ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পুঁজিবাজারে নতুন যুগের সূচনা, ২০২৮ সালে আসছে ডেরিভেটিভস মার্কেট


পুঁজিবাজারে নতুন যুগের সূচনা, ২০২৮ সালে আসছে ডেরিভেটিভস মার্কেট

দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস মার্কেট ২০২৮ সালের মধ্যে চালু হবে। প্রাথমিক পর্যায়ে 'ইনডেক্স ফিউচার' এর মাধ্যমে ডেরিভেটিভস লেনদেন শুরু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাখিলকৃত একটি বিস্তারিত কর্মপরিকল্পনা অনুমোদন করার মাধ্যমে এই সময়সীমা চূড়ান্ত করেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কমিশন সভায় পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালার খসড়া অনুমোদন, ‘জেড ক্যাটাগরির’ শেয়ার হস্তান্তরে শর্ত শিথিলকরণ এবং বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণে জটিলতা নিরসনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তগুলো দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধান করবে এবং দেশের পুঁজিবাজারে গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

আর্থিক বিশ্লেষকরা মনে করছেন, ইনডেক্স ফিউচার চালুর ফলে বিনিয়োগকারীরা পুরো ইনডেক্সের উত্থান-পতনের ওপর ভিত্তি করে হেজিং করার সুযোগ পাবেন। এটি নিম্নমুখী বাজারে পোর্টফোলিও রক্ষায় কার্যকর সেফটি নেট হিসেবে কাজ করবে। ডেরিভেটিভস মার্কেট চালুর মাধ্যমে দেশের পুঁজিবাজারে আধুনিক বিনিয়োগ সরঞ্জামের সংযোজন এবং বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনার পথ প্রশস্ত হবে।

ডাইরেক্ট লিস্টিংয়ের খসড়া অনুমোদন: বিএসইসির কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ রুলস, ২০২৬) এর খসড়া অনুমোদন করা হয়েছে। এই নতুন বিধিমালার অধীনে যোগ্য কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়া ছাড়াই সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে। এই প্রক্রিয়ায় বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন মোট শেয়ারের ১০% থেকে ২০% শেয়ার অফলোড করার শর্ত আরোপ করা হয়েছে। নতুন বিধিমালার আওতায় নিম্নলিখিত ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে:

সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, যার পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০% সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন রয়েছে। বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি। বিটিআরসি অনুমোদিত এবং কমপক্ষে ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনি টেলিকম, আইসিটি, অবকাঠামো সেবা প্রদানকারী অথবা উৎপাদনকারী কোম্পানি। তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি যারা কমপক্ষে ৩ বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদের অধিকারী কোম্পানি।

কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণ: বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রেরণের দীর্ঘদিনের জটিলতা নিরসনে কমিশন একটি সময়সীমা নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হতে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স (ডিটিএ) সার্টিফিকেট প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এবং সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই ঘোষিত লভ্যাংশ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে প্রেরণ করতে হবে। পরবর্তীতে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণের ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রত্যাবাসনে বিলম্ব সংক্রান্ত অভিযোগ নিরসনে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে কমিশন মনে করছে।

জেড-ক্যাটাগরির কোম্পানির শেয়ারসংক্রান্ত বিধিনিষেধ শিথিল: ‘জেড-ক্যাটাগরি’ ভুক্ত কোম্পানির স্পন্সর বা পরিচালকদের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ দুটি পরিস্থিতিতে কমিশনের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা বিলোপ করা হয়েছে। এখন থেকে ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং মূল শেয়ারহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারীদের অনুকূলে শেয়ার ট্রান্সমিশনের জন্য কমিশনের আলাদা অনুমতির প্রয়োজন হবে না। স্টক এক্সচেঞ্জগুলো লিস্টিং রেগুলেশন অনুযায়ী সরাসরি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেব আগেই ‘শঙ্কর’ হয়েছিলেন, এবার শঙ্কর দেব হলেন, কী বললেন ‘কিশোরী’ ইধিকা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


দেব আগেই ‘শঙ্কর’ হয়েছিলেন,  এবার শঙ্কর দেব হলেন, কী বললেন ‘কিশোরী’ ইধিকা?

‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ সৃজিত একটি নাচের ভিডিয়োতে নেতৃত্ব দিয়েছেন। যীশু এবং অনুজয় সৃজিতের সঙ্গে মাথায় ঝুড়ি নিয়ে নাচের ছন্দে পা মেলান। শঙ্কর চক্রবর্তী ‘কিশোরী’ ইধিকার পাশে এসে দেবকে টেক্কা দেন।

নেটদুনিয়ায় ‘কিশোরী’ গানের নতুন ভার্সন নিয়ে উন্মাদনা চলছে। সম্প্রতি পুদুচেরিতে ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’-এর শুটিং সম্পন্ন হয়েছে। সেখানেই পুরো টিম মিলে একটি ভিডিয়ো শুট করেছেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৃজিত নিজেই এই ভিডিয়োতে নেতৃত্ব দিয়েছেন। যীশু এবং অনুজয় সৃজিতের সঙ্গে নাচের ছন্দে অংশগ্রহণ করেছেন। এরপরই এসেছে একটি চমক। শঙ্কর চক্রবর্তী ‘কিশোরী’ ইধিকার পাশে এসে দেবকে যথেষ্ট টেক্কা দিয়েছেন। তিনি ‘কিশোরী’ গানের স্টেপ হুবহু তুলে সকলকে অবাক করে দিয়েছেন।

‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’-এর আউটডোর শুটিংয়ে পুরো টিম উপস্থিত ছিল। সেখানে সৃজিত মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং অনুজয় চট্টোপাধ্যায় ঝুড়ি নিয়ে একটি বিশেষ গানের সঙ্গে নাচ করেছেন। গানটি ‘খাদান’ ছবির ‘কিশোরী’, যেখানে ইধিকা দেবের সঙ্গে নাচেন। পরিচালকের সঙ্গে যোগাযোগ করার পর সৃজিত বলেন, “আমাদের আউটডোর শুটিং শেষ হয়েছে। তখনই মাথায় এল, একটি মজা করে ভিডিয়ো তৈরি করা যাক। ইধিকা সঙ্গে থাকায় এই আইডিয়া মাথায় এল। ‘কিশোরী গার্ল’ ছিলই যখন, তখন এই গানটাই মাথায় এল। আর শঙ্কর চক্রবর্তী দারুণ পারফর্ম করেছেন। আমি, যীশু আর অনুজয় শুরু করলাম, শঙ্করদা-ইধিকা বাকিটা ফাটিয়ে দিয়েছেন।”

‘দেব আগেই শঙ্করের চরিত্রে অভিনয় করেছেন। এবার দেব হলেন শঙ্কর।’ নেটপ্রভাবীরা মজা করে এমন মন্তব্য করছেন। অর্থাৎ দেব ‘চাঁদের পাহাড়’ ছবিতে শঙ্কর সেজেছিলেন এবং এবার শঙ্কর চক্রবর্তী দেবের জায়গা নিয়েছেন।

‘কিশোরী’ গানের দৃশ্যে দেব-ইধিকা। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে শঙ্কর বলেন, “পুরোটাই সৃজিতের ভাবনা। গানটা ‘খাদান’ ছবির। আমি তো ওই লোকেশনে গিয়ে নাচটা তুলেছি। আমি খুব ভাল করতে পারিনি। বহুকাল আগে ঘাটশিলাতে একবার নেচেছিলাম একটি ছবিতে। আর তারপর তাপস পালের মেয়ে (সোহিনী) র একটি ছবিতেও নেচেছিলাম, কিন্তু সেই ছবিটি মুক্তি পায়নি। আগে আমি আইপিটিএ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন)-র নাচের দলে নাচতাম। তখন অনেক সচল ছিলাম। দেব তো শঙ্করের চরিত্রে অভিনয় করেছিল, সেই থেকেই মজা করে সকলে বলছেন। আমাকেও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।”

সৃজিতের সঙ্গে ইধিকার এটি প্রথম কাজ। ছবি: সংগৃহীত

‘কিশোরী’র অভিজ্ঞতা কেমন? জানতে যোগাযোগ করা হয়েছিল ইধিকা পালের সঙ্গেও। তিনি বলেন, “আসলে আগে থেকে কোনও প্রস্তুতি ছিল না। কথায় কথায় আমরাই বলেছিলাম শঙ্করদাকে। যীশুদা প্রথম শঙ্করদাকে এই স্টেপটা চেষ্টা করে দেখতে বলেন। এরপর সৃজিতদাই আইডিয়া দেন এই রিল তৈরি করার। সেখান থেকেই ভাবনা আসে। প্রথমে বুঝতে পারিনি, বিষয়টি এতটা গুরুগম্ভীর। তো পরের দিন তো সকলে তৈরি হয়ে যায়। এবং তারপর এর শুটিংয়ে যাওয়া হয়। আপলোড হতেই প্রচুর শেয়ার হয়েছে।”

প্রসঙ্গত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবুর পরে এবারে বড়পর্দায় নতুন গোয়েন্দা আসছে। তিনি এর আগে শার্লক হোমসকেও পর্দায় এনেছেন। এবারে পালা রাজর্ষি দাশ ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণের। যীশু সেনগুপ্ত, ইধিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ক্যামেলিয়া প্রোডাকশন’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’য় মানসিক চাপের শিকার! স্ত্রী ঈশার বিস্ফোরক মন্তব্যের পরেই বিচ্ছেদ ঘোষণা বাদশার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’য় মানসিক চাপের শিকার! স্ত্রী ঈশার বিস্ফোরক মন্তব্যের পরেই বিচ্ছেদ ঘোষণা বাদশার

মাত্র কিছু মাস আগে হঠাৎ করে সমাজমাধ্যমে কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যা দেখে অনুরাগীরা ধারণা করতে শুরু করেন যে বাদশা এবং ঈশা বিয়ে করেছেন। তবে এতদিন গায়ক এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় রয়েছেন র‌্যাপার-গায়ক বাদশা। চলতি বছরের মার্চ মাসে পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখীর সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সোমবার, তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বাদশা এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। অন্যদিকে, ঈশা আগেই তাঁদের সম্পর্ক এবং বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই সোমবার সন্ধ্যায় বাদশা নিজেই জানিয়ে দেন, ঈশার সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে গেছে। সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে র‌্যাপার জানান, তাঁরা দু’জনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা লেখেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।” এটি ছিল তাঁদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বাদশার প্রথম প্রকাশ্যে মন্তব্য। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই আলোচনা সত্যি হয়ে উঠল।

সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেন বাদশা। ছবি: ইনস্টাগ্রাম।

এর আগে জুলাই মাসে ঈশা সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। তাঁর সেই পোস্টের পরেও ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে আলোচনা আরও বৃদ্ধি পায়। ঈশা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ভয় এবং মানসিক চাপের মধ্যে ছিলেন। তাঁর স্বামীর ‘প্রভাব এবং ক্ষমতা’র কারণেই তিনি এমন পরিস্থিতির মধ্যে ছিলেন বলে ইঙ্গিত করেছিলেন অভিনেত্রী।

নীরব থাকা যে পরিস্থিতিকে মেনে নেওয়ার লক্ষণ নয়, বরং টিকে থাকার একটি উপায় ছিল— সেই ইঙ্গিতও দিয়েছিলেন ঈশা। পাশাপাশি, সবকিছু ঠিকঠাক রয়েছে এমন ভান না করে নিজের বক্তব্য প্রকাশ্যে জানানোর জন্য তিনি প্রস্তুত বলেও ইঙ্গিত করেছিলেন।

বাদশা এবং ঈশার বিয়ের জল্পনা প্রথম জোরালো হয় মার্চ মাসে। ঈশার মা পুনম রিখী সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যেগুলি দেখে মনে হয়েছিল সেগুলি কোনো ঘরোয়া বিয়ের অনুষ্ঠানের। ছবিগুলি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয় এবং খবর ছড়িয়ে পড়ে যে বাদশা ও ঈশা বিয়ে করেছেন। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত রেখেছিলেন।

এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে জৈস্মীন মসীহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে আলাপের পর ২০১২ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৭ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তী সময়ে ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চায় সরকার, কুয়েটে শিক্ষার্থীপ্রতি ব্যয় ১০.৭৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চায় সরকার, কুয়েটে শিক্ষার্থীপ্রতি ব্যয় ১০.৭৫ লাখ টাকা

শিক্ষায় সরকারের বিনিয়োগ বৃদ্ধি করে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে, এমন তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে শিক্ষায় জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে নিতে চান। কুয়েটের প্রতি শিক্ষার্থীর জন্য সরকারের ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।

শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি অত্যন্ত জরুরি। দক্ষ মানবসম্পদ তৈরির জন্য মানসম্মত শিক্ষা একটি প্রধান ভিত্তি। তাই শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে।

মন্ত্রী কুয়েটে শিক্ষার্থীপ্রতি সরকারের ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি উপাচার্যের কাছে শিক্ষার্থীপ্রতি ব্যয়ের হিসাব জানতে চাইলে ১০ লাখ ৭৫ হাজার টাকার তথ্য দেওয়া হয়েছে বলে জানান। এই অর্থ সরকার বহন করছে উল্লেখ করে তিনি বলেন, একই পরিমাণ অর্থ দিয়ে একজন শিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হতো।

শিক্ষা খাতে এই বিনিয়োগের কাঙ্ক্ষিত ফল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, “একবার ভেবে দেখেন, সরকার শিক্ষাখাতে কত বড় বিনিয়োগ করছে। ১০ লাখ ৭৫ হাজার টাকা একটি ছেলের পেছনে খরচ করছে। এই হিউজ ইনভেস্টমেন্টের রিটার্নটা কী? সেটা আমাদের বুঝতে হবে।”

মন্ত্রী আরও বলেন, অবকাঠামো উন্নয়ন বা সুন্দর ক্যাম্পাস তৈরিই যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও অ্যালামনাই কার্যক্রমকে জোরদার করে বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জনের চেষ্টা করতে হবে। তার মতে, বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ মেধার কারণে পিছিয়ে নেই, বরং যথাযথ প্রচেষ্টা ও ব্যবস্থার সঠিক প্রয়োগের অভাবে পিছিয়ে পড়ছে।

শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আরও বেশি পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এহছানুল হক মিলন বলেন, “ইউরোপ-আমেরিকার মানুষের মতো একই উপাদান দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরও সৃষ্টি করেছেন।” তাই গবেষণালব্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সাবেক শিক্ষার্থীরা কোথায় কাজ করছেন এবং তাদের কর্মসংস্থানের অবস্থা কেমন, এসব তথ্য থেকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি ভালো র‌্যাংকিংয়ের জন্য শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটের শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন মন্ত্রী। নতুন বিভাগ খোলার আগে তার প্রয়োজনীয়তা যাচাই করার কথাও বলেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের মতো বিভাগ চালুর আগে যৌক্তিকতা পর্যালোচনার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশকে শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে সরকার ‘ক্রস বর্ডার এডুকেশন’ চালুর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, এটি চালু করা গেলে বিদেশে শিক্ষার্থীদের যাওয়ার প্রবণতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পাশাপাশি বিদেশি বুদ্ধিবৃত্তিক সম্পদ দেশে আনার সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ক্রস বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও এ দেশে আমদানি করতে পারবো।”

বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে তাদের দেশে এনে উন্নয়নের কাজে লাগানোর কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান শিক্ষামন্ত্রী। মাধ্যমিক পর্যায়ের মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অন্য এক বক্তব্যে ছাত্রীদের জন্য উপহার হিসেবে পিংক সাইকেল দেওয়ার বিষয়টি নিয়েও চিন্তাভাবনার কথা বলেন তিনি।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয় জটিলতায় আটকে আছে বলে জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব জটিলতা দ্রুত দূর করে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

কুয়েটের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে দেশের চারটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি বা বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। সে সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ওই সরকারের সঙ্গে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।

প্রতি বছর ১ সেপ্টেম্বর কুয়েট বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ২০০৩ সালের এই দিনে প্রতিষ্ঠানটি বিআইটি থেকে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এবারের আয়োজন ছিল বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে।

দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, প্রীতি সমাবেশ, আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রদর্শনী, বিভিন্ন বিভাগের প্রজেক্ট উপস্থাপন, ল্যাব উন্মুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সরকার সময়োপযোগী, আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে, এটাই সরকারের প্রত্যাশা।

এআইয়ের যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। যুগের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান হুইপ।

অনুষ্ঠানে কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাজাহান আলী, ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ খুন: আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ, রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


রংপুরে ৪ খুন: আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ, রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ

রংপুর নগরীতে শিক্ষক পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের আদেশ অনুযায়ী, রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে যান মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তিন সদস্যের একটি দল। এই দলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী, উপপরিদর্শক মমিনুল ইসলাম এবং আবু সাঈদ বাবলা অন্তর্ভুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে আরপিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত ফোর মার্ডার নিয়ে মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "আমরা করি, এই হত্যকাণ্ডের রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে আছি। যেহেতু এটি একটি তদন্তাধীন, তাই এখানে কোনো তথ্য গোপন করার বিষয় নাই।"

তিনি আরো উল্লেখ করেন, আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলার নিষ্পত্তি করা হবে ইনশাআল্লাহ।

এর আগে, সোমবার (৩১ আগস্ট) আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে সংশ্লিষ্ট চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দেরিতে ডোপ টেস্ট করানোর কারণে এমন ফলাফল এসেছে।

একই দিন বিকেলে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। কিন্তু রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম দুদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সোমবার আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পরেও বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই এবং নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের পর অধিকতর তদন্তের জন্য সোমবার তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

তিনি আরো জানান, রিমান্ড আবেদনের শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়নি। তাদের পক্ষে লিগ্যাল এইডের আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যুক্ত ছিলেন। শুনানি শেষে আদালত দুদিন তিন ঘণ্টা করে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এদিকে, সোমবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশ নতুন তথ্য পেয়েছে উল্লেখ করে সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মধ্যে ঘটনার আগে এবং পরে অনেকবার কথা হয়েছে। তিনি বলেন, "৮০ ঘণ্টায় ৮০ বার কথা বলেছে তারা। এর অর্থ ঘটনার আগে এবং পরে প্রতি ঘণ্টায় একবার; যা অস্বাভাবিক এবং এ কারণে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে হতে পারে।"

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%