প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত “৬০টি ব্যাটালিয়নের ৫০ হাজার বিজিবি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করছেন; সীমান্তে ফ্যাসিস্টদের প্রতিরোধে নিষ্ক্রিয় বিজিবি” শীর্ষক সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংবাদে সীমান্তের মাধ্যমে কথিত অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যাতায়াতের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এ ক্ষেত্রে বিজিবির সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি। তবে সংবাদে সীমান্তের ভৌগোলিক বাস্তবতা, নিরাপত্তা ব্যবস্থাপনার ধরন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে মনে হচ্ছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক প্রতিবাদ লিপিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, “সীমান্তে ফ্যাসিস্টদের প্রতিরোধে নিষ্ক্রিয় বিজিবি” শিরোনামটি বিজিবির দায়িত্ব পালনের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে, যা বাহিনীর বাস্তব কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়।
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একজন সাবেক সংসদ সদস্যের কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজিবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে একটি ঘটনার ভিত্তিতে সারা দেশে বিজিবির সামগ্রিক নিষ্ক্রিয়তা বলা যুক্তিসংগত নয়; বিশেষ করে বর্তমানে সীমান্তে বিজিবির সক্রিয়তা ও উপস্থিতি সর্বজনবিদিত, যেখানে এ ধরনের নেতিবাচক প্রচারণা প্রতীয়মান হচ্ছে।
সংবাদে ৫০ হাজার সদস্যের কথা বলা হলেও, সীমান্তজুড়ে একসঙ্গে মোতায়েনকৃত জনবল আনুমানিক ৩০ হাজারের বেশি নয়। তাছাড়া, জনবলের সংখ্যা দিয়ে সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা পরিমাপ করা সম্ভব নয়। ২০–২৫ জন জনবলের একটি বিওপির দায়িত্বাধীন এলাকা ৮–১০ কিলোমিটার। এসব এলাকার ভূপ্রকৃতি বৈচিত্র্যময় ও দুর্গম; বাংলাদেশ সীমান্তে কোথাও কাঁটাতারের বেড়া নেই, বহু স্থানে সড়ক যোগাযোগ নেই এবং পায়ে হেঁটে টহল দিতে হয়। সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও, সীমান্তের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দিনরাত তাদের দায়িত্ব পালন করে চলেছেন। এর সঙ্গে রয়েছে অর্থের বিনিময়ে অবৈধ পারাপারে সহায়তাকারী স্থানীয় অসাধু চক্র। সীমান্তের ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকারভিত্তিক মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও ড্রোনসহ প্রযুক্তির সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়; তবে সঠিক সময়ে তথ্য প্রাপ্তি কিংবা সাধারণ জনগণের তথ্য প্রদান ব্যতিরেকে কিছু ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তবে উল্লেখযোগ্য যে, সময়োপযোগী তথ্য ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে বিজিবি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তার বহু বাস্তব উদাহরণ রয়েছে। বিগত সময়ে স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অসংখ্য অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। এমনকি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আলোচিত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিচারপতিকেও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে আপোসহীনতা, আইন ও পেশাগত দায়িত্বের ভিত্তিতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বর্তমান অবস্থা ও আশঙ্কার প্রেক্ষিতে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং স্পর্শকাতর স্থানসমূহ চিহ্নিত করে ফ্লাডলাইট স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে।
জাতীয় স্বার্থে সীমান্ত নিরাপত্তা বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত দায়িত্ব একীভূত হলে সকল অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব বলে বিজিবি মনে করে।
গণমাধ্যমকর্মী ও জনগণকে সন্দেহজনক কোনো সীমান্ত তৎপরতার তথ্য পেলে নিকটস্থ বিজিবি ইউনিটকে জানাতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন