ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী


শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, আধুনিক, নৈতিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, পর্যাপ্ত পুষ্টি, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার।

তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) প্রদত্ত এক বাণীতে এই কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবর মাসে শিশু একাডেমির ৫০ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও উল্লেখ করেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সামাজিক ব্যাধির দূরীকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। আজকের ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক, বিজ্ঞানী কিংবা দেশের চালিকাশক্তি। তাই শিশুদের সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, নিষ্পাপ শিশুদের হাসিমাখা মুখই নতুন বাংলাদেশের আশা ও অসীম সম্ভাবনার প্রতীক। প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে প্রস্ফুটিত করার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের নৈতিক, সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শিশুদের কল্যাণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি ১৯৭৮ সাল থেকে ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি উল্লেখ করেন, শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তারেক রহমান বলেন, শিশুশ্রম নিরসনে ১৯৯৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইপিইসি (আইপিইসি) প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ এবং শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় তার (বেগম খালেদা জিয়া) ভূমিকা অনন্য।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিল্প-সাহিত্যসহ নানা ক্ষেত্রে আজকের শিশুরাই আগামী দিনে দেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, শিশু অধিকার দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান বাতিঘর শিশু একাডেমির অর্ধশতকের এই আনন্দঘন অভিযাত্রা লাখো শিশুর কণ্ঠে সুরের ঝরনা, তুলির আঁচড়ে রঙের মেলা এবং চোখে রঙিন ভবিষ্যতের দীপ্ত স্বপ্নের প্রতীক।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সরকার প্রধান আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার এবং নতুন মানবিক অভিযাত্রার পথপ্রদর্শক হবে। শিশুর নির্মল হাসিতে, সুপ্ত স্বপ্নে ও সাফল্যে গড়ে উঠবে আগামী দিনের এক নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।

শিশু অধিকার দিবস উপলক্ষে তিনি দেশের সব শিশু, অভিভাবক, শিক্ষক এবং শিশুকল্যাণে নিয়োজিত সব ব্যক্তি ও সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে বাণীতে প্রধানমন্ত্রী শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

ফ্রান্স নাটকীয়ভাবে জয়লাভ করেছে উয়েফা নেশনস লিগে। বেলজিয়ামের বিরুদ্ধে ঘরের মাঠে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বিশাল জয় অর্জন করেছে তারা।

সেন্ট ডেনিসে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ঘরের মাঠে প্রথম জয় পেলেন। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ফরাসিরা গ্রুপের শীর্ষস্থানও বজায় রেখেছে।

ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম ছিল আক্রমণাত্মক। রোমেলু লুকাকু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ফ্রান্সের গোলরক্ষক গুইলুমে রেস্তেস দুর্দান্ত সেভ করে তাকে হতাশ করেন। তবে বেলজিয়ামকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

৩৪তম মিনিটে রোমিও লাভিয়ার লম্বা পাস থেকে দদি লুকেবাকিও অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্রান্সের জালে পাঠান। ফলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ফ্রান্স সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ করেও তারা গোলের দেখা পাচ্ছিল না। পরিস্থিতি বদলাতে এক ঘণ্টা পর মাঠে নামানো হয় রায়ান শেরকি ও মাইকেল অলিসেকে।

শেষ পর্যন্ত জিদানের বদলিরাই ম্যাচের চিত্র পাল্টে দেন। ৭৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু শটে ফ্রান্সকে সমতায় ফেরান দেসিরে দুয়ে।

এর মাত্র তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। দ্রুত বাইলাইনে উঠে গিয়ে সতীর্থ রায়ান শেরকিকে দিয়ে গোল করান মাইকেল অলিসে। এতে ফ্রান্স ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে অলিসে আবারও জালের দেখা পান। এবার নিকোলাস রাসকিনকে কাটিয়ে গোলরক্ষক ভ্যান্ডাভুর্টকে পরাস্ত করেন তিনি।

যোগ করা সময়ে অলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন শেরকি। তাতেই ৪-১ গোলের জয় নিশ্চিত করে ফ্রান্স।

অর্থাৎ ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা বেলজিয়াম শেষ ১৪ মিনিটে চার গোল হজম করে। দারুণ এই প্রত্যাবর্তনে জিদানের অধীনে ঘরের মাঠে প্রথম জয় পেল ফ্রান্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার উপায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার উপায়

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন। বেনিনের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সমর্থকরাও প্রস্তুত। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার জন্য নেই, ফলে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব লাভ করেনি। তবে, অনলাইনে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5-এ ম্যাচটি দেখা যাবে। এছাড়া ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতেও ম্যাচটি সম্প্রচারিত হবে। এসব প্ল্যাটফর্মে ম্যাচটি দেখতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

অন্যদিকে, কিছু অনানুষ্ঠানিক থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে অনেক সময় সরাসরি খেলা দেখা যায়। স্পোর্টসফাই ও ক্রীড়া টিভির মতো প্ল্যাটফর্মেও ম্যাচটির স্ট্রিমিং পাওয়া যাবে। তবে, এসব অনানুষ্ঠানিক মাধ্যমে খেলা দেখার ক্ষেত্রে নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিং নিয়ে ঝুঁকি বিদ্যমান।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।

আর্জেন্টিনায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টসের প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসিকে দেখতে বিশ্বের কোটি কোটি সমর্থক মুখিয়ে আছেন। বাংলাদেশের ভক্তদের জন্য আপাতত সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মই ম্যাচটি দেখার প্রধান বৈধ উপায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হামের উপসর্গে দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামের দুই মাস বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর করেছেন শিশুটির স্বজনরা।

এ ঘটনা সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ঘটে। হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।

নিহত রিমি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।

শিশুটির স্বজনদের বক্তব্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখানো হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে সেখানে অক্সিজেন নেই। আনুমানিক ৩টার দিকে শিশুটির মৃত্যু ঘটে।

শিশুটির মা উম্মে সালমা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের মতে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ভেতরে ও বাইরে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইউএনও ও ওসি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার জানান, শিশুটি গত এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্তের মতো ছিল। তবে সে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুর মৃত্যুর পর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। এতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, নিহত শিশুর স্বজনেরা থানায় এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল ইউএনও মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার আগে নিহত শিশুর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

জাতীয় দলের জার্সিতে এটি মেসির শেষ ম্যাচ। এ ধরনের আবেগঘন বিদায়ের চেয়ে আর কিছু হতে পারে না। কিন্তু লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগই নয়, ইতিহাস গড়ার সুযোগও অপেক্ষা করছে। বেনিনের বিরুদ্ধে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। মেসির জাতীয় দলের শেষ ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। এই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়ের সামনে।

বর্তমানে সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ, বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে মেসি মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন। আর তিনটি গোল করলে এককভাবে তালিকার শীর্ষে উঠে যাবেন।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। ফলে, তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৬-এ পৌঁছেছে।

সুতরাং, বেনিনের বিপক্ষে সমীকরণটি পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান একটিতে নেমে আসবে। দুটি গোল করলে মার্সেলিনহোকে স্পর্শ করবেন। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি।

তবে কাজটি যে সহজ নয়, সেটিও স্পষ্ট। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি।

এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। তাই, বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন: আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড।

জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি, যা জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি।

এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%