ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যা মামলায় ৩ জন দোষী সাব্যস্ত


মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যা মামলায় ৩ জন দোষী সাব্যস্ত

মেক্সিকোয় বেড়াতে গিয়ে ঢেউয়ের সঙ্গে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারানো দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এনসেনাদা শহরের একটি আদালত এই রায় প্রদান করে। ২০২৪ সালের এই হত্যাকাণ্ডটি মেক্সিকো জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা শুরু হয়েছিল।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন হেসুস হেরার্দো গার্সিয়া, যিনি এল কেকাস নামে পরিচিত, ইরিনেও ফ্রান্সিসকো এন এবং অ্যাঞ্জেল হেসুস এন। তাদের বিরুদ্ধে অস্ট্রেলীয় দুই ভাই ক্যালাম ও জেক রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু কার্টার রেড রোডকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সশস্ত্র ডাকাতি ও অস্ত্রের মুখে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা আসামিদের বিচার এক মাস ধরে চলেছে। আদালতে নিহত দুই ভাইয়ের মা ডেবরা রবিনসন বলেন, "ছেলেদের হত্যাকাণ্ড তাদের সঙ্গে দেখা ভবিষ্যতের সব স্বপ্ন কেড়ে নিয়েছে।" বিচার চলাকালে তাদের বাবা-মা ডেবরা ও মার্টিন রবিনসন আদালতে উপস্থিত ছিলেন।

মার্টিন রবিনসন মন্তব্য করেন, "একজন সন্তানের মৃত্যু মেনে নেওয়া যেকোনো মা-বাবার জন্য কঠিন।" তিনি আরও বলেন, তারা তাদের দুই সন্তানকেই হারিয়েছেন।

২০২৪ সালের এপ্রিলে সার্ফিং করতে তিন বন্ধু মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে যান। এনসেনাদা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের পুন্তা সান হোসে এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে ৩ মে একটি কূপের ভেতর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের মে মাসে গার্সিয়াকে গ্রেপ্তার করা হয়। তার সাবেক সঙ্গী আরি হিসেল সিলভা রায়া, ইরিনেও ফ্রান্সিসকো এন এবং অ্যাঞ্জেল হেসুস এন-কেও গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

বিচার চলাকালে হত্যাকাণ্ডের ভয়াবহ নানা তথ্য উঠে আসে। গত মাসে এক শুনানিতে সিলভা রায়া সাক্ষ্য দেন, গার্সিয়া তাকে জানিয়েছিলেন, বিদেশি পর্যটকেরা যে তাঁবুতে অবস্থান করছিলেন, সেখানে তিনি ৯ মিলিমিটার পিস্তল নিয়ে গিয়েছিলেন। সাক্ষ্যে তিনি জানান, পর্যটকেরা হামলা ঠেকাতে নিজেদের জিনিসপত্র এগিয়ে দিতে শুরু করেন। তাদের একজন প্রাণভিক্ষাও চেয়েছিলেন। কিন্তু হামলাকারী তার কথায় কর্ণপাত করেননি।

রাজ্যের জজের কার্যালয় জানিয়েছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল সিলভা রায়া পুন্তা সান হোসে এলাকায় গিয়ে ওই তিন পর্যটকের সঙ্গে দেখা করেন। পরে তিনি তার এক সহযোগীকে তাদের মালামাল লুট করতে উৎসাহিত করেন বলে অভিযোগ রয়েছে। পরদিন এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের মুঠোফোন নিজের কাছে রাখার সময় সিলভা রায়াকে আটক করা হয়। পরে ২০২৫ সালের নভেম্বরে তিনি দোষ স্বীকার করেন। দ্রুত বিচারপ্রক্রিয়ায় সহিংসতার মাধ্যমে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গার্সিয়া ও তার দুই সহযোগী বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।

আগামী ১৬ অক্টোবর তিন আসামির চূড়ান্ত সাজা ঘোষণা করবেন বিচারক। বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের জজের কার্যালয় প্রত্যেকের জন্য ২১০ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ

বিশ্ববাজারে সোনার দাম টানা দ্বিতীয় দিনের জন্য বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শুরুতে, দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর, সস্তায় সোনা কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবান ধাতুর দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে, বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৪ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে, শক্তিশালী মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড বৃদ্ধির চাপের কারণে বুধবার সোনার দাম দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৬ দশমিক ৩ ডলারে স্থির হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সোনার দাম কমে যাওয়ার ফলে বিনিয়োগকারীদের মধ্যে কম দামে কেনার প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও বাজারে আলোচনা চলছে।

স্টোনএক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান রোনা ও'কনেল মন্তব্য করেছেন, ৪ হাজার ডলারের কাছাকাছি সোনার একটি নিম্নস্তর তৈরি হওয়ায় কম দামে কেনার প্রবণতা বেড়েছে। তবে, ফেডের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং সরকারি খাতের অব্যাহত নিট সোনা কেনার প্রত্যাশা ইতোমধ্যে বাজারদরে প্রতিফলিত হয়েছে। তিনি মনে করেন, অপ্রত্যাশিত বড় কোনো ঘটনা না ঘটলে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম।

বুধবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড কমে এসেছে। তবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম। বৃহস্পতিবার তিনি বলেছেন, মুদ্রাস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৯ শতাংশ বলে মনে করছেন ট্রেডাররা। এছাড়া, ডিসেম্বরের মধ্যে অন্তত একবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ ট্রেডার।

সাধারণত, সুদের হার বৃদ্ধির ফলে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে সুদ বা নিয়মিত মুনাফা পাওয়া যায় না। ফলে, উচ্চ মুনাফা দিতে সক্ষম সম্পদের তুলনায় সোনা বিনিয়োগ কম আকর্ষণীয় হয়ে ওঠে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশ সোনার দামে পরবর্তী বড় পরিবর্তনের অনুঘটক হতে পারে। যদি মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হয় এবং ফেডকে দ্রুত সুদের হার বাড়াতে বাধ্য করে, তাহলে স্পট মার্কেটে সোনার দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ সমর্থনমূল্য পরীক্ষা করতে পারে।

বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তবে চলতি সপ্তাহে ভারতে এর চাহিদা ছিল মন্থর। অন্যদিকে, ছুটির কারণে লেনদেনের সময় কম থাকায় বিশ্বের শীর্ষ সোনা ভোক্তা চীনের বাজারেও ছিল নিরুত্তাপ পরিস্থিতি।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৮৫ দশমিক ৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৬ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। তবে, সপ্তাহজুড়ে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে নিম্নমুখী প্রবণতা ছিল।

বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং ডলারের গতিবিধির ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের পর স্বর্ণের বাজারে নতুন করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াদিল্লিতে ‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে ২৫ হাজার পুলিশ, ১২ বন্দিশিবির প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


নয়াদিল্লিতে ‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে ২৫ হাজার পুলিশ, ১২ বন্দিশিবির প্রস্তুত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি উপলক্ষে সমর্থকদের যন্তর মন্তরে জড়ো করার জন্য তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি (সিজেপি) ব্যাপক তৎপরতা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করেছে; সঙ্গে রয়েছে ৫ হাজারের মতো সিআরপিএফ সদস্য। এ ছাড়া ১২টি অস্থায়ী বন্দিশিবিরও প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে ইন্ডিয়া টুডে ।

প্রতিবেদন অনুসারে, তেলাপোকাদের নতুন এই বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকার গত ২০ জুলাইয়ের ঘটনার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। ওই দিন প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বিশৃঙ্খলা ও পুলিশের পদক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এবারের বিক্ষোভের পরিস্থিতি ভিন্ন হতে পারে, যদিও পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

আন্দোলন ছড়িয়ে পড়া রোধ করতে শুক্রবার রাত ১০টার দিকে দিল্লির যন্তরমন্তর ও তার চারপাশের ৪ কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা পর্যন্ত যন্তরমন্তর ও সংলগ্ন এলাকাগুলোতে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকবে।

এছাড়া, রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকা এবং অন্যান্য রাজ্য থেকে সিজেপির কর্মসূচিতে লোকজন যাতে যোগ দিতে না পারে, সেজন্য নয়াদিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ২৫০টি ট্রেন বাতিল করা হয়েছে।

দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরের নিরাপত্তাব্যবস্থা অনেকাংশে জোরদার করা হয়েছে। বিক্ষোভস্থলে যাওয়ার সড়কে অন্তত সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। শেষের কয়েকটি স্তর ঝালাই করে জোড়া লাগানো হয়েছে, যাতে সেগুলো ভেঙে পার হওয়া আরও কঠিন হয়।

সংবেদনশীল স্থানগুলোতে লাউডস্পিকার বসানো হয়েছে। এগুলোর মাধ্যমে রেকর্ড করা ঘোষণায় জানানো হচ্ছে, প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। লোকজনকে বিক্ষোভে জমায়েত না হওয়া, স্লোগান না দেয়ার, সরকারি সম্পত্তির ক্ষতি না করার এবং পুলিশ সদস্যদের ওপর হামলা না চালানোর আহ্বান জানানো হচ্ছে।

কমিউনিটি সেন্টার, মসজিদ ও আবাসিক কল্যাণ সমিতিগুলোকে (আরডব্লিউএ) জানানো হয়েছে যে বিক্ষোভের অনুমতি নেই। নয়াদিল্লিতে বিক্ষোভে অংশ নিতে আসা ব্যক্তিদের সতর্ক করে বলা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হতে পারে এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

নয়াদিল্লি ও মধ্য দিল্লির বিভিন্ন লজ ও হোটেলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। হোটেল ব্যবস্থাপকদের অতিথিদের বিক্ষোভে অংশ নিতে নিরুৎসাহিত করতে বলা হচ্ছে। এ ছাড়া, এয়ারবিএনবির মাধ্যমে বাসা ভাড়া দেন এমন ব্যক্তিদের এবং সম্পত্তির মালিকদেরও বিক্ষোভে যোগ দেয়ার পরিকল্পনা করছেন— এমন ব্যক্তিদের কাছে তাদের সম্পত্তি ভাড়া না দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধের একটি এলাকা অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও দিল্লি পুলিশ সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থান। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই এলাকায় ৬ হাজার ৫০০-এর বেশি সদস্য মোতায়েন করা হবে। ফলে এলাকাটি কঠোর নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে পরিণত হবে।

নজরদারিও জোরদার করা হচ্ছে। নয়াদিল্লি জেলার বিভিন্ন সংবেদনশীল স্থানে অডিও রেকর্ডিংয়ের সুবিধাসহ ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে এগুলোর মাধ্যমে।

সোশ্যাল মিডিয়াগুলোতে কড়া নজর রাখা হচ্ছে। প্রস্তাবিত সমাবেশ সংক্রান্ত অনলাইন পোস্ট ও বার্তাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং খবর অনুযায়ী, ২০০ জনেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর পুলিশের নজরদারির আওতায় রয়েছেন।

সাম্প্রতিক বিক্ষোভগুলোতে পুলিশের অসদাচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠায় এবারের বিক্ষোভ মোকাবিলার প্রতিটি ঘটনা নথিবদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি পুলিশ।

ঘটনাগুলো বিভিন্ন দিক থেকে নথিবদ্ধ করতে অতিরিক্ত পুলিশ কমিশনার ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাসহ দায়িত্বে থাকা অন্য সদস্যদেরও বডি ক্যামেরা দেওয়া হয়েছে। বিক্ষোভ ও পুলিশের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ধারণ করতে শত শত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার নিয়োগ করা হয়েছে। কর্মকর্তাদের আশা, এসব ফুটেজের মাধ্যমে ঘটনার ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা যাবে, যাচাইযোগ্য প্রমাণ দিয়ে বিভ্রান্তিকর দাবি মোকাবিলা করা যাবে এবং কোনো ঘটনা ঘটলে তদন্তে সহায়তা পাওয়া যাবে।

দিল্লি পুলিশ একটি খোলা চিঠি প্রকাশ করেছে। চিঠিতে সব পক্ষকে মানবিকতা ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় মারা গেলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোটন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


কলকাতায় মারা গেলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোটন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে রোটনের মৃত্যুর খবর জানান। তিনি একই সঙ্গে রোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আমিনুল ইসলাম উল্লেখ করেন, ছাত্রলীগের কর্মী হিসেবে রোটনের সঙ্গে তার পরিচয় ছিল। ১৯৯৬ সালের আন্দোলনে ঢাকা শহরের বিভিন্ন লড়াই-সংগ্রামে একসঙ্গে কাজ করার স্মৃতিও তিনি স্মরণ করেন।

রোটনের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে আমিনুল ইসলাম আরও লেখেন, তিনি মুজিবাদর্শের কর্মী হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেছিলেন। দীর্ঘ পথপরিক্রমায় রোটন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।

আমিনুল ইসলাম তার স্ট্যাটাসে রোটনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে রোটনকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তিনি দুই বছরের বেশি সময় ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ের সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে পরিচিতি অর্জন করা রোটন পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রে কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর সংক্রমণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর সংক্রমণ গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে এখন পর্যন্ত স্থানীয়ভাবে মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গুতে প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই ট্যাম্পা শহরের নিকটবর্তী হিলসবোরো কাউন্টির বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলার জন্য ওই এলাকা এবং আশপাশের কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা চলতি সপ্তাহে এই তথ্য প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে সীমিত তথ্য রয়েছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য এবং চিকিৎসাবিষয়ক সাময়িকী পর্যালোচনায় দেখা গেছে, অন্তত ১৯৪০-এর দশকের পর কোনো অঙ্গরাজ্যে এক বছরে এত বেশি স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সাধারণত ফ্লোরিডাতে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যায়। তবে ২০২৩ সালে সর্বোচ্চ সংক্রমণের বছর ছিল। ওই বছর রাজ্যটিতে স্থানীয়ভাবে ছড়ানো ডেঙ্গুতে প্রায় ২০০ জন আক্রান্ত হয়েছিলেন। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নয়, তবে দেশটির অধীন পুয়ের্তো রিকোতে নিয়মিত ডেঙ্গুর বড় প্রাদুর্ভাব দেখা যায়। সেখানে আক্রান্তের সংখ্যা সাধারণত ৫০টি অঙ্গরাজ্যের যেকোনোটির চেয়ে অনেক বেশি।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ট্যাম্পা এলাকায় দিন-রাত মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি বাড়িঘর এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরীক্ষা করা হচ্ছে, যাতে মশার বংশবিস্তার বন্ধ করা যায়।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা নির্দিষ্ট প্রজাতির মশার কামড়ে ছড়ায়। আক্রান্ত অনেকের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কারও কারও জ্বর, ফ্লুর মতো উপসর্গ এবং শরীর ও হাড়ে তীব্র ব্যথা হতে পারে। অসহনীয় ব্যথার কারণে রোগটি ‘হাড়ভাঙা জ্বর’ নামেও পরিচিত। গুরুতর অবস্থায় রক্তক্ষরণ, শারীরিকভাবে শক তৈরি হওয়া এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।

চলতি বছর ফ্লোরিডায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ট্যাম্পার এক বয়স্ক নারী মারা যান। হিলসবোরো কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা কার্লা ফ্রাই জানিয়েছেন, ট্যাম্পা এলাকার কয়েকজন আক্রান্তকে জ্বর ও পানিশূন্যতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন রয়েছে। প্রথমবার আক্রান্ত হলে শরীরে ওই ধরনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা তৈরি হয়। কিন্তু পরবর্তী সময়ে ভিন্ন ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে আগের সংক্রমণের কারণে তৈরি হওয়া অ্যান্টিবডি সব সময় নতুন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে না। বরং কিছু ক্ষেত্রে ভাইরাসের শরীরে প্রবেশ ও বংশবৃদ্ধিতে সহায়তা করতে পারে। এ কারণে কার্যকর টিকা তৈরি করাও কঠিন হয়ে পড়েছে। ট্যাম্পা এলাকার অধিকাংশ মানুষের ডেঙ্গুর কোনো ধরনের বিরুদ্ধেই আগে থেকে প্রতিরোধক্ষমতা নেই বলে জানিয়েছেন তুলেন বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গুবিষয়ক বিশেষজ্ঞ ডন ওয়েসন।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ছড়ানো মশার বিস্তৃতি বাড়ছে। আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ডেঙ্গুর অধিকাংশ সংক্রমণ হতো বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসা ব্যক্তিদের মাধ্যমে। তবে ২০০৯ ও ২০১০ সালে ফ্লোরিডার কি ওয়েস্টে স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়। ১৯৪৫ সালের পর টেক্সাস-মেক্সিকো সীমান্তের বাইরে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এটিই ছিল স্থানীয়ভাবে সংক্রমণের প্রথম ঘটনা।

এরপর কোনো অঙ্গরাজ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা যায় হাওয়াইয়ে। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ছয় মাসে সেখানে স্থানীয়ভাবে ডেঙ্গুতে ২৬৪ জন আক্রান্ত হন। এবার ট্যাম্পা এলাকার সংক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে ডেঙ্গুতে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটিতে এ বছর স্থানীয়ভাবে ছড়ানো ডেঙ্গুতে ১ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। তাঁদের অধিকাংশই পুয়ের্তো রিকোর বাসিন্দা।

ফ্লোরিডায় সাধারণত মায়ামি অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যায়। কিন্তু এবার ট্যাম্পা এলাকায় সংক্রমণ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, ভ্রমণের ধরন পরিবর্তনের কারণে সংক্রমণ বাড়তে পারে।

গত সপ্তাহের হিসাব অনুযায়ী, ফ্লোরিডায় স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ২৫২ জন, আর ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সংক্রমণের সংখ্যা ২৪৫। অর্থাৎ, স্থানীয়ভাবে ছড়ানো সংক্রমণ এবার ভ্রমণজনিত সংক্রমণকেও ছাড়িয়ে গেছে। তবে হিলসবোরো কাউন্টিতে অন্তত ১৩ জন ভ্রমণকারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তাদের আমন্ত্রণ ছাড়া কেন্দ্রীয় সংস্থাটির রোগ তদন্তকারীরা সরাসরি সেখানে যেতে পারেন না। ফ্লোরিডা কর্তৃপক্ষ এখনো তাঁদের আসার অনুরোধ জানায়নি। তবে রাজ্যের স্বাস্থ্য বিভাগকে ৮ লাখ ডলার সহায়তা দিয়েছে সংস্থাটি। এ অর্থ জনসচেতনতা, পরীক্ষাগারের পরীক্ষা এবং মশা দমনের কাজে ব্যবহার করা হবে। ট্যাম্পা এলাকার কর্মকর্তারা জানিয়েছেন, এ সহায়তার অর্থ স্থানীয় পর্যায়ে এখনো পৌঁছায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুপ্রবণ এলাকায় মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকা জরুরি। দিনের যেকোনো সময় ডেঙ্গুবাহী মশা কামড়াতে পারে। তাই মশা প্রতিরোধক ব্যবহার, ঢিলেঢালা লম্বা হাতার পোশাক ও লম্বা প্যান্ট পরা এবং জানালায় জাল লাগানো ঘর বা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকা উপকারী। সূর্যোদয়ের পরপর এবং সূর্যাস্তের কাছাকাছি সময়ে মশার সক্রিয়তা বেশি থাকায় এ সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

এছাড়া বাড়ি ও আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে। পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি।

বিশেষজ্ঞ ডন ওয়েসনের আশঙ্কা, জলবায়ুর পরিবর্তন ও মশার স্থায়ী উপস্থিতির কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও ঘন ঘন দেখা যেতে পারে। তার ভাষায়, এমন পরিস্থিতিই ভবিষ্যতে নতুন স্বাভাবিক বাস্তবতা হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

সূত্র: এপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%