০১:০৪ এম
রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২:০০ ঘটিকায় মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পরিদর্শনকালে প্রতিনিধিরা স্থানটির যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপস্থিত সকল কর্মকর্তা ও প্রতিনিধি রাজধানীর গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নের স্বার্থে উক্ত স্থানে আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন।
পরবর্তীতে পরিদর্শন দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থানও পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার উপস্থিত ছিলেন।
স্থান পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন করা হয় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

