প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একদিন দেশটির প্রধানমন্ত্রী হবেন— এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন এক জ্যোতিষী। তবে এই ভবিষ্যদ্বাণীটি তিনি সোনিয়া গান্ধীর কাছে করেননি, বরং সোনিয়ার তাড়া খেয়ে বাড়ি থেকে পালানোর সময়। সেই মজার ঘটনাটি পরে ইতিহাসের সঙ্গে যেন মিলে যায়।
নিজের স্মৃতিকথা বিলংগিং-এ সোনিয়া গান্ধী এমন একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটিতে তিনি উল্লেখ করেছেন, ঘটনাটি সত্তরের দশকের শেষ দিকে দিল্লিতে গান্ধী পরিবারের বাসভবন ১২ উইলিংডন ক্রিসেন্টে ঘটেছিল।
সেই সময় ইন্দিরা গান্ধী ক্ষমতা হারানোর পর পরিবারের সদস্যদের নিয়ে ওই চার কক্ষের বাড়িতে উঠেছিলেন। বাড়িটি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাওয়া। পরিবারের কাছে জায়গাটি পরিচিত ছিল ‘বারা নম্বর’ নামে।
সোনিয়ার বর্ণনা অনুযায়ী, একদিন সাদা পোশাক পরা এক স্থূলকায় ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়েন। তার হাতে ছিল কাগজে আঁকা একটি হাতের ছাপ। সেটি দেখিয়ে তিনি ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করেন।
কিন্তু সোনিয়া জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন না। ওই ব্যক্তিকে চলে যেতে বললেও তিনি নাছোড়বান্দা ছিলেন। একপর্যায়ে বিরক্ত হয়ে তাকে তাড়া করেন সোনিয়া। পালানোর সময় লোকটি চিৎকার করে বলেন, ‘না, না, সঞ্জয় নয়— আপনার স্বামী রাজীব একদিন প্রধানমন্ত্রী হবেন।’
ঘটনার সময় রাজীব গান্ধী ছিলেন একজন বাণিজ্যিক বিমানের পাইলট। রাজনীতিতে তার কোনো আগ্রহ ছিল না। অন্যদিকে, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তখন তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীকেই মনে করা হতো।
সোনিয়া জানান, পরে রাজীবকে হাসতে হাসতে বাড়ির ভেতরে আসতে দেখেন তিনি। জ্যোতিষী তার হাতের ছাপও নিয়েছিলেন। রাজীব বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু ঘটনাটি সোনিয়াকে বিচলিত করে তোলে। নিজের ঘরে গিয়ে শান্ত হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন তিনি।
এর কয়েক বছর পর ১৯৮০ সালের জুনে বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী। ১৯৮৪ সালের অক্টোবরে আততায়ীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সোনিয়া লিখেছেন, তার কান্নাভেজা অনুরোধ সত্ত্বেও রাজীব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। তখন রাজীব তাকে বলেছিলেন, ‘ওরা এমনিতেও আমাকে মেরে ফেলবে।’
স্মৃতিকথায় আরেকটি ঘটনাকেও অশুভ সংকেত হিসেবে মনে হওয়ার কথা লিখেছেন সোনিয়া। ১৯৮৫ সালের আগস্টে রাজীবের ৪১তম জন্মদিনে রাতের খাবারের সময় খবর আসে, পাঞ্জাবের শিখ নেতা হরচাঁদ সিং লঙ্গোয়াল গুলিতে নিহত হয়েছেন। সোনিয়ার মনে হয়েছিল, জন্মদিনের দিন এমন মৃত্যু কোনো অশুভ বার্তা কি না।
১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়া ১০ জনপথের বাসভবনে ওঠেন। বর্তমানে সোনিয়া সেখানেই থাকেন। বাড়িটি অশুভ— এমন ধারণা থেকে রাজীবের কয়েকজন সহকর্মী তাকে সেখানে না ওঠার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজীব ও সোনিয়া এসব কুসংস্কার বলে উড়িয়ে দেন। এর ১৫ মাস পর ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন