০১:৩১ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রংপুরে পাঠানো প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল আত্মসাতের ঘটনায় ট্রাকচালককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে।
শনিবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৩ টন ওজনের ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরে অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল রংপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এসব তেলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন উধাও হয়ে যান।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় প্রতারণার মামলা করেন।
মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে সোনারগাঁ থানার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎ হওয়া অধিকাংশ সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি মালামাল উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন