বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৯ পি.এম
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন। জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে ২৬ বছর ধরে ধরনা দিয়েও কাঙ্ক্ষিত সেতু মেলেনি। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তাদের নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে নিজেদের অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশু, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। অনেক সময় স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন নদী পারাপারে বিকল্প পথে ঘুরে যেতে হয় প্রায় এক ঘণ্টার পথ।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি একটি দীর্ঘ সাঁকো রয়েছে। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও আবার সাঁকোর কাঠামো নড়বড়ে। নিরাপত্তাবেষ্টনী নেই। অথচ প্রতিদিন বাধ্য হয়ে স্থানীয়রা এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন।
সেতু না থাকায় নদীর দুই পাড়ে আলাদা যানবাহন ব্যবস্থা গড়ে উঠেছে। এক পাড়ে এসে গাড়ি থেকে নামতে হয় যাত্রীদের। এরপর বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এভাবে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এক পাশে বসতি, অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিবছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকোটি নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও টাকা সংগ্রহ করে নতুন করে তৈরি করতে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই নদী পার হতে গিয়ে দুর্ঘটনায় কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, "প্রায় ২৬ বছর ধরে আমরা এই সেতুর জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের কাছেও আমরা আবেদন দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।"
স্থানীয় বাসিন্দা হাজী মোবারক আলী বলেন, "বর্ষা মৌসুমে নদীতে অনেক পানি হয়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের পারাপার করতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের দাবি, এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।"
সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, "আমাদের পূর্বপুরুষরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। একটি সেতু নির্মিত হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে।"
বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, "দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর জন্য চেষ্টা করছেন। বাহুবল সদর থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরত্বের একটি এলাকায় হাজার হাজার মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি সেতুর অভাবে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষক—সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এখানে দ্রুত সেতু নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, "করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।"
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সেতুটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তাদের মতে, করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু ৯ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগই কমবে না, দুই পাড়ের যানবাহনের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে করাঙ্গী নদীর ওপর একটি সেতু নির্মাণই এখন ৯ গ্রামের মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর প্রশ্ন, আর কত দিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হবে?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনার পর এবার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডা. তাসনিম জারা।
তিনি নুসরাত তাবাসসুমের উদ্দেশ্যে বলেন, "নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।"
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, "মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।"
এছাড়া তিনি আরও বলেন, "নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে।"
শেষে তাসনিম জারা লেখেন, "সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না। নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় সরকার ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয় করবে। এই জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কেনার জন্য মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এই সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে উক্ত প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনার পরিকল্পনা রয়েছে।
এজন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকরা দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবী অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩) রয়েছেন। বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া নিয়মিত মামলায় সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার শান্ত মিয়া (২২) আটক করা হয়েছে। মাদকসেবী মামলায় সুকুরদী এলাকার মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার মো. মারুফ হাসান (২২), মো. রুবেল (৩৮), আষারিয়ারচরের মো. আবু হানিফ (২৪), ইসলামপুরের মো. রাব্বি (২১), সেনপাড়ার ভাড়াটিয়া মো. শিমুল (২১, স্থায়ী ঠিকানা- পূর্বধলা, নেত্রকোণা), দৈলেরবাগের মো. রিফাত (১৯), হাবিবপুরের মো. মেহেদী হাসান (২২), টানপাড়ার মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগের আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিম পাড়ার মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী আমিনপুর এলাকার মো. ইমন (২৭) অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের মালিকরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পোশাকশিল্পের মালিকরা শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য শনিবার রাজধানীর উত্তরায় জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার (১১ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।" বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে যদি কোনো উন্নতি না হয়, তাহলে শনিবারের সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও পরবর্তী আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।"
এদিকে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। তিনি বলেন, "একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, মালিকপক্ষ যদি মজুরি বোর্ডের বৈঠক বর্জন করে, তাহলে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম। এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকজন কারখানার মালিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ