ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ মামলা, বান্ধবীর বিস্ফোরক সাক্ষ্য আদালতে


রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ মামলা, বান্ধবীর বিস্ফোরক সাক্ষ্য আদালতে

ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত চলমান মামলায় আদালতে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। অভিযোগকারীর এক বান্ধবী সাক্ষ্য প্রদান করে জানিয়েছেন, ঘটনার পর তাঁর বান্ধবী বলেছিলেন, ওই অভিজ্ঞতায় তিনি ‘ভীষণ, ভীষণ কষ্ট পেয়েছিলেন’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ভিডিও সংযোগের মাধ্যমে সাক্ষ্য দেন ওই নারী। তিনি জানান, ২০০৯ সালে লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলোতে রাসেল ব্র্যান্ডের একটি কৌতুক অনুষ্ঠানে অভিযোগকারীর সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাঁদের ব্র্যান্ডের সাজঘরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

সাক্ষী আদালতকে জানান, পরবর্তীতে অভিযোগকারী তাঁকে বলেছিলেন, ব্র্যান্ডের লন্ডনের বাড়িতে যাওয়ার পর তাঁদের মধ্যে যৌন সম্পর্কের একপর্যায়ে তিনি জোরপূর্বক পায়ুপথে যৌন সম্পর্ক স্থাপনের শিকার হন। অভিযোগকারীর বক্তব্য অনুসারে, তিনি একাধিকবার আপত্তি জানিয়েছিলেন এবং তীব্র ব্যথা অনুভব করেছিলেন। ঘটনার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও বান্ধবী আদালতে জানান।

আরও পড়ুন: বিচারের অপেক্ষায় মেঘলা মুক্তা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই

আদালতে অভিযোগকারীর মা-বাবার বক্তব্যও উপস্থাপন করা হয়। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর মেয়ে প্রায় দুই মাস তাঁদের সঙ্গে ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবার সদস্যরা জানান, তিনি এইচআইভি সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন। অভিযোগকারীর সাবেক প্রেমিকও জানিয়েছেন, বিষয়টি নিয়ে কথা বলার সময় তাঁকে খুব বিচলিত দেখাচ্ছিল।

রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ছয় নারীর করা অভিযোগের ভিত্তিতে মোট সাতটি অভিযোগের বিচার চলছে। এর মধ্যে রয়েছে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি অশালীন আচরণের অভিযোগ। ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ঘটে যাওয়া এসব অভিযোগ ব্র্যান্ড অস্বীকার করেছেন। তিনি সব অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার শুনানি অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীচ কার্নিভাল উৎসবে মুখর কুয়াকাটা, পর্যটক পদচারণা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ এম


বীচ কার্নিভাল উৎসবে মুখর কুয়াকাটা, পর্যটক পদচারণা বেড়েছে

বিচ-কার্নিভালকে কেন্দ্র করে আজ শুক্র/শনি ২৩ ও ২৪ অক্টোবর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। ফলে রুম সংকট দেখা দিয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অধিক পর্যটক দর্শনার্থীদের ভিড় রয়েছে।

বৃহস্পতিবার পুজার ছুটি শেষ হলেও, ২৩ ও ২৪ অক্টোবর বীচ কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে কুয়াকাটায়। বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রের নোনাজলে গোসল, খেলাধুলা সহ হৈ হুল্লোড়ে মেতে উঠেছে। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান, গঙ্গামতি ও লাল কাকঁড়ার চরসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। সৈকতের জিরো পয়েন্টে হৈ-হুল্লোড় ও সমুদ্রে সাতার কেটে আনন্দ উন্মাদনায় মেতেছেন শিশু কিশোর সহ নানা বয়সী ভ্রমণপ্রিয় মানুষ। কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। কেউবা আবার প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। কেউবা আবার মোবাইলে কিংবা ফটোগ্রাফারদের ক্যামেরায় বন্ধী হয়ে এমন সুখকর মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখছেন। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বীচ কার্নিভাল উৎসব পর্যটক দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ বলে জানিয়েছেন আগতরা।

বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে কুয়াকাটায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়ক ও বীচ এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন, এলইডি টিভি স্থাপন সহ নানা সাজসজ্জা করা হয়েছে। দুইদিন ব্যাপী বীচ কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে বীচ ফুটবল, বীচ ম্যারাথন, ঘুরি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুথিপাঠ, সাংস্কৃতিক সন্ধ্যা, বাউল গান, পর্যটন বিষয়ক প্রমাণ্য চিত্র, ভলিবল খেলা, সেলিব্রিটি বীচ ক্রিকেট, ফ্যাশন শো, আতশবাজি সহ নানা আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী আরমান আলিফ, হাসান (আর্ক), ঐশী সহ দেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করবেন। এর পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান পরিবেশন করবেন কার্নিভাল উৎসবে। বীচ কার্নিভাল উৎসব উপভোগ সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে প্রায় লক্ষাধিক পর্যটক দর্শনার্থীরা রেজিস্ট্রেশন করেছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ বীচ কার্নিভাল উৎসবের আয়োজন করা হয়েছে। বীচ কার্নিভাল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীচ কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, পটুয়াখালী-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি, স্থানীয় সাংসদ এবিএম মোশাররফ হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের মিজ সুলতানা জেসমিন জুঁই, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি প্রমুখ।

এদিকে কুয়াকাটার ৩ শতাধিকেরও বেশি আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলেও তা আগাম বুকিং হয়ে যাওয়ায় বুকিং ছাড়া এসে রুম সংকটে পরেছেন পর্যটকরা। পর্যটকদের ভীড়কে পুঁজি করে চা ১০ টাকা, ডাব ২৫০ টাকা পিচ, ভ্যান-আটো ভাড়া ইচ্ছেমতো, খাবার হোটেলে অতিরিক্ত খাবার বিল ও আবাসিক হোটেলে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে অনেক হোটেলের বিরুদ্ধে।

পূজার ছুটি এবং বীচ কার্নিভাল উৎসবকে কেন্দ্র করে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। আগতদের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। কার্নিভালের দুই দিনে ৩ লাখ পর্যটক আগমনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, ইতোমধ্যে আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশই বুকিং হয়ে গেছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পর্যটক দর্শনার্থীদের আগমনে কিছুটা রুম সংকট দেখা দিতে পারে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এসোসিয়েশনভুক্ত আবাসিক হোটেলগুলোতে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। এসোসিয়েশন আওতাভুক্ত নয় এমন হোটেল, মোটেল ও রিসোর্ট অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. ইনস্পেক্টর নাজমুল ইসলাম জানান, আগত পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ, এসআরবি সহ গোয়েন্দা সদস্য সাদা পোশাকে বিশেষ নজরদারি রাখবেন। এছাড়াও সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা রাখতে কুয়াকাটা পৌরসভা সহ ট্রাফিক পুলিশ টহল থাকবে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, পৌর প্রশাসন পর্যটকদের নিরাপত্তা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক অবস্থা অব্যাহত আছে। কুয়াকাটায় কোন আইন অমান্যকারীর ক্ষমা নেই।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান জানান, পর্যটকদের উপর কোন অন্যায় আচরণ বরদাস্ত করা হবে না। বীচ কার্নিভালের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। ফায়ার সার্ভিস, মেডিক্যাল টিম সহ তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় পটুয়াখালী জেলা প্রশাসন বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ এম


কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হয়নি

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার সাত দিন অতিবাহিত হলেও, আগুন লাগার প্রকৃত কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও তদন্ত কমিটি ধারণা করছে, ফ্রিজে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এরপর রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলে। গুদামে থাকা দাহ্য রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন মেরিন ড্রাইভের পাশে অবস্থিত তিনতলা রিসোর্টটিতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক এবং মামলার প্রধান আসামি মো. তানভীর সুলতান মিয়া পলাতক অবস্থায় রয়েছেন। রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোরশেদসহ অন্যান্যরা আত্মগোপনে চলে গেছেন। এখন পর্যন্ত পুলিশ সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে, তবে রিমান্ড শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে নিচতলার একটি ফ্রিজে শর্টসার্কিট ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ার পর রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

ওসির বক্তব্য অনুযায়ী, রিসোর্টের গুদামে দাহ্য রাসায়নিক পদার্থ ছিল, যা তীব্র বাতাস এবং কাঠের অবকাঠামোর কারণে আগুনের বিস্তারকে ত্বরান্বিত করে। তবে, কী ধরনের রাসায়নিক পদার্থ ছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন তথ্য আসছে। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরো সময় প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেই ইইউর মানবাধিকার পুরস্কার পেল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ এম


ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেই ইইউর মানবাধিকার পুরস্কার পেল আইসিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার অর্জন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালটিকে ২০২৬ সালের ‘সাখারভ পুরস্কার ফর ফ্রিডম অব থট’ প্রদান করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এর অবদানের স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে পুরস্কার বিজয়ী হিসেবে আইসিসির নাম ঘোষণা করেন পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা। এ খবরটি প্রকাশ করেছে রয়টার্স ও এপি।

আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এই সম্মাননার জন্য ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আদালত ও এর কর্মকর্তারা নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন থাকা অবস্থায় এই স্বীকৃতি অর্জন করেছে। তিনি আদালতের স্বাধীনভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেন, যা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরিহার্য।

হেগভিত্তিক আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধের বিচার করে থাকে। ২০২৪ সালে গাজায় সংঘটিত অপরাধের তদন্তের অংশ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালটিতে ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধি পায়।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এবং সেবা গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। ওয়াশিংটনের এই পদক্ষেপগুলোকে আদালতের কার্যক্রম দুর্বল করার চেষ্টা হিসেবে দেখছেন এর সমর্থকেরা।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। তারা আদালতের কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। ইউরোপীয় কমিশন আইসিসিকে সেবা প্রদানকারী ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।

এ বছরের সাখারভ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আইসিসি ছাড়াও তানজানিয়ার বিরোধী নেতা তুন্দু লিসু এবং ইরানের কারাবন্দি দুই বোন তারানেহ ও রোমিনা রহিমি অন্তর্ভুক্ত ছিলেন।

১৯৮৮ সালে সাবেক সোভিয়েত ভিন্নমতাবলম্বী আন্দ্রেই সাখারভের নামে ইউরোপীয় পার্লামেন্ট এই পুরস্কার চালু করে। প্রতিবছর মানবাধিকার, গণতন্ত্র এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।

সূত্র: রয়টার্স, এপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ এম


মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা ও বিকল্প মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের জন্য প্রবাসী আয় বৈধ চ্যানেলে দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ হবে এবং ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন, ‘প্রবাসী আয় যাতে বৈধ পথে দেশে আসে, সে জন্য মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার চেষ্টা করছি।’

তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) গভর্নর আহমেদ মুনাওয়ারকে একটি চিঠি পাঠিয়েছেন। এখন বাংলাদেশ তাদের জবাবের জন্য অপেক্ষা করছে।

উদ্যোগটি এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপন এবং প্রবাসীদের আয় বৈধ চ্যানেলে দেশে পাঠানোর সুযোগ আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মালদ্বীপে শাখা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে বলেও ওই কর্মকর্তা জানান।

বর্তমানে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের কিছু ব্যাংক মালদ্বীপে শাখা পরিচালনা করছে, যা বাংলাদেশের জন্য একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের উপস্থিতি বাড়লে প্রবাসীরা সহজে ব্যাংকিং সেবা পাবেন এবং অনুমোদিত চ্যানেলে দেশে অর্থ পাঠানো আরও সুবিধাজনক হবে। তবে এ জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে।

বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক প্রবাসী আয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মালদ্বীপ থেকে বাংলাদেশে ১১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ১৪ কোটি ১১ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ কমেছে প্রবাসী আয়।

তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মালদ্বীপ থেকে ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রবাসী আয় কমে যাওয়ার এবং অর্থ পাঠাতে বাংলাদেশি কর্মীদের নানা জটিলতার কারণে বৈধ রেমিট্যান্স সেবা আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংক শাখা স্থাপনের পাশাপাশি মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানো সহজ করার জন্য তিনটি নতুন ব্যবস্থা প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ৮ অক্টোবর এমএমএ গভর্নরের কাছে পাঠানো চিঠিতে গভর্নর ড. মোস্তাকুর রহমান দুই দেশের মুদ্রা কর্তৃপক্ষের মধ্যে নিরাপদ, দক্ষ, স্বচ্ছ ও কম ব্যয়ের রেমিট্যান্স ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা চান।

প্রথম প্রস্তাবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) আওতায় উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে মালদ্বীপের স্থানীয় মুদ্রা রুফিয়া ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় বাংলাদেশে উপকারভোগীরা অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টাকায় সমপরিমাণ অর্থ পাবেন।

দ্বিতীয় প্রস্তাবে মালদ্বীপের লাইসেন্সধারী ব্যাংক ও অর্থ স্থানান্তর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত যোগ্য পরিশোধ রুফিয়ায় করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো টাকাভিত্তিক কার্ড ইস্যু করবে এবং দুই দেশের সমন্বিত নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে এর নিষ্পত্তি হবে।

তৃতীয় প্রস্তাবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ ব্যবস্থা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলা হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীদের উপার্জন দেশে ফিরিয়ে আনা আরও সহজ হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন দুই দেশের আইন ও নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও মালদ্বীপে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ প্রতিনিধিদল গঠনের মাধ্যমে এমএমএ’র সঙ্গে বৈঠক করতেও প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। সম্ভাব্য ওই বৈঠকে নিয়ন্ত্রক শর্ত, পরিচালনাগত ব্যবস্থা এবং নিষ্পত্তি কাঠামো নিয়ে আলোচনা হবে।

মালদ্বীপে বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে দুই লাখের বেশি বিদেশি কর্মী রয়েছেন, যার মধ্যে এক লাখের বেশি বাংলাদেশি।

এত বড় বাংলাদেশি কর্মীসমাজ থাকা সত্ত্বেও স্থানীয় মুদ্রা রুফিয়া সরাসরি গ্রহণে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর অনীহার কারণে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে সমস্যায় পড়ছেন।

ফলে অনেককে অনানুষ্ঠানিক বাজার থেকে আগে মার্কিন ডলার কিনে পরে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অর্থ পাঠাতে হয়। এর সঙ্গে উচ্চ কমিশন যোগ হওয়ায় বৈধ পথে অর্থ পাঠানোর ব্যয় আরও বেড়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের মতে, এসব জটিলতা বৈধ চ্যানেলের ব্যবহার নিরুৎসাহিত করে এবং হুন্ডিসহ অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ায়, যার ফলে দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসী আয়ের প্রবাহ সীমিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা গেলে মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালু এবং প্রস্তাবিত মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থাগুলো একসঙ্গে বাস্তবায়নের মাধ্যমে অনানুষ্ঠানিক মুদ্রাবাজারের ওপর নির্ভরতা কমবে, লেনদেনের স্বচ্ছতা বাড়বে এবং প্রবাসীরা আরও সহজে পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের লক্ষ্য প্রবাসী আয় স্থানান্তরকে আরও নিরাপদ, দ্রুত ও কম ব্যয়বহুল করা এবং বৈধ চ্যানেলে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ বৃদ্ধি করা। তবে পুরো উদ্যোগের বাস্তবায়ন মালদ্বীপ মনিটারি অথরিটির সাড়া, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন এবং দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয় ব্যবস্থার ওপর নির্ভর করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%