বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪০ পি.এম
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় সরকার ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয় করবে। এই জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কেনার জন্য মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এই সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে উক্ত প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনার পরিকল্পনা রয়েছে।
এজন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকরা দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবী অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩) রয়েছেন। বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া নিয়মিত মামলায় সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার শান্ত মিয়া (২২) আটক করা হয়েছে। মাদকসেবী মামলায় সুকুরদী এলাকার মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার মো. মারুফ হাসান (২২), মো. রুবেল (৩৮), আষারিয়ারচরের মো. আবু হানিফ (২৪), ইসলামপুরের মো. রাব্বি (২১), সেনপাড়ার ভাড়াটিয়া মো. শিমুল (২১, স্থায়ী ঠিকানা- পূর্বধলা, নেত্রকোণা), দৈলেরবাগের মো. রিফাত (১৯), হাবিবপুরের মো. মেহেদী হাসান (২২), টানপাড়ার মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগের আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিম পাড়ার মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী আমিনপুর এলাকার মো. ইমন (২৭) অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের মালিকরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পোশাকশিল্পের মালিকরা শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য শনিবার রাজধানীর উত্তরায় জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার (১১ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।" বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে যদি কোনো উন্নতি না হয়, তাহলে শনিবারের সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও পরবর্তী আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।"
এদিকে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। তিনি বলেন, "একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, মালিকপক্ষ যদি মজুরি বোর্ডের বৈঠক বর্জন করে, তাহলে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম। এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকজন কারখানার মালিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে চুরিকৃত দুটি গরুসহ ছয়জন গরুচোরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ থানার শালিয়াগাড়ি গ্রামের মো. জহুরুল ইসলাম (৪১), একই থানার মঙ্গলবাড়িয়া গ্রামের মো. ফরমান আলী (৩৮), বগুড়া জেলার শেরপুর থানার আঁশগ্রাম গ্রামের মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালী জেলার কলাপাড়ার মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কোনোকান্দা গ্রামের মো. আনাছ (২০) এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খিল্লাতাজপুর গ্রামের মো. সোহাগ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ জুন ২০২৬ রাতে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে অজ্ঞাত চোরেরা তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী তায়বুর রহমান রিপন তাড়াশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
এসআরবি-১২ এর সদস্যরা গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রামস্থ মো. আজাদ শেখের বাড়ি এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার নূরনবীর বসতবাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের এক যুবলীগ নেতা, যিনি কার্যক্রম নিষিদ্ধ, দেশীয় অস্ত্রসহ আটক হয়ে পুলিশে সোপর্দ হয়েছেন যুবদলের নেতাকর্মীদের দ্বারা।
বুধবার (১১ নভেম্বর) রাতের দিকে নগরীর দত্তবাড়ি এলাকায় একটি গ্যারেজের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক কাউসার (৩৫) বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় স্থানীয় যুবদল ও পুলিশের উপস্থিতিতে গ্যারেজের ভেতর থেকে অস্ত্রসহ কাউসারকে আটক করা হয়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, "গভীর রাতে একটি গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে আমরা দেখতে পাই, কেক কাটার আয়োজন করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাকে হাতে-নাতে আটক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা বগুড়ার মাটিতে বরদাশত করা হবে না।"
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, "কাউসার নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই গ্যারেজ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ