প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের মালিকরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পোশাকশিল্পের মালিকরা শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য শনিবার রাজধানীর উত্তরায় জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার (১১ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।" বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে যদি কোনো উন্নতি না হয়, তাহলে শনিবারের সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও পরবর্তী আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।"
এদিকে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। তিনি বলেন, "একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, মালিকপক্ষ যদি মজুরি বোর্ডের বৈঠক বর্জন করে, তাহলে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম। এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকজন কারখানার মালিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন