০৪:০৩ পি.এম
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাসে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়া নীলফামারীর মো. সোহেল রানা অবশেষে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে দীর্ঘ সময়ের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটলো সোহেল রানার জন্য, যিনি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান।
এর আগে, ৩০ সেপ্টেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তবে পিএসসির চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে অন্তর্ভুক্ত ছিল না। তাদের মধ্যে সোহেল রানা ছিলেন, যিনি ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গেজেটে তার নাম না থাকায় সোহেল রানা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এ নিয়ে তার পরিবারের মধ্যেও হতাশা সৃষ্টি হয়। গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়।
সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেন এবং গৃহিণী শাহিদা বেগমের ছেলে। অভাব-অনটনের মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন এবং সোনারায়-সংগলশী উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯২ অর্জন করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে সিজিপিএ ৩.৫৪ নিয়ে স্নাতক এবং ২০২১ সালে সিজিপিএ ৩.৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেন তিনি।
তবে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে তার নাম না থাকায় তিনি হতবাক হয়ে যান। তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, কী কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এদিকে গেজেট প্রকাশের পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন ৫ অক্টোবর জারি করা হবে।
অবশেষে নির্ধারিত দিনে সোহেল রানাসহ বাদ পড়া প্রার্থীদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় তার বিসিএস ক্যাডারে যোগদানের পথ পরিষ্কার হলো।
এ বিষয়ে সোহেল রানা বলেন, "আলহামদুলিল্লাহ, আমার মনের সর্বোচ্চ যে চাওয়া, সেটি পূর্ণ হয়েছে। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।"
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন