প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
তিনি শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানায় পৌঁছে হামলায় ভাঙচুর করা কক্ষ পরিদর্শন করেন। এরপর মন্ত্রী আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন।
পরে তথ্যমন্ত্রী আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সে সময় সাংবাদিকরা থানায় হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন ও সাবেক সভাপতি সাইফুল ইসলামকে আসামি করার বিষয়টি তথ্যমন্ত্রীকে অবহিত করেন।
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। তিনি উল্লেখ করেন, এই হামলার ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে তিনি আশ্বাস দেন যে, এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির স্বীকার না হন, সে বিষয়টিও দেখা হবে।
এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খাঁন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানাসহ অন্যান্য সংবাদিকরা।
উল্লেখ্য, ফুলশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে চুরির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গত বুধবার গ্রেফতার করে পুলিশ। থানার হাজতখানার লোহার দরজায় রিয়াজ নিজের মাথায় নিজে আঘাত করে অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। পরের দিন বৃহস্পতিবার বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজনসহ শতাধিক লোকজন মিছিল করে থানার ভিতরে ঢুকে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে এবং কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনায় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের ১২ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশ' জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সেই মামলায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত নারী-পুরুষসহ ২২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলোচিত এ মামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এফএম নাজমুল রিপনকে ২১ নম্বর এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধে হামলাকারীদের প্ররোচণা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন