বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৬ পি.এম
আজ বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত “৬০টি ব্যাটালিয়নের ৫০ হাজার বিজিবি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করছেন; সীমান্তে ফ্যাসিস্টদের প্রতিরোধে নিষ্ক্রিয় বিজিবি” শীর্ষক সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংবাদে সীমান্তের মাধ্যমে কথিত অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যাতায়াতের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এ ক্ষেত্রে বিজিবির সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি। তবে সংবাদে সীমান্তের ভৌগোলিক বাস্তবতা, নিরাপত্তা ব্যবস্থাপনার ধরন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে মনে হচ্ছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক প্রতিবাদ লিপিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, “সীমান্তে ফ্যাসিস্টদের প্রতিরোধে নিষ্ক্রিয় বিজিবি” শিরোনামটি বিজিবির দায়িত্ব পালনের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে, যা বাহিনীর বাস্তব কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়।
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একজন সাবেক সংসদ সদস্যের কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজিবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে একটি ঘটনার ভিত্তিতে সারা দেশে বিজিবির সামগ্রিক নিষ্ক্রিয়তা বলা যুক্তিসংগত নয়; বিশেষ করে বর্তমানে সীমান্তে বিজিবির সক্রিয়তা ও উপস্থিতি সর্বজনবিদিত, যেখানে এ ধরনের নেতিবাচক প্রচারণা প্রতীয়মান হচ্ছে।
সংবাদে ৫০ হাজার সদস্যের কথা বলা হলেও, সীমান্তজুড়ে একসঙ্গে মোতায়েনকৃত জনবল আনুমানিক ৩০ হাজারের বেশি নয়। তাছাড়া, জনবলের সংখ্যা দিয়ে সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা পরিমাপ করা সম্ভব নয়। ২০–২৫ জন জনবলের একটি বিওপির দায়িত্বাধীন এলাকা ৮–১০ কিলোমিটার। এসব এলাকার ভূপ্রকৃতি বৈচিত্র্যময় ও দুর্গম; বাংলাদেশ সীমান্তে কোথাও কাঁটাতারের বেড়া নেই, বহু স্থানে সড়ক যোগাযোগ নেই এবং পায়ে হেঁটে টহল দিতে হয়। সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও, সীমান্তের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দিনরাত তাদের দায়িত্ব পালন করে চলেছেন। এর সঙ্গে রয়েছে অর্থের বিনিময়ে অবৈধ পারাপারে সহায়তাকারী স্থানীয় অসাধু চক্র। সীমান্তের ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকারভিত্তিক মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও ড্রোনসহ প্রযুক্তির সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়; তবে সঠিক সময়ে তথ্য প্রাপ্তি কিংবা সাধারণ জনগণের তথ্য প্রদান ব্যতিরেকে কিছু ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তবে উল্লেখযোগ্য যে, সময়োপযোগী তথ্য ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে বিজিবি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তার বহু বাস্তব উদাহরণ রয়েছে। বিগত সময়ে স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অসংখ্য অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। এমনকি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আলোচিত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিচারপতিকেও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে আপোসহীনতা, আইন ও পেশাগত দায়িত্বের ভিত্তিতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বর্তমান অবস্থা ও আশঙ্কার প্রেক্ষিতে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং স্পর্শকাতর স্থানসমূহ চিহ্নিত করে ফ্লাডলাইট স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে।
জাতীয় স্বার্থে সীমান্ত নিরাপত্তা বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত দায়িত্ব একীভূত হলে সকল অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব বলে বিজিবি মনে করে।
গণমাধ্যমকর্মী ও জনগণকে সন্দেহজনক কোনো সীমান্ত তৎপরতার তথ্য পেলে নিকটস্থ বিজিবি ইউনিটকে জানাতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ এ সপ্তাহের শেষ দিকে শেষ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে, বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভোট প্রদান করবে। পাশাপাশি, শান্তিরক্ষীদের ধাপে ধাপে প্রত্যাহারের দাবি উঠেছে।
২০১৪ সালে দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় মোতায়েন করা জাতিসংঘের স্থিতিশীলতা রক্ষা বাহিনী ‘মিনুসকা’ ইতোমধ্যে সদস্যসংখ্যা কমাতে শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপি বাঙ্গুই থেকে এ তথ্য জানিয়েছে।
সংঘাতের ভয়াবহ সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে, সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও সক্রিয় রয়েছে। বিশেষ করে, চাদ, সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকায় তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি একের পর এক গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছে।
সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা এখনো দেশটিতে নিয়মিত ঘটনা। সরকারের পক্ষে সমর্থন দিচ্ছে ওয়াগনার গ্রুপ ও রুয়ান্ডার বাহিনী।
মিনুসকার মুখপাত্র ইয়ায়ে সেন এএফপিকে বলেন, ‘পরিস্থিতি এখনো নাজুক। তবে ২০১৩-২০১৪ সালের পরিস্থিতির সঙ্গে এর কোনো তুলনা হয় না।’
নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে গত ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট, পার্লামেন্ট, আঞ্চলিক ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে জাতিসংঘ মিশন সহায়তা প্রদান করেছে। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করা মিশনটির দায়িত্বের অন্তর্ভুক্ত।
কৌশল পরিবর্তন-
গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিনুসকায় বর্তমানে প্রায় ১০ হাজার সামরিক সদস্য ও ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশনের চলমান পুনর্বিন্যাসের লক্ষ্য হলো দেশের যেসব এলাকায় এখনও নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান, সেখানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম পাঠানো।
সেন বলেন, ‘এখনো কিছু দুর্বলতা রয়েছে। তবে নতুন কৌশল ও আরও শক্তিশালী বাহিনী নিয়ে আমরা সেসব এলাকায় কাজ করছি।’
জানুয়ারি থেকে জুনের মধ্যে মিশনটি দেশের বিভিন্ন স্থানে ২১টি কার্যক্রম পরিচালনার ঘাঁটি বন্ধ করে সেগুলোর দায়িত্ব হস্তান্তর করেছে।
তবে সাম্প্রতিক সহিংসতা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সীমাবদ্ধতা তুলে ধরেছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) অবশিষ্ট সদস্যদের দায়ী করা হামলায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চারজন নিহত হয়েছেন। এ সময়ে প্রায় ৬৮ জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন শিশু।
জুনে সুদানের সীমান্তবর্তী আম-দাফক শহরে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য রয়েছেন।
এ ঘটনায় জাতিসংঘের ছয় শান্তিরক্ষী আহত হন। বাস্তুচ্যুত হন প্রায় ১৭ হাজার ৫০০ বাসিন্দা।
এ ছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারপন্থী বাহিনী ও রাশিয়ার ওয়াগনার গোষ্ঠীর আধাসামরিক সদস্যদের সঙ্গে আজান্দে আনি কপি গবে (এএকেজি) মিলিশিয়ার চলতি বছরের লড়াইয়ে বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
অক্টোবরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে গত ৩১ আগস্ট পর্যন্ত দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।
‘ধাপে ধাপে প্রত্যাহার’-
গত মাসে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ফস্টিন-আর্চাঞ্জ তোয়াদেরা জাতিসংঘ মিশনকে ‘ধাপে ধাপে প্রত্যাহারের’ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা মনে করি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পূর্ণ সার্বভৌমত্বের ভিত্তিতে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া ও দেশে শান্তি বজায় রাখার সক্ষমতা অর্জন করা উচিত।’
যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট চান না যে মিশনটি হঠাৎ করে চলে যাক। কারণ, ‘কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের দুর্বলতা রয়েছে।’
গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশনটির ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরাও মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নির্ভর করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ধারণার প্রতি সমর্থন জানান।
তবে মিনুসকার মুখপাত্র সেন বলেন, ‘এখনো প্রত্যাহারের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাই মিনুসকার দায়িত্বে কোনো পরিবর্তন আসেনি।’
তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া ও রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার দায়িত্ব এখনো আমাদের রয়েছে। নিরাপত্তা পরিষদ মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা আমরা দেখব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিসিসিপি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রায় দেড়শ বছর পর প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় কৃষ্ণাঙ্গ সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন স্কট কলম। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল তার পক্ষে আসার মাধ্যমে নতুন এই ইতিহাসের সূচনা ঘটে। আগামী জানুয়ারিতে তিনি সিনেটর হিসেবে শপথ গ্রহণ করবেন।
মিসিসিপির রাজনীতিতে কৃষ্ণাঙ্গদের সিনেটর হওয়ার এই ঐতিহাসিক পরম্পরা শুরু হয়েছিল ১৮৭০ সালের ২৫ ফেব্রুয়ারি। সেদিন হিরাম রেভেলস যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে প্রবেশ করে শপথ গ্রহণ করেছিলেন। এর ঠিক এক মাস আগে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৫তম সংশোধনী অনুমোদিত হয়, যা গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটিতে রেভেলসের মতো কৃষ্ণাঙ্গ পুরুষদের ভোটাধিকার প্রদান করে।
নর্থ ক্যারোলাইনায় স্বাধীনভাবে জন্ম নেওয়া হিরাম রেভেলস গৃহযুদ্ধের সময় মিসিসিপিতে ইউনিয়ন আর্মির ধর্মযাজক (চ্যাপলেইন) হিসেবে কাজ করেছিলেন। গৃহযুদ্ধের পর মিসিসিপি আইনসভা তাকে অঙ্গরাজ্যটির প্রথম নতুন সিনেটর হিসেবে মনোনীত করে। মিসিসিপি পুনরায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত হওয়ার দুই দিন পর রেভেলস সিনেটে আসন গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হওয়ার গৌরব অর্জন করেন।
সিনেটে দেওয়া নিজের প্রথম বক্তৃতায় তিনি কৃষ্ণাঙ্গদের সরকারি পদে আসীন হওয়া বন্ধ করার একটি সংশোধনীর তীব্র বিরোধিতা করেন। সে সময় কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, "তারা কেবল সেই অধিকারগুলোই চাইছে, যা সৃষ্টিকর্তার সর্বজনীন আইন অনুযায়ী তাদের প্রাপ্য।"
হিরাম রেভেলসের পরপরই সিনেটে তার সঙ্গী হন ব্লাঞ্চ কে. ব্রুস। ভার্জিনিয়ায় দাস পরিবারে জন্ম নেওয়া ব্রুস গৃহযুদ্ধের শুরুতে পালিয়ে গিয়ে স্বাধীনতা অর্জন করেন। তিনিই যুক্তরাষ্ট্রের সিনেটে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করা প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ১৮৭৫ থেকে ১৮৮১ সাল পর্যন্ত তিনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্লাঞ্চ ব্রুস এমন এক সময়ে দায়িত্ব পালন করেন, যখন মিসিসিপিতে পুনর্গঠন যুগের রক্তক্ষয়ী সমাপ্তি ঘটছিল এবং শ্বেতাঙ্গ নেতারা কৃষ্ণাঙ্গদের নানা অধিকার কেড়ে নিয়ে দমনমূলক ‘জিম ক্রো’ যুগের সূচনা করছিলেন। ব্রুস সে সময় কৃষ্ণাঙ্গ ভোটারদের ওপর সহিংসতার বিষয়ে সতর্কবার্তা দিলেও নিজের জনগোষ্ঠীর সহনশীলতা, সক্ষমতা ও ভবিষ্যতের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেছিলেন।
পুনর্গঠন যুগের পর থেকে এখন পর্যন্ত মিসিসিপি থেকে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচিত হয়েছেন। তারা হলেন মাইক এসপি—যিনি পরবর্তীতে ক্লিনটন প্রশাসনে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন—এবং প্রতিনিধি বেনি থম্পসন, যিনি গত ৩ নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন।
তবে সিনেটের আসনটি কৃষ্ণাঙ্গদের জন্য দীর্ঘকাল অধরাই ছিল। একসময় হিরাম রেভেলস যে আসনে বসেছিলেন, পরবর্তীতে সেই আসনটি জেমস কে. ভার্ডামান এবং জেমস ও. ইস্টল্যান্ডের মতো কট্টর বর্ণবাদী ও বিভাজনপন্থী নেতাদের দখলে চলে যায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী জানুয়ারিতে সেই ঐতিহাসিক আসনেই বসতে যাচ্ছেন স্কট কলম। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণ সমাজের আত্মকর্মসংস্থানের পরিধি আরও প্রসারিত করার উদ্দেশ্যে বিশেষ ঋণ সহায়তা প্রদান করছে। এই কর্মসূচির আওতায়, যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা গ্রহণের জন্য কেবল আগ্রহ প্রকাশ করলেই চলবে না; বরং বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট সম্ভাবনা প্রমাণ করে যথাযথ নিয়মে আবেদন করতে হবে।
তবে বিনা জামানতে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও উদ্যোক্তা হওয়ার পথে একটি বড় শর্ত হয়ে দাঁড়িয়েছে বয়সসীমা। নির্ধারিত কর্মসূচির আওতায় ঋণ ও অনুদান পেতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। ফলে ব্যবসা শুরুর আগ্রহ ও সক্ষমতা থাকলেও বয়সের সীমাবদ্ধতায় অনেক তরুণ এই সুযোগের বাইরে থেকে যেতে পারেন।
আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো জানা জরুরি।
ঋণ পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া
বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
ব্যাংকে যোগাযোগ: প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
শর্তাবলী জেনে নেওয়া: ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদনপ্রক্রিয়া, সুদের হার ও অন্যান্য শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে।
অনলাইন থেকেও সংগ্রহ: ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করা সম্ভব।
কাগজপত্র সংযুক্তি: যথাযথভাবে ফরম পূরণের পর এর সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যুক্ত করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় সাধারণত যে সমস্ত কাগজপত্র সঙ্গে জমা দিতে হয়, তার মধ্যে রয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।
২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও এর সত্যায়িত অনুলিপি।
৪. একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য সহায়ক কাগজপত্র।
বিজনেস প্ল্যানে যা থাকতে হবে
ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিকল্পনাটিতে যে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে—
কোন ধরনের ব্যবসা করতে চান এবং তার প্রাথমিক বিনিয়োগ কত।
পণ্য বা সেবার বর্তমান বাজার চাহিদা কেমন এবং এর বিপণন কৌশল কী হবে।
ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ পরিশোধের বাস্তবসম্মত আর্থিক হিসাব।
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান তৈরি হবে এবং তা জাতীয় অর্থনীতিতে কীভাবে অবদান রাখবে।
উল্লেখ্য, আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে একটি আলাদা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সফল আবেদনের কিছু টিপস
ব্যাংক থেকে ঋণ নিশ্চিত করতে হলে পরিকল্পনাটি হতে হবে সম্পূর্ণ বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু ঋণের নির্দিষ্ট অঙ্কের পরিমাণ উল্লেখ করলেই হবে না; বরং অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং ব্যবসা থেকে আয় করে কীভাবে তা পরিশোধ করা যাবে, তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।
সবশেষে, আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার পর ব্যাংক তা যাচাই-বাছাই করে নিজস্ব নীতিমালা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সাপেক্ষে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবেদন জমা দেওয়ার পর যা হবে
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। এ সময় আবেদনকারীর বয়স ও অন্যান্য যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা, প্রকল্পের সম্ভাব্যতা এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা পর্যালোচনা করা হবে। সবকিছু বিবেচনার পর ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্যাংক।
তবে আবেদন করলেই ঋণ নিশ্চিত— এমনটি নয়। ঋণের পরিমাণ, সুদের হার, জামানতের শর্ত, বয়সসীমা, যোগ্যতা এবং অন্যান্য বিষয় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা ও সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালার ওপর নির্ভর করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অনিয়মের সঙ্গে জড়িত হন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, মাদারীপুরে কিছু কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে।
মনিরুজ্জামান মিয়া বলেন, সরকার পুরো বাংলাদেশকে নতুনভাবে সাজানোর দায়িত্ব গ্রহণ করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ এই ধারণাকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। জনগণকে সেবা প্রদানকারী কর্মকর্তাদের সেবার মান নিশ্চিত করা প্রয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস এবং রেজিস্ট্রি অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা প্রদান করতে পারছে কি না, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। দেশের সকলের একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে। তবে, উন্নয়নের এই প্রক্রিয়ায় যদি কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, মাদারীপুরের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে অনিয়মের কারণে আইনের আওতায় এসেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ