০২:৫৪ পি.এম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত একক একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এই সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি হুমকি তৈরি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আজ তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চল এবং এখানকার সব দেশের নিরাপত্তার বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বেড়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাঘাই আরও উল্লেখ করেন, ‘এই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে আঞ্চলিক দেশগুলো নিজেদের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, এটাই স্বাভাবিক।’
এর আগে তিনি হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয় নিয়েও মন্তব্য করেছেন। ইরানের এই কর্মকর্তা জানান, ইরান এবং ওমানের মধ্যে কোন মতবিরোধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি।
তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুট নিয়ে সমঝোতা প্রয়োজন। তবে শুধুমাত্র এ ধরনের সমঝোতা প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়।
বাঘাই দাবি করেছেন, গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলেই এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গত ৭ থেকে ৮ দিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে ওমানের সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনায় কিছু অগ্রগতিও হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
সূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন