ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে নারী যাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ


আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে নারী যাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ

যুক্তরাষ্ট্রের আকাশে বিমানের ভেতর এক নারী যাত্রীর বিরুদ্ধে পোশাক খুলে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই নারীকে আটক করে পুলিশ।

ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৭৯ বাল্টিমোর বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে রওনা হয়। প্রায় দুই ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করা বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় ৯ নম্বর সারির এক নারী যাত্রীর আচরণ নিয়ে ককপিটে খবর দেন কেবিন ক্রুরা।

এয়ারলাইভের তথ্য অনুযায়ী, ৯-ডি আসনে বসা ওই যাত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং সহযাত্রীদের সামনে আপত্তিকর আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিমানের প্রধান অ্যাটেনডেন্ট বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এছাড়াও, বিমান অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত রাখার অনুরোধ করা হয়। তবে পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটটি মাঝপথে জরুরি অবতরণ না করে নির্ধারিত গন্তব্য মায়ামি বিমানবন্দরেই যায়।

বিমানটি গেটে পৌঁছানোর পরপরই পুলিশ সেখানে প্রবেশ করে অভিযুক্ত নারী যাত্রীকে নিজেদের হেফাজতে নেয়। তবে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুরা ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা

চলতি বছরের জুলাই মাস থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ভিসা বাতিলের ফলে অনেক বাংলাদেশি প্রবাসী চরম অনিশ্চয়তায় পড়েছেন।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে সংযুক্ত আরব আমিরাত এসব ভিসা বাতিল করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮০০-তে উন্নীত হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের আলোকে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে জানতে চাওয়া হয়েছে, কেন এসব ভিসা বাতিল করা হচ্ছে এবং বিষয়টি এভাবে হওয়া উচিত নয়। যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের পুনরায় যাচাই-বাছাই করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, জুলাই মাস থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইলে, কারও মোবাইলে আবার সংশ্লিষ্ট কফিলের কাছে এ-সংক্রান্ত বার্তা যাচ্ছে। অনেকেই ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের খবর পেয়ে আমিরাতে ফিরতে পারছেন না।

ভুক্তভোগীদের মধ্যে অনেকেই জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি সংক্রান্ত অভিযোগ নেই। তারা আমিরাতে ব্যবসা ও পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু হঠাৎ ভিসা বাতিল হওয়ায় দেশে ফিরে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমিরাতে ফিরতে না পারলে ব্যবসা ও জীবিকা—সবকিছু হারানোর আশঙ্কা করছেন।

এ পরিস্থিতিতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় দেশটির শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা জরুরি।

এ বিষয়ে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী মনে করেন, এই পরিস্থিতির সঙ্গে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক থাকতে পারে। তিনি আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশিদের যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

এদিকে যেসব প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে, তাদের দূতাবাসের নির্ধারিত ইমেইলে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় পানি কমছে, বাড়েছে সাপের আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


পদ্মায় পানি কমছে, বাড়েছে সাপের আতঙ্ক

পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে রাজশাহীর চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্কের মাত্রা কমেনি। পানি কিছুটা কমলেও স্বস্তি ফিরে আসেনি। বরং পানির সাথে ভেসে আসা কিংবা নিচু এলাকা থেকে উঠে আসা সাপ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, নদীর পানি বাড়ার ফলে নিচু এলাকা থেকে বিভিন্ন প্রজাতির সাপ লোকালয় ও বসতবাড়ির নিকট চলে আসছে। রাজশাহী নগরীর সীমান্ত অবকাশ এলাকায় বিষধর রাসেল ভাইপারও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২৯ মিটার। আগের দিন শনিবার সন্ধ্যায় এই উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৩ মিটার। অর্থাৎ ২৪ ঘণ্টায় পানি কমেছে ৪ সেন্টিমিটার। তবে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার হওয়ায় নদীর পানি এখনো বিপৎসীমার মাত্র ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক পানির উচ্চতা কমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কয়েক দিন ধরে পদ্মার পানি দ্রুত বাড়ছিল। এর ফলে শহরের পাশের ভারত সীমান্তঘেঁষা চর খিদিরপুর ও খানপুরসহ নদীর ওপারের বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

রাজশাহীর সীমান্ত অবকাশ এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিনে তারা একাধিক বিষধর সাপ দেখেছেন। তাদের দাবি, নদীর পানি বাড়ার কারণে নিচু জায়গা থেকে সাপগুলো উঁচু ও অপেক্ষাকৃত নিরাপদ স্থানে উঠে আসছে। পরে সেখান থেকে সাপ লোকালয় ও বসতবাড়ির কাছাকাছি চলে আসায় আতঙ্ক বেড়েছে।

আল আমিন নামের এক কিশোরের ভাষ্য, পানির মধ্য থেকে বড় একটি সাপ উঠে আসতে দেখেছে সে। পরে ঘাটের কাছে সাপটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা সেটি মেরে ফেলে।

তমিজা খাতুন নামের এক নারী জানায়, সে-ও একটি বড় সাপ দেখেছে। সেটিকে মারার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চলে গেছে।

আহাদ আলী নামের আরেক বাসিন্দা বললেন, পানি বাড়ার কারণে নদী ও আশপাশের নিচু জায়গা থেকে সাপগুলো উঁচু স্থানে উঠে আসছে। সেখান থেকে লোকালয়ের দিকে চলে আসায় মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে।

এই আতঙ্কের মধ্যে চিকিৎসা প্রস্তুতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম মজুদ রয়েছে। সাপে কাটা রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অ্যান্টিভেনম বিনামূল্যেই দেওয়া হচ্ছে।

পানিবন্দি মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানালেন, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে পানিবন্দি মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। আকস্মিক বন্যার ঢলে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণও শুরু হয়েছে।

এদিকে পদ্মার পানি এখনো বিপৎসীমার কাছাকাছি থাকায় নগরীর টি-বাঁধেও সতর্কতা বহাল রয়েছে। জনপ্রিয় এই বিনোদনকেন্দ্রে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেছেন, সম্ভাব্য ঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা হিসেবে টি-বাঁধ এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে প্রবেশ বা জড়ো না হওয়ার জন্য বলা হয়েছে।

বিকেল কিংবা সন্ধ্যায় যেখানে পদ্মার পাড়ে মানুষের ভিড় জমে, সেখানে এখন নীরবতা। দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি নগর রক্ষা বাঁধের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড, যোগ করেন তিনি।

আরিফুর রহমান অঙ্কুর বললেন, দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি নগর রক্ষা বাঁধ ও নদীতীরবর্তী অন্যান্য অবকাঠামোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি হিসেবে ভবিষ্যৎমুখী আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় আলোচনায় এই মন্তব্য করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তার মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বার্তায় বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আলোচনা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ। তিনি ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে।

মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ ধরনের গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল

২০২৬ ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা বর্তমানে তুঙ্গে অবস্থানে রয়েছে। বিশেষ করে লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপের মধ্যে পুরস্কার জয়ের প্রতিযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইয়ামাল, যিনি জানাচ্ছেন যে, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য তিনি নিজেকে সবচেয়ে যোগ্য মনে করছেন।

মুভিস্টারের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’তে ইয়ামালের একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশিত হয়েছে। যদিও পুরো সাক্ষাৎকারটি আগামী শুক্রবার প্রচারিত হবে, তবুও আগেই প্রকাশিত অংশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দের কথা বলতে গিয়ে বার্সেলোনার এই তরুণ তারকা বলেছেন, "আমি ব্যালন ডি’অর কাকে দেব? সত্যি বলতে, আমার মনে হয় দুজন খেলোয়াড় আছে, যারা বিশ্বসেরা। তবে এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।"

বিশ্বসেরার সেই দুজন খেলোয়াড় কারা, সেই প্রশ্নের উত্তরও ইয়ামাল এড়িয়ে যাননি। তিনি বলেন, "আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা এটা ভালোভাবেই জানে।"

এর কয়েকদিন আগে এমবাপে নিজেকে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছিলেন। ব্যক্তিগত পুরস্কার হওয়ায় দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্বের কথা উল্লেখ করে ফরাসি তারকা বলেছিলেন, "আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একই সঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।"

এমবাপে তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। তবে তিনি এবারও নিজের অবস্থান থেকে সরে আসেননি।

ব্যালন ডি’অরের মাপকাঠিতে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এবারের প্রতিযোগিতায় ইয়ামাল কিছুটা এগিয়ে থাকতে পারেন। দুজনের ব্যক্তিগত পরিসংখ্যান নজরকাড়া হলেও সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে জাতীয় দলের সাফল্য। বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইয়ামালের স্পেন এবং তারা শেষ পর্যন্ত শিরোপাও জিতেছে।

আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথমবারের বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন দেখার বিষয়, ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%