি। ব্যাটারদের ব্যর্থতার কারণে জুনিয়র টাইগারদের সেমিফাইনালেই থামতে হলো।
ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেট ও ১৬৯ বল হাতে রেখে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ৩১.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়। ওপেনার আব্দুল্লাহ আল মুহি অর্ধশতক হাঁকিয়েছিলেন, তবে বাকিদের ব্যর্থতার কারণে স্কোরবোর্ডে যথেষ্ট রান যোগ করতে পারেনি জুনিয়র টাইগাররা।
পাকিস্তানের পেসার রিজওয়ানউল্লাহ একাই ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন।
পাকিস্তান যখন জবাব দিতে নামে, তখন উসমান খান ও হায়াম খানের জোড়া অর্ধশতক তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ