ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আগৈলঝাড়া থানা পরিদর্শন শেষে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ তথ্যমন্ত্রীর


আগৈলঝাড়া থানা পরিদর্শন শেষে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ তথ্যমন্ত্রীর

বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

তিনি শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানায় পৌঁছে হামলায় ভাঙচুর করা কক্ষ পরিদর্শন করেন। এরপর মন্ত্রী আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন।

পরে তথ্যমন্ত্রী আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সে সময় সাংবাদিকরা থানায় হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন ও সাবেক সভাপতি সাইফুল ইসলামকে আসামি করার বিষয়টি তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। তিনি উল্লেখ করেন, এই হামলার ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে তিনি আশ্বাস দেন যে, এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির স্বীকার না হন, সে বিষয়টিও দেখা হবে।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খাঁন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানাসহ অন্যান্য সংবাদিকরা।

উল্লেখ্য, ফুলশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে চুরির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গত বুধবার গ্রেফতার করে পুলিশ। থানার হাজতখানার লোহার দরজায় রিয়াজ নিজের মাথায় নিজে আঘাত করে অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। পরের দিন বৃহস্পতিবার বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজনসহ শতাধিক লোকজন মিছিল করে থানার ভিতরে ঢুকে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে এবং কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনায় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের ১২ জন আহত হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশ' জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সেই মামলায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত নারী-পুরুষসহ ২২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আলোচিত এ মামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এফএম নাজমুল রিপনকে ২১ নম্বর এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধে হামলাকারীদের প্ররোচণা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, উদ্বেগ এলাকাজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, উদ্বেগ এলাকাজুড়ে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদলের একটি নেতার বাড়িতে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করেছে। এই ঘটনার ফলে বাড়ির জানালার গ্লাস ভেঙে গেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বেলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রদল নেতার নাম সোলাইমান আকন্দ, যিনি কালিহাতী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি।

সোলাইমান আকন্দ বলেছেন, তাকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জোগাড় করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। ভোর প্রায় ৫টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির সামনে এসে পরপর চার রাউন্ড গুলি ছুড়েছে। গুলির ফলে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে।

সোলাইমান আকন্দের বাবা আব্দুর রাজ্জাক বলেন, 'ফজরের নামাজ পড়তে ওঠার সময় বাইরে শব্দ পাই। পরে আরও শব্দ শোনা যায়। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। প্রশাসনের কাছে এ বিষয়ে সুবিচারের দাবি করছি।'

ভুক্তভোগী ছাত্রদল নেতা আরও জানান, 'আমাকে হত্যার উদ্দেশ্যে চারটি গুলি ছোড়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।'

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান এই বিষয়ে বলেন, 'ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন তিনি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। পরে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের এ মূলমন্ত্র সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। আজরা মাহমুদ বলেন, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। এরইমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন। এসময় আয়োজনের সহযোগীদের কৃতজ্ঞতা জানান আজরা। এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম। গ্র্যান্ড ফিনালেতে বিভিন্ন ধাপ পেরিয়ে আসা সেরা পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী মঞ্চে ওঠেন। এরপর প্রশ্নোত্তর পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর দেন তারা। শেষ পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সব প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামানজার সাঈদ। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। হো চি মিন শহরে আয়োজনটি বসবে আগামী ৯ আগস্ট, যার গ্র্যান্ড ফিনালে ৫ সেপ্টেম্বর। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এ প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে যুগোপযোগী শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে যুগোপযোগী শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান বিপুল কর্মক্ষম জনসংখ্যার মাধ্যমে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ বা জনমিতিক লভ্যাংশের সুবিধা কার্যকরভাবে কাজে লাগাতে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-২) এম মঞ্জুরুল করিম রনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে বিপুল পরিমাণ কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই। এই বিশাল তরুণ প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে দেশ কোনোভাবেই পিছিয়ে থাকবে না। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করাই এখন আমাদের মূল লক্ষ্য। সে কারণেই সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।’

ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমাদের দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর ভর্তি জটে শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়, যা দেশের জন্য একটি বড় ক্ষতি। এই দীর্ঘ সময় অপচয়ের কারণে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে সফলভাবে কাজে লাগাতে পারছি না। শিক্ষার্থীদের জীবন থেকে যেন কোনো সময় নষ্ট না হয়, সেজন্য সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।’

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেশনজট নিরসনে কঠোর বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো ধরনের সেশনজট না থাকে, তা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের কৃষি খাতকে আরও উন্নত ও আধুনিক করতে হবে। এজন্য কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এই প্রযুক্তিগত রূপান্তরে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে হবে।’

এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে গাছের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নিজে একটি গাছের চারা রোপণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারি বা সিটি করপোরেশনের একক উদ্যোগই যথেষ্ট নয়; এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

তিনি শনিবার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানে শনিবার থেকে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ শুরু হয়েছে। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা সমন্বিত সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত।

তিনি বলেছেন, প্রতিটি নাগরিককে তার নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যেন কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। ‘সমন্বিত সচেতন সমাজ’ উদ্যোগটি প্রশংসনীয় এবং ডেঙ্গুর বিরুদ্ধে এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেছেন, ডেঙ্গুর পাশাপাশি আমাদের মাদক নির্মূলেও ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে ফেলেছে। যদি এটি প্রতিরোধ করা না যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ গড়তে সমস্যা হবে। তবে, মাদক নির্মূলে প্রশাসনেরও ভূমিকা নেওয়া জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ তৈরির কাজে যুক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেছেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ সরকারের পক্ষ থেকে চলছে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া বলেন, ডিএসসিসি গত বেশ কিছুদিন ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে। কিন্তু এবার স্থানীয় জনগণকে এই সচেতনমূলক প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই চেষ্টা করলে ডেঙ্গু রোগ নির্মূল করা সম্ভব হবে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজের সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুল এবং একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই সময়ে স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%