ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্ত ও শুল্ক সুরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নারীর মামলা


সীমান্ত ও শুল্ক সুরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নারীর মামলা

যুক্তরাষ্ট্রের শিকাগোতে সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তার (CBP Officer) পাঁচ গুলিতে আহত হয়ে বেঁচে যাওয়া মারিমার মার্টিনেজ এবার দেশটির সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার আইনজীবীদের দাবি, নতুন বিশ্লেষণে প্রমাণ হয়েছে যে, গুলি চালানোর সময় ওই কর্মকর্তা মার্টিনেজের গাড়ির সামনে অবস্থান করছিলেন না। ফলে তার জীবন হুমকির মুখে ছিল—এমন দাবিও সঠিক নয়।

মার্টিনেজ সোমবার (৫ অক্টোবর) মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডারেল আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। গত বছরের অক্টোবরে শিকাগোতে শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার কর্মকর্তা চার্লস এক্সামের গুলিতে আহত হন তিনি। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চলছিল।

মার্টিনেজ একটি মন্টেসরি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবরে গাড়িতে অবস্থানকালে তাকে পাঁচবার গুলি করেন সীমান্তরক্ষী কর্মকর্তা চার্লস এক্সাম।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

মামলায় অবহেলা, শারীরিক হামলা, মানসিক নির্যাতন, মিথ্যা গ্রেপ্তার, বেআইনি আটক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করার অভিযোগ আনা হয়েছে।

মার্টিনেজের আইনজীবী মাইকেল গ্যালাঘার বলেন, গুলি চালানোর ঘটনা কোনোভাবেই ন্যায্য ছিল না। এতে মার্টিনেজ প্রায় প্রাণ হারাতে বসেছিলেন। ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিক ক্ষতির সঙ্গে লড়াই করছেন।

আইনজীবীরা একই সঙ্গে এক্সামের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য বিচার বিভাগ ও স্থানীয় প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্টিনেজের আরেক আইনজীবী ক্রিস্টোফার পারেন্টে জানান, তাদের আইনজীবী প্রতিষ্ঠান ঘটনাস্থলের তদন্ত ও আলাদা বিশ্লেষণ করেছে। এতে তারা নিশ্চিত হয়েছেন যে, এক্সাম কোনো যৌক্তিক কারণ ছাড়াই মার্টিনেজকে গুলি করেছিলেন এবং গুলি চালানোর সময় তার জীবন ঝুঁকিতে ছিল না।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আইনজীবীরা গুলির চিহ্ন, মার্টিনেজের শরীরের আঘাত এবং ঘটনাস্থলের নজরদারি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে একটি দৃশ্যপট তৈরি করেছেন।

তাদের দাবি, গুলি চালানোর সময় মার্টিনেজ এক্সামের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন না। বরং তিনি গাড়ি নিয়ে কর্মকর্তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন।

আইনজীবীদের উপস্থাপিত তথ্য অনুযায়ী, একটি গুলি গাড়ির পেছনের যাত্রীর আসনের পাশ দিয়ে ঢোকে। এতে তাদের দাবি, গুলি চালানোর সময় এক্সাম গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন—এমনটি হওয়ার সুযোগ নেই।

মাইকেল গ্যালাঘার বলেন, ‘তিনি কোনোভাবেই গাড়ির চলার পথে ছিলেন না। মার্টিনেজ আসলে তার কাছ থেকে দূরে যাচ্ছিলেন। বরং তিনিই মার্টিনেজের দিকে এগিয়ে গিয়েছিলেন।’

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ঘটনার সময় এক্সামের শরীরে কোনো দেহক্যামেরা ছিল না। পরে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা অভিবাসন কর্মকর্তাদের দেহক্যামেরা পরার বাধ্যবাধকতা থাকবে।

গুলির ঘটনার পর মার্টিনেজ ও ঘটনাস্থলে থাকা আরেক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল।

তবে পরে ফেডারেল প্রসিকিউটররা নিজেদের করা মামলা প্রত্যাহারের আবেদন করেন। ঘটনার অতিরিক্ত ভিডিও প্রকাশ পাওয়ার পর এবং এক্সাম অন্য কর্মকর্তাদের কাছে গুলি চালানোর ঘটনা নিয়ে গর্ব করেছিলেন—এমন বার্তা প্রকাশের পর মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুনানিতে উপস্থাপিত নথিতে দেখা যায়, অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি বার্তাগোষ্ঠীতে এক্সাম লিখেছিলেন, তিনি পাঁচটি গুলি চালিয়েছেন এবং ওই নারীর শরীরে সাতটি ছিদ্র হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

অন্য একজনকে পাঠানো বার্তায় ঘটনার সংবাদ প্রতিবেদন পাঠিয়ে তিনি লিখেছিলেন, ‘পাঁচ গুলি, সাত ছিদ্র।’

এ বিষয়ে আইনজীবী পারেন্টে এক্সামকে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক এবং নিজের গুলি চালানোর দক্ষতা নিয়ে গর্ব করেন।

মার্টিনেজ সোমবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, এখন তারা দেওয়ানি মামলাটি নিয়ে এগিয়ে যেতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমি শুধু আনন্দিত যে আরও একটি বছর দেখতে পারছি এবং পরিবারের সঙ্গে আছি। যা ঘটছে, সে বিষয়ে মানুষকে সচেতন করতে চাই। এসব স্বাভাবিক নয়। যা ঘটছে, সেটিকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

আরও পড়ুন: লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, নীতিমালা অনুযায়ী গুলি চালানো কর্মকর্তা চার্লস এক্সামকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। তবে তিনি এখনো ছুটিতে আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে বিভাগটি বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। বিচার বিভাগ চলমান মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

মার্টিনেজের মামলা অভিবাসন কর্মকর্তাদের গাড়িতে বেসামরিক ব্যক্তিরা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন—ফেডারেল কর্তৃপক্ষের এমন অভিযোগের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুন: নিউইয়র্কে সিটিবাইক পরিষেবা ৭ নতুন এলাকায় সম্প্রসারিত, ২৩৪টি স্টেশন যুক্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর ১৫০ জন শিশু তাকে স্বাগত জানায়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন।

আজকের আয়োজনের মধ্যে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন।

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ৩০ বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ হাম ছড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


যুক্তরাষ্ট্রে ৩০ বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ হাম ছড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হাম (মিজলস) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্যটিতে হাম আক্রান্তের সংখ্যা এক হাজারেরও বেশি হয়ে গেছে। পাশাপাশি প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হতে হয়েছে। এই পরিস্থিতির মাধ্যমে গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব এখন পেনসিলভানিয়ায় ঘটছে।

সোমবার (৫ অক্টোবর) পেনসিলানিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, রাজ্যটিতে মোট এক হাজার ৪ জনের হাম শনাক্ত হয়েছে। এই আক্রান্তদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশ শিশু।

চলতি বছরের শুরুতে দক্ষিণ ক্যারোলিনায় হাম আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯৯৭ জনে পৌঁছেছিল। সেখানে ছয় মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এপ্রিলের শেষের দিকে শুরু হওয়া পেনসিলভানিয়ার প্রাদুর্ভাব এখনও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

পিটসবার্গ মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জন গোল্ডম্যান মনে করেন, এই পরিস্থিতি আরও তিন থেকে ছয় মাস ধরে চলতে পারে। তিনি উল্লেখ করেন, টিকা নেওয়ার সংখ্যা বেড়েছে, তবে মহামারি থামানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক মানুষ এখনও টিকা নিচ্ছেন না।

পেনসিলভানিয়ায় হাম আক্রান্ত শিশুদের প্রায় ১৮ শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের মধ্যে পানিশূন্যতা একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে।

হার্শির পেন স্টেট হেলথ গলিসানো শিশু হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইভান শিরেই জানান, হাম আক্রান্ত কিছু শিশুর যকৃতেও সমস্যা দেখা দিচ্ছে। তাদের মধ্যে প্রচণ্ড অসুস্থতা, বমি বমি ভাব, পেটব্যথা ও বমি হচ্ছে। অনেকেই দুধ বা খাবার খেয়ে তা ধরে রাখতে পারছে না।

কিছু শিশু মস্তিষ্কে প্রদাহের কারণে গুরুতর ও স্থায়ী স্নায়বিক ক্ষতির শিকার হচ্ছে। কিছু শিশু নিজের মাকেও চিনতে পারছে না, বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ছে। আবার কয়েকজনের শরীরে পরবর্তী সময়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণও দেখা দিয়েছে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মস্তিষ্কে গুরুতর প্রদাহে আক্রান্ত এক কিশোর, হাঁপানির ইতিহাস থাকা ৪০ বছর বয়সী এক নারী এবং দুই শিশু রয়েছে।

মৃত শিশুদের একজনের মা নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগে প্রসববেদনায় আক্রান্ত হন। পরবর্তীতে নবজাতক শিশুটির মৃত্যু ঘটে।

পঞ্চম মৃত ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ওই ব্যক্তি হাম প্রতিরোধের টিকা নেননি এবং সবচেয়ে বেশি হাম আক্রান্ত এলাকা ল্যাঙ্কাস্টার কাউন্টিতে বসবাস করতেন।

ল্যাঙ্কাস্টার কাউন্টিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমিশ জনগোষ্ঠীর বসবাস। ২০২৫ সালের হিসাবে সেখানে প্রায় ৪৪ হাজার আমিশ বাসিন্দা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাদের ধর্মে টিকার বিরোধিতা করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে ঐতিহাসিকভাবে এই জনগণের টিকা নেওয়ার হার সাধারণ মানুষের তুলনায় কম।

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে কিন্ডারগার্টেনে পড়া শিশুদের মধ্যে হাম, মাম্পস ও রুবেলার টিকা নেওয়ার হার ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে কোনো জনগণের অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন।

জন গোল্ডম্যান বলেন, ল্যাঙ্কাস্টার কাউন্টি বিশেষ কোনো এলাকা নয়। যেকোনো কাউন্টিতে যদি টিকা না নেওয়া মানুষের সংখ্যা বেশি থাকে, সেখানে একই ঘটনা ঘটতে পারে। কোনো এলাকায় এখনো হাম ছড়ায়নি, তার অর্থ শুধু সেখানে এখনো হাম ভাইরাস পৌঁছায়নি।

এর আগে দক্ষিণ ক্যারোলিনার হাম প্রাদুর্ভাবকে প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে ধরা হয়েছিল। সেখানে ইউক্রেন থেকে কয়েক দশক ধরে আসা অভিবাসীদের একটি জনগণের সঙ্গে সংক্রমণের যোগসূত্র পাওয়া যায়।

সেখানে ব্যাপকভাবে টিকা দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাম চলাকালে দক্ষিণ ক্যারোলিনার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ১৫ হাজার হাম, মাম্পস ও রুবেলার টিকা দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৮২ শতাংশ বেশি।

অন্যদিকে, পেনসিলভানিয়ায় হাম প্রাদুর্ভাবের জবাবে এখন পর্যন্ত মাত্র ৮ হাজার ৮৪৩টি টিকা দেওয়া হয়েছে।

পেনসিলভানিয়ার সীমান্তবর্তী ওহাইও অঙ্গরাজ্যেও হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ২১০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ওহাইওর উত্তর-পূর্বাঞ্চলের গিয়গা, অ্যাশটাবুলা ও ওয়েন কাউন্টিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পর্যাপ্ত মানুষ টিকা না নিলে পেনসিলভানিয়ার এই প্রাদুর্ভাব আরও কয়েক মাস ধরে চলতে পারে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, আধুনিক, নৈতিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, পর্যাপ্ত পুষ্টি, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার।

তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) প্রদত্ত এক বাণীতে এই কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবর মাসে শিশু একাডেমির ৫০ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সামাজিক ব্যাধির দূরীকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। আজকের ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক, বিজ্ঞানী কিংবা দেশের চালিকাশক্তি। তাই শিশুদের সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, নিষ্পাপ শিশুদের হাসিমাখা মুখই নতুন বাংলাদেশের আশা ও অসীম সম্ভাবনার প্রতীক। প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে প্রস্ফুটিত করার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের নৈতিক, সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শিশুদের কল্যাণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি ১৯৭৮ সাল থেকে ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তারেক রহমান বলেন, শিশুশ্রম নিরসনে ১৯৯৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইপিইসি (আইপিইসি) প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ এবং শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় তার (বেগম খালেদা জিয়া) ভূমিকা অনন্য।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিল্প-সাহিত্যসহ নানা ক্ষেত্রে আজকের শিশুরাই আগামী দিনে দেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, শিশু অধিকার দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান বাতিঘর শিশু একাডেমির অর্ধশতকের এই আনন্দঘন অভিযাত্রা লাখো শিশুর কণ্ঠে সুরের ঝরনা, তুলির আঁচড়ে রঙের মেলা এবং চোখে রঙিন ভবিষ্যতের দীপ্ত স্বপ্নের প্রতীক।

সরকার প্রধান আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার এবং নতুন মানবিক অভিযাত্রার পথপ্রদর্শক হবে। শিশুর নির্মল হাসিতে, সুপ্ত স্বপ্নে ও সাফল্যে গড়ে উঠবে আগামী দিনের এক নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।

শিশু অধিকার দিবস উপলক্ষে তিনি দেশের সব শিশু, অভিভাবক, শিক্ষক এবং শিশুকল্যাণে নিয়োজিত সব ব্যক্তি ও সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে বাণীতে প্রধানমন্ত্রী শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

ফ্রান্স নাটকীয়ভাবে জয়লাভ করেছে উয়েফা নেশনস লিগে। বেলজিয়ামের বিরুদ্ধে ঘরের মাঠে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বিশাল জয় অর্জন করেছে তারা।

সেন্ট ডেনিসে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ঘরের মাঠে প্রথম জয় পেলেন। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ফরাসিরা গ্রুপের শীর্ষস্থানও বজায় রেখেছে।

ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম ছিল আক্রমণাত্মক। রোমেলু লুকাকু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ফ্রান্সের গোলরক্ষক গুইলুমে রেস্তেস দুর্দান্ত সেভ করে তাকে হতাশ করেন। তবে বেলজিয়ামকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

৩৪তম মিনিটে রোমিও লাভিয়ার লম্বা পাস থেকে দদি লুকেবাকিও অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্রান্সের জালে পাঠান। ফলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ফ্রান্স সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ করেও তারা গোলের দেখা পাচ্ছিল না। পরিস্থিতি বদলাতে এক ঘণ্টা পর মাঠে নামানো হয় রায়ান শেরকি ও মাইকেল অলিসেকে।

শেষ পর্যন্ত জিদানের বদলিরাই ম্যাচের চিত্র পাল্টে দেন। ৭৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু শটে ফ্রান্সকে সমতায় ফেরান দেসিরে দুয়ে।

এর মাত্র তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। দ্রুত বাইলাইনে উঠে গিয়ে সতীর্থ রায়ান শেরকিকে দিয়ে গোল করান মাইকেল অলিসে। এতে ফ্রান্স ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে অলিসে আবারও জালের দেখা পান। এবার নিকোলাস রাসকিনকে কাটিয়ে গোলরক্ষক ভ্যান্ডাভুর্টকে পরাস্ত করেন তিনি।

যোগ করা সময়ে অলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন শেরকি। তাতেই ৪-১ গোলের জয় নিশ্চিত করে ফ্রান্স।

অর্থাৎ ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা বেলজিয়াম শেষ ১৪ মিনিটে চার গোল হজম করে। দারুণ এই প্রত্যাবর্তনে জিদানের অধীনে ঘরের মাঠে প্রথম জয় পেল ফ্রান্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%