ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস খুঁজছে বাংলাদেশ ব্যাংক


বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস খুঁজছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং রিজার্ভের অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন উৎস অনুসন্ধান করছে। প্রবাসীদের আয় এবং রপ্তানি আয় দেশে আনার প্রক্রিয়াকে সহজতর করার পাশাপাশি ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশি, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার ও অন্যান্য সেবা খাতের পেশাজীবীদের আয় দেশে আনার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব উদ্যোগের উদ্দেশ্য হলো বৈদেশিক মুদ্রার নতুন উৎস তৈরি করা, ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বৃদ্ধি করা এবং রিজার্ভের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো।

এছাড়া, সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে জানান, বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং দেশের রিজার্ভ পরিস্থিতি শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, "দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা রপ্তানি খাতের আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।"

এ লক্ষ্যে, গত জুলাইয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য অনলাইন পেশাগত সেবায় যুক্ত ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল সেবার বিপরীতে অর্থ গ্রহণ করে সংশ্লিষ্ট সেবাদাতাদের হিসাবে সমপরিমাণ স্থানীয় মুদ্রা জমা দিতে পারবে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধার আওতায় আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগও রয়েছে।

এ কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের ফলে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকরা তাদের বিদেশি আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এতে ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ আরও কার্যকর করতে ইআরকিউ সুবিধা সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয়ের নির্ধারিত অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখতে পারবেন। এর ফলে অনুমোদিত বৈদেশিক ব্যয় মেটাতে তাদের স্থানীয় বাজার থেকে নতুন করে ডলার কেনার প্রয়োজন কমে আসবে।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা (পিএফসি) এবং অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থ দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় হিসেবে রাখার সুযোগ বেড়েছে। এতে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হবে এবং প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশের ব্যাংকিং ব্যবস্থায় রাখতে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

তবে পিএফসি, এনএফসিডি কিংবা রপ্তানিকারকদের রিটেনশন হিসাবে রাখা বৈদেশিক মুদ্রা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি রিজার্ভের অংশ নয়। এসব হিসাব ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা বাড়াতে এবং আনুষ্ঠানিক প্রবাহকে শক্তিশালী করতে সহায়তা করে। তবে প্রকৃত রিজার্ভ বৃদ্ধি দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে পরিচালিত রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে থাকা দায়মুক্ত অর্থের বিপরীতে বৈদেশিক মুদ্রা ও টাকার মধ্যে সোয়াপ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রপ্তানিকারকেরা তাদের বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে ভাঙানো ছাড়াই স্থানীয় মুদ্রায় অর্থ পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং বৈদেশিক মুদ্রাবাজারের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব উদ্যোগের ফলে বাজারে তারল্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শুধু বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি নয়, দেশের রিজার্ভ সুরক্ষায় বৈদেশিক মুদ্রার বহির্গমন ব্যবস্থাপনাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন

গত আগস্টে আমদানি লেনদেনসংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি লেনদেনের তথ্য অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সরকারি আমদানি ছাড়া ৩ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট লেনদেনের তথ্য জমা দিতে হবে।

এ ব্যবস্থার মাধ্যমে আমদানি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অনিয়ম এবং অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

একই সঙ্গে রেমিট্যান্স, রপ্তানি আয়, আমদানি ব্যয়সহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন লেনদেন পর্যবেক্ষণে ডিজিটাল নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসতে বিলম্ব হচ্ছে কি না, বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় প্রত্যাবাসিত হচ্ছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন: ইয়াবাসহ হাতেনাতে আটক হলেন বাকৃবির কৃষিবিদ মাহমুদুল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস হচ্ছে প্রবাসী আয়, রপ্তানি আয় এবং অন্যান্য বৈদেশিক প্রাপ্তি। এসব উৎস থেকে ধারাবাহিকভাবে আয় বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধে সতর্ক ব্যবস্থাপনা রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

এ কারণে বৈদেশিক মুদ্রার উৎস বহুমুখীকরণ, আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, সেবা রপ্তানিতে সহায়তা এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে নজরদারি জোরদারের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধির একটি টেকসই ভিত্তি গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ টেকসই করতে প্রতিযোগিতামূলক বিনিময় হার বজায় রাখা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ডলারের দামের ব্যবধান কমানো এবং প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করা জরুরি। একই সঙ্গে রপ্তানি আয় যথাসময়ে দেশে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, মধ্য ও দীর্ঘ মেয়াদে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ভিত্তি তৈরি করতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

তিনি মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস আরও বিস্তৃত হবে এবং রিজার্ভের ভিত্তিও টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৬ ডিসেম্বর

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আগামী বছরের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের পর অনুষ্ঠিত হবে।

এই তথ্যটি বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব আরও জানান, এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন বাছাইয়ের প্রক্রিয়া ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপিলের জন্য সময়সীমা ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বৃদ্ধি পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


মজুরি বৃদ্ধি পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ: মাহ্দী আমিন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এটি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

আজ বুধবার দুপুরে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করেন।

তিনি মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষকে ধন্যবাদ জানান, যারা নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছেন।

উপদেষ্টা বলেন, ‘শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

তিনি আরও জানান, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশের মধ্যে। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম এবং বোনাসও পাবেন। এর ফলে, মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে তাদের মোট আয় আরও বাড়বে।

মাহ্দী আমিন বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি “মেড ইন বাংলাদেশ” আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।’

তিনি উল্লেখ করেন, ‘এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।’

তিনি আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

নতুন মজুরি কাঠামোর বিবরণ তুলে ধরে মাহদী আমিন জানান, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

তিনি বলেন, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

মাহ্দী আমিন আরও বলেন, গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

উপদেষ্টা বলেন, ‘আমরা বিশ্বাস করি শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তাঁর ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন। বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।’

মাহ্দী আমিন আরও বলেন, ‘শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’

শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন মাহ্দী আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সবজির দাম কমলেও অন্যান্য পণ্যের দাম চড়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শেরপুরে সবজির দাম কমলেও অন্যান্য পণ্যের দাম চড়া

শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে শেরপুরের বিভিন্ন হাটবাজারে কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে, সাধারণ ক্রেতাদের মধ্যে এই পরিবর্তন স্বস্তি আনতে পারছে না। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও চড়া রয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে, সংসারের ব্যয় মেটাতে অনেকেই তাদের কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।

বুধবার (২৫ নভেম্বর) শেরপুরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে। আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল নামের একজন ক্রেতা দৈনিক ইনকিলাবকে জানান, “কয়েকটি সবজির দাম কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ ও মাংসের দাম কমেনি। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। আয় তো বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক বাজারও করা কঠিন। প্রয়োজনীয় অনেক পণ্য বাদ দিয়েই কোনোমতে বাজার শেষ করতে হচ্ছে।”

বুধবার ঝিনাইগাতী উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে। পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলু এখনও ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের মধ্যে লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, “শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনও বেশি। আমরা গারো পাহাড়ের পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করি। পাইকারি বাজারে যে দামে কিনতে হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খুচরা বাজারে বিক্রি করতে হয়।”

সংশ্লিষ্ট ক্রেতাদের মতে, বাজারে কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক ব্যয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। কারণ, একটি পরিবারের বাজার শুধু সবজির ওপর নির্ভরশীল নয়। চাল, ডাল, তেল, মাছ, মাংস ও ডিমসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মিলিয়েই সংসারের ব্যয় নির্ধারিত হয়।

সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও সাধারণ মানুষের সংসারে স্বস্তি ফেরেনি। বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে খাবারের তালিকা ও কেনাকাটায় কাটছাঁট করেই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি মন্তব্য করেছেন যে, সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। তিনি উল্লেখ করেছেন যে, কোথাও যদি সন্ত্রাসী কার্যকলাপ বা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকসহ সব ধরনের অপরাধ বন্ধে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, এ বিষয়ে তিনি জোর দিয়েছেন। সরকারের সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। কৃষকদের যাতে সার ও বীজ পেতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরে এডিপির অর্থায়নে দুঃস্থ ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ এবং ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, কৃষি অফিসার জোহরা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%