০৪:৪০ পি.এম
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের অধীনে কলকাতার জ্যোতি নগর কলোনির মুসলিম বাসিন্দাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপের জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম একটি চিঠি পাঠিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আউটলুক ইন্ডিয়া।
সমীরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির একটি অনুলিপি শেয়ার করে অভিযোগ করেছেন যে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জ্যোতি নগর কলোনিতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তার বক্তব্য, কলোনির বাসিন্দাদের মুসলিম হওয়া এবং বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংক’-এর অংশ হিসেবে বিবেচিত না হওয়ার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে সমীরুল ইসলাম উল্লেখ করেন, জ্যোতি নগর কলোনির পানি সংকট শুধুমাত্র পৌর পরিষেবার ব্যর্থতা নয়, বরং এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর সমস্যা।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নিরাপদ পানীয় জল থেকে মানুষের বঞ্চনা কোনো সাধারণ পৌর সমস্যা হতে পারে না। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা মানুষের মৌলিক অধিকারের অংশ। পানি সংকটের কারণে কলোনির বাসিন্দারা স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
সমীরুল ইসলাম আরও বলেন, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না; বরং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকুই দাবি করছেন।
চিঠিতে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী পানীয় জলের সংকটের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা কেন দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূলের এই সংসদ সদস্য। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার জন্য এবং সংকটের কারণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সংস্থাটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন